ক্যাভালিয়ার নামটা দেখে স্বাভাবিকভাবেই যে কেউ ধরে নিতে পারেন যে, রাজা প্রথম চার্লসের অনুসারীরা ক্রিকেটের কৌলীন্য রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। নইলে কৃকেটে ক্যাভালিয়ার শব্দটি যুক্ত হবার সুযোগ কোথায়? অথবা এটাও বলা যেতে পারে, কৃকেটে রাউন্ডহ্যান্ড শব্দটি অন্তর্ভুক্ত যেহেতু হয়নি সেহেতু ক্রমওয়েলের অনুসারীরা কৃকেট বিরোধী ছিলেন। কথাটাকে ঘুরিয়ে এভাবে বলা যায়, গণতন্ত্র হচ্ছে কৃকেটের জাতশত্রু। বুঝতেই পারছি, ইতিহাসের এ অশ্রুতপূর্ব ব্যাখ্যায় আপনি নিশ্চয়ই বেজায় নাখোশ হয়ে চোখ কপালে তুলেছেন। আসলে ইংরেজ জাতটার মতো ইংরেজি ভাষারও তাল ঠিক নেই। অভিধান খুলুন। দেখবেন ক্যাভালিয়ার শব্দটি প্রাচীন প্রয়োগ হিসেবে বিশেষ্য। কিন্তু হালে শব্দটি বিশেষণ হিসেবে ঐকান্তিকতাহীন, তাৎক্ষণিক’, অশালীন, দাম্ভিক, উদ্ধতকে নির্দেশ করে। সঙ্গত কারণে ক্যাভালিয়ার আজ সোয়াশ বাকলিং (দাম্ভিক বা মাস্তান) ব্যাটসম্যানকে ইঙ্গিত করেÑ যিনি একাধারে ডাইনামিক এবং স্টাইলিশ।
মাঝে মাঝে মনে হয় পাকিস্তানি পিঞ্চহিটার শহীদ আফ্রিদির জন্য রাজা প্রথম চার্লসের অনুসারীরা ক্যাভালিয়ার শব্দটির জন্ম দিয়েছিলেন। রাজা চার্লস বেচে থাকলে এ ব্যাপারে তত্ত্ব-তালাশ করা যেতো!
ক্যাভালিয়ার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞান নাকি একটু ভোঁতা! কাউ শট উপভোগ করতে চাইলে তাদের ইনিংস দেখুন। হয় ছক্কা নতুবা ডলি ক্যাচই তাদের মূল মন্ত্র। ডেলিভারিকে ‘কলাগাছ’ ধরে হাতের উইলোকে নাঙ্গা তলোয়ার ভেবে তারা যখন-তখন ব্যাট চালান।
পাঠান যুবক (আফ্রিদিও পাঠান) বাজারের মাঝখানে দাড়িয়ে আপন মনে ছড়ি ঘুরাচ্ছে। এক পথচারী জিজ্ঞেস করলেন, হে ইয়ার, তুমি ছড়ি ঘোরানো দিয়ে কি বোঝাচ্ছ? উদ্ধত পাঠান যুবকের তৈরি জবাব : আমি স্বাধীন দেশের নাগরিক। ছড়ি ঘোরানো আমার স্বাধীনতার এখতিয়ার। পথচারী বললেন, ঠিকই বলেছ ইয়ার, তবে তোমার ছড়ি ঘোরানোর স্বাধীনতা আমার নাকের ডগা পর্যন্ত। নাকে লাগলে খবর আছে। ঠিক তেমনি ক্যাভালিয়ার ব্যাটসম্যানদের স্বাধীনতা ছক্কা বা বাউন্ডারি পর্যন্ত। ডলি ক্যাচ উঠলেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন।
শেষ কথা : স্পন্সর, বিজ্ঞাপনদাতা, বোর্ড, বুকমেকার, ভক্ত আর রাষ্ট্র থেকে ক্রিকেটাররা বর্তমানে যেভাবে কামাচ্ছেন, তাতে তাদের পক্ষে ক্যাভালিয়ার বনে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ পৃথিবীর ভূগোলের একটি মাপকাঠি থাকলেও টাকা মানব মনে এমন একটা পরিবর্তন এনে দেয়। যার কোনো সীমা-পরিসীমা নেই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


