কাদা রাস্তা
তানজান আর ইকিদো একদিন এক কাদা রাম্তা ধরে হাঁটছিলেন। তখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এক বাঁকের মুখে এসে তারা ঝালরওয়ালা রেশমী কিমোনো পরা এক কমনীয় মেয়েকে দেখতে পেল। মেয়েটি কাদাভর্তি মোড়টি পার হতে পারছিল না।
তানজান বললেন, ‘এই যে, এদিকে আসেন।’ মেয়েটি এগিয়ে এলে মেয়েটিকে কোলে তুলে নিয়ে তানজান কাদাপানি পার করে তাকে নামিয়ে দিলেন।
সেদিন রাতে মন্দিরে না পৌঁছা পর্যন্ত ইকিদো আর কোন কথাই বললেন না। এরপর নিজেকে আর সামলে রাখতে না পেরে বললেন, ‘আমরা ভিক্ষুরা মেয়েদের কাছে যাই না। যুবতী সুন্দরী হলে তো কথাই নেই। এমন করা তো বিপজ্জনক। আপনি অমন করলেন কেন?
‘আমি মেয়েটাকে ওখানেই নামিয়ে রেখে এসেছি,’ তানজান বললেন, ‘আপনি কি এখনো তাকে বয়ে চলছেন?’
চাঁদ তো চুরি করা যায় না
জেন গুরু রিওকান পাহাড়ের তলায় এক ছোট কুঁড়েয় একেবারে সাদাসিধে জীবন যাপন করতেন। এক সন্ধ্যেয় এক চোর তাঁর কুঁড়েয় ঢুকে বুঝল যে সেখানে চুরি করার মত কিছুই নেই।
রিওকান সেসময়ই ঘরে ফিরছিলেন এবং চোর ধরে ফেললেন। তিনি চোরকে বললেন, ‘আপনি হয়ত অনেক পথ পার হয়ে আমার ঘরে এসেছেন। আপনার খালি হাতে ফেরা উচিত নয়। আমার এই পোশাক আপনি উপহার নিন।’
চোর তো হতবাক। কাপড় নিয়ে সে সরে পড়ল।
রিওকান ধ্যানে বসলেন। নগ্ন। চাঁদের দিকে তাকিয়ে ভাবলেন, ‘আহা, সুন্দর চাঁদটা যদি তাকে দিতে পারতাম!’
প্রকৃত বন্ধু
বহু কাল আগে চীন দেশে দু’বন্ধু ছিল। একজন খুব ভাল বীণা বাজাতে পারত; আরেকজন ছিল এক সমঝদার শ্রোতা । বীণাবাদক বন্ধু পাহাড় প্রসঙ্গে সুর তুললে অন্যজন বলত, ‘আমাদের সামনে পাহাড়টা দেখতে পাচ্ছি!’
আবার পানি বিষয়ে সুর ধরলে অন্য বন্ধু বলত, ‘এইতো কলকল করে পানির ধারা এগোচ্ছে!’
শ্রোতা বন্ধুর হঠাৎ অসুখ হলো এবং সে মারা গেল। বাজিয়ে বন্ধু বীণার তার ছিঁড়ে ফেলল। এরপর সে আর কখনো বীণা বাজায়নি।
তখন থেকে তার-ছেঁড়া বীণা গভীর বন্ধুত্বের প্রতীক।
সবক’টি পর্বের লিংক:
আর কোন জেন গল্প নয়: Click This Link
জেন গল্প ১০-১২: Click This Link
জেন গল্প ৭-৯: Click This Link
জেন গল্প ৪-৬: Click This Link
জেন গল্প ১-৩: Click This Link
দ্রষ্টব্য: এসব গল্পই ইন্টারনেট হতে সংগ্রহ করা হয়েছে এবং বাংলায় অনুবাদ করা হয়েছে। অনূদিত ৯৯টির মধ্যে ১০টি গল্প দৈনিক ইত্তেফাক এর ‘সাহিত্য সাময়িকী’ ও দৈনিক সমকাল এর ‘কালের খেয়া’-তে প্রকাশিত হয়েছে। সবশেষ কিস্তিতে ভূমিকাটি উপস্থাপনের আশা রাখছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১১ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


