ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের আক্রান্ত দুই চোখে শিগগিরই অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের ফলে রুমানার সামান্য দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে চোখের ক্ষত সারাতে পৃথকভাবে দুই চোখে অস্ত্রোপচার করা হয়েছিল।
কানাডার ভ্যানকুভার হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে রুমানার নিকটাত্মীয় রাশেদ মকসুদ এ তথ্য জানান।
রাশেদ মকসুদ জানান, সর্বশেষ শুক্রবার সকালে (কানাডায় বৃহস্পতিবার) বাম চোখে অস্ত্রোপচার করা করা হয়েছে। তবে তার চোখের ব্যথা এখনো কমেনি। ব্যথা সেরে যাওয়ার পর রেটিনা সংক্রান্ত একটি অস্ত্রোপচার হবে। ওই অস্ত্রপচারের পর নিশ্চিত হওয়া যাবে রুমানা দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি-না।
রুমানার চিকিত্সকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রুমানা দৃষ্টিশক্তি ফিরে পেলেও তা খুবই সামান্য। তখন হয়তো রুমানা ঝাপসা দেখতে পারবেন।
গত ৫ জুলাই উন্নত চিকিৎসার জন্য রুমানাকে কানাডা নেওয়া হয়। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক এবং শিক্ষার্থীরা রুমানার চিকিৎসার ব্যবস্থা করেন। রুমানার আত্মীয় রাশেদ মকসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ইন্সুরেন্সের আওতায় রুমানাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

