কত আগের কথা আপনি মনে করতে পারেন ? কেমন হয় সেই স্মৃতিগুলো ? খুব সাধারন ঘটনা ? নাকি ভয়, আঘাত, দুর্ঘটনা এইসব ? ভেবেছেন কখনো ? আজকে ভেবে দেখেন ।
অনেকগুলো ঘটনা। কোনটা আগের আর কোনটা পরের সেটা বুঝতে পারছি না।কোন কোনটা মনে হচ্ছে কখনো ঘটে নাই, স্বপ্নে দেখেছি।ঘটনা আর কল্পনার মাঝামাঝি।
আমি আম্মু আর আব্বু এক বাসায় বেড়াতে গেলাম কোন এক সন্ধ্যার । কি নাস্তা দিয়েছিল মনে নাই। একটা পিরিচে সস ছিল। টকটকে লাল।প্রথম দফায় খাওয়ার পরে আঙ্গুল দিয়ে খেলাম।তারপরেও লাল লাল চিকন চিকন লাইন দেখা যাচ্ছিল।আঙ্গুল দিয়ে সেগুলো তুলে আনা যাচ্ছিলো না।আমি দুই হাতে পিরিচটা নিলাম। তারপর জিহ্বা দিয়ে চাটতে লাগলাম। বড়রা এতক্ষন আমার দিকে খেয়াল করে নাই। কে যেন একজন দেখে বলল আরো সস নিয়ে আসতে। আমার আব্বু আর আম্মুর তো লজ্জায় মাথা কাটা যাওয়া অবস্থা। আমার হাত থেকে আম্মু ঠাস করে পিরিচটা কেড়ে নিল। খুব সাধারন ঘটনা। কিন্তু মনে আছে।
আরেক দিন। টিভিতে ম্যাকগাইভার চলছে। ম্যাকগাইভার সাহেব ভীষণ বিপদে। আমি একটা বেতের চেয়ারে বসে দেখছিলাম।ভয়ে উঠে দাড়ালাম। তারপর আস্তে আস্তে বেতের চেয়ারের পিছনে গিয়ে লুকালাম।কিন্তু হায় ! বেতের চেয়ারে তো অনেক ফাঁকা জায়গা। ওইটা দিয়ে ম্যাকগাইভারের শত্রুরা আমাকে খুঁজতে লাগলো। আমিও আরো জড়সড় হয়ে ফাঁকা জায়গা গুলোকে ফাঁকি দিতে চাইলাম। হঠাৎ খেয়াল করলাম বাসার সবাই ম্যাকগাইভার বাদ দিয়ে আমাকে দেখছে। ওই পাশে ম্যাকগাইভার চলছে আর এই পাশে যেন মিঃ বিন !! সবার কি হাসি !! ছোট ঘটনা । কিন্তু মনে আছে।
বড় ভাইরা রাস্তায় ব্যাডমিন্টন খেলত কাঠের ব্যাট দিয়ে। আর আমি প্লাস্টিকের ব্যাট নিয়ে মাঝখান দিয়ে দৌড় দিতাম । একদিন বড়ভাইদের কর্ক দেয়ালের অন্যপাশে গিয়ে পড়ল। ভাইয়েরা বড়ভাই হলেও এত বড় দেয়াল তারা টপকাইতে পারেনাই। আমি ছোটভাই তখন দেয়ালের ফুটা দিয়ে ঢুকে গেলাম অন্যপাশে। কর্ক টা উদ্ধার করে জাতীয় বীরে পরিনিত হলাম। দুই মিনিট পরে সবাই ঘটনা ভুলে গেলেও বিশ বছর পরে আমি ভুলতে পারলাম না ।
এই সবগুলো ঘটনা ঘটার সময় আমার বয়স ছিল তিন থেকে সাড়ে তিনের মাঝে। তখন আমরা টঙ্গীর চেরাগআলিতে থাকতাম। এর ভেতরের কোন একটাই সবচে পুরানো। এগুলা মাঝে মাঝে মনে করি। একটু ঝালাই দিয়ে রাখি। আর একটা কথা মনে হল। ছোট বাচ্চাদের অনেক ছোট মনে হলেও তারা অনেক কিছু বুঝে, অনেক কিছু তাদের মনে থেকে যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


