সিলেট অফিস: সিলেট রয়্যালসের একের পর এক পরাজয়ে ক্ষোভ দেখা দিয়েছে সিলেটের ক্রীড়ামোদীদের মধ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশ নেয়া ‘সিলেট রয়্যালস’-এর ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ সিলেটবাসী আন্দোলনে নেমেছে। গতকাল রাজনীতি মতাদর্শ ভুলে নিজ অঞ্চলের সুনাম রক্ষার্থে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে পাশাপাশি দাঁড়ান সিলেটের আওয়ামী লীগ, বিএনপি’র নেতারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের নাম-সুনাম রয়েছে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগে ‘সিলেট রয়্যালস’ নামের দলটির পারফরমেন্স এ অঞ্চলের সুনামে আঘাত হানছে। এটা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা অভিযোগ করেন, যারা সিলেটের ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখছে তাদের চরম অবজ্ঞা করছে সিলেট রয়্যালস কর্তৃপক্ষ। সিলেট রয়্যালস দলের মালিকপক্ষ ওয়ালটন গ্রুপের মনোযোগ নিয়েও সন্দেহ প্রকাশ করেন নাখোশ বক্তারা। এদিন মানববন্ধনে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতির কমিটির প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী, সাবেক সাংসদ ও ডিএসএ’র সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন সেলিম, প্রাক্তন সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সাধারণ সম্পাদক আবদুল হালিম সুনু মিয়া, যুগ্ম সম্পাদক মুফতি আবদুল খাবির, কোষাধ্যক্ষ মিরাজ জাকির, সদস্য সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, নাছির আহমদ খান, মঞ্জুর আহমদ চৌধুরী, সুদেব শর্মা, সালমা বাসিত, ক্রিকেট সংগঠনক আলী ওয়াসিকুজ্জামান অনি, আখতারুজ্জামান মান্না, ফুটবল সংগঠক মাসুক আহমদ প্রমুখ।
সিলেট রয়্যালসের মিডিয়া ম্যানেজার যা বললেন
সিলেট রয়্যালসের মিডিয়া ম্যানেজার আশরাফ পিংকু জানান, দলে ক্রিকেট বোদ্ধা না থাকলে এমনই হয়। দলের এমন লজ্জাজনক পারফরমেন্সে সিলেটের মানুষ দুঃখ পাওয়ারই কথা। তিনি দল গঠনে ভুল হয়েছে স্বীকার করে জানান, এ নিয়ে কর্তৃপক্ষ দফায় দফায় মিটিংও করছেন। আগামীতে ভাল পারফরমেন্স করতে হলে দলের অনেক কিছুই ‘পরিবর্তন’ জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সৌজন্যে ঃ সুত্র ঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

