আমরা শুনেছি হাতির হাঁটে
গনেশ পাথর বাঁধে
আমরা শুনেছি আযানের মাঠে
কাতর মানুষ কাঁদে
কেউতো জানে না কিছু হাওয়ার ওপাশে
কে আছে ঝিরিঝির আপন সর্বনাশে
তোমাদের নদ এইখানে নেমে
নদী প্রিয় হয়ে যায়
তোমাদের নারী আমাদের প্রেমে
ছায়া ছায়া বিছানায়
বালি খুঁড়ে জল আসে খাড়ির ইতিহাস
কীভাবে ত্বকে তার মেঘাতুর কাশ
বন্ধু ভুলো না বাসনার তীরে
এগারোটা ছবিঘর
বন্ধু তোমরা মানুষের ভিড়ে
নিজেকে করেছো পর
চোখের কাজলে বিলীন দেখো চোখের নিধান
বুকের কোরকে সাজিয়ে রেখো ডাহুকের প্রাণ
যে গেছে একাকী সাধুর দোকানে
শাদাপাতাটির খোঁজে
সেইতো সুদূর গোপনের মানে
গভীরে নিয়েছে গুঁজে
নিঝুম রোয়াকে শোয়া অথৈ জোয়ার
কে নদী থেমে আছে বন্ধ দুয়ার
কাহার পায়ের তীরে পুড়ে পুড়ে
নতমুখি গান
আমার শ্রবণ ঘুরে ঘুরে
কেটে চলে অভিমান
আমার বাগানে ছিলো মিশকালো রাত
সে এসে আলো করে রেখেছিলো হাত
------------------------------------------------
রচনাকাল: ১০-১২-০৯.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

