এই মুখোশটা আপনারা সবাই-ই দেখেছেন। হয়তো কোন মুভিতে বা কোন নিউজ চ্যানেলে, অথবা প্রতিদিনের খবরের কাগজের বিদেশের খবরের পাতায়। না বাংলাদেশ বা ইন্ডিয়াতে অতটা প্রচলন হয়নি এখনো এই মুখোশটার। কিন্তু এই মুখোশ ব্যবহার করছেন নানা প্রতিবাদী গ্রুপ, অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনকারীরা যেমন করেছেন তেমনি সদ্য জনপ্রিয়তা পাওয়া সাইন্টোলজির বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদকারীরা এই মুখোশ পরেছেন। সাদা বর্ণের মুখোশ, অদ্ভুত এক হাসি আর এই হাসির জন্যই কুঁতকুঁতে চোখ। সরু গোঁফ দুদিকের গাল পর্যন্ত পৌঁছেছে। গালে লালচে আভা। আর চিবুকে স্টাইলাইজড অল্প দাড়ি। এই মুখোশের নাম Guy Fawkes বা গাই ফকেস মাস্ক। তো কে এই গাই ফকেস? কীভাবে এলো এই মাস্ক? প্রতিবাদের সাথেই বা এর সম্পর্ক কী?
গাই ফকেস আর গান পাউডার প্লট
গাই ফকেস ওরফে গুইডো ফকেস (১৫৭০-১৬০৬), ১৬০৫ সালের ৫ নভেম্বরের গান পাউডার প্লটের অন্যতম কুশীলব।
গাই ফকেস
এদের নেতা ছিলেন রবার্ট ক্যাটেসবি। গান পাউডারের সাহায্যে সেদিন হাউজ অফ লর্ডস উড়িয়ে দেবার প্ল্যান ছিল ক্যাটেসবির দলবলের। এরা ছিলেন উগ্র ক্যাথলিক। সেদিনের ঘটনায় প্রাণ যেতো প্রটেস্ট্যান্ট কিং প্রথম জেমসের।
কিন্তু পরিকল্পনা সফল হয় না, ক্যাটেসবি তার বারোজন চক্রান্তকারী সমেত ধরা পড়েন। গাই ফকেস এর আগে মিলিটারিতে কাজ করেছেন, তাই তার তত্ত্বাবধানেই রাখা হয়েছিল বিস্ফোরক।
১৬০৬ সালে এদের অধিকাংশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
৫ নভেম্বরকে ব্রিটেনে নানাভাবে ডাকা হয়, কেঊ বলে গাই ফকেস ডে বা গাই ফকেস নাইট, কেউবা স্মরণ করে প্লট নাইট বলে।
গাই ফকেস: পপ কালচার এবং মুভিতে
ভি ফর ভেনডেট্টা (V for Vendetta, Vendetta ইটালিয়ান শব্দ, অর্থ প্রতিশোধ) একটি ১০ খণ্ডের কমিক বুক যার মূল চরিত্র একজন রহস্যময় বিপ্লবী, যে কিনা নিজেকে 'ভি' বলে পরিচয় দেয়। এই কমিক বুক সিরিজের লেখক অ্যালান মুর এবং মূল চিত্রশিল্পী ডেভিড লয়েড। ১৯৮০-১৯৯০ এই সময়কাল হোল ঐ কমিক বুকের গল্পের বিস্তার। একটা পরমানু যুদ্ধের শেষে অস্থির ব্রিটেনে শাসন করছে এক ফ্যাসিস্ট পার্টি। চারদিকে অরাজকতা এবং হতাশা। 'ভি'-কে লড়তে হয় শাসকদের বিরুদ্ধে, জনগণের মনে আশা জাগিয়ে তুলে তাদেরকে নিজেদেরকে শাসনের যোগ্য করে তুলতে হয়।
'ভি' ব্যবহার করে এক গাই ফকেস মুখোশ - সেই সাদা, গোঁফওলা মুখোশ।গাই ফকেস তো আর মুখোশ পরতেন না। আসলে এটা ডেভিড লয়েড, 'ভি'-এর মুখে তিনি ঐ মুখোশ পরিয়েছিলেন। যেহেতু 'ভি' কাজ করছে সরকারের বিরুদ্ধে, তাই একই ধরনের কাজ একদা করতে চাওয়া গান পাউডার প্লটের নায়ক ফকেসের সাথে 'ভি'-র একটা সাযুজ্যতা দেখান ইলাস্ট্রেটর লয়েড। গাই ফকেসের চেহারাতে সেই কিম্ভূত হাসি বসান তিনি।
ভি ফর ভেনডেট্টা-র পোস্টার
গাই ফকেস মাস্ক আরও পরিচিতি পায় যখন এই কমিক সিরিজের ওপর ২০০৫ সালে একই নামের একটি মুভি মুক্তি পায়। ঐ মুভিতে মূল চরিত্রে অভিনয় করেন নাটালি পোর্টম্যান।
প্রতিবাদে গাই ফকেস মাস্ক
যেখানেই সরকারী কোন সিদ্ধান্তের প্রতিবাদ করতে হচ্ছে, পশ্চিমা প্রতিবাদকারীরা গাই ফকেস মাস্কের সাহায্য নিচ্ছেন।
অকুপাই ওয়াল স্ট্রিট
আমাদের দেশের হ্যাকাররাও দেখা যাচ্ছে ইন্ডিয়ান ওয়েব সাইট হ্যাক করে গাই ফকেস মাস্ক বসিয়ে দিচ্ছেন। 'ব্ল্যাক হ্যাট হ্যাকারস' নামক একটি বাংলাদেশী হ্যাকার গ্রুপ গাই ফকেস মাস্ক পরা একজনের মাধ্যমে ইন্ডিয়ান সরকারকে তাদের ওয়েবসাইট হ্যাক করার কারন জানাচ্ছে ইউটিউবে! হ্যাকাররা অনুপ্রাণিত হয়েছেন বোধহয় কু(?)খ্যাত হ্যাকার গ্রুপ 'অ্যানোনিমাস' দ্বারা। এর সভ্যরা গাই ফকেস মাস্ক ব্যবহার করে।
তাদের প্রতি শুভকামনা থাকলো। ইন্ডিয়ার সাধারণ জনগণ জানুক, কেন সাধারণ বাংলাদেশীরা ক্রমশ ইন্ডিয়া-বিদ্বেষী হয়ে উঠছে।
রাজশাহী
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১২ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


