কিছুদিন থেকে ভারতীয় দুর্বৃত্তরা বি, এস, এফ, এর প্রত্যক্ষ সহায়তায় জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে হাওর অঞ্চল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। বি, ডি, আর, ও বি, এস, এফ, এর মধ্যে গোলাগুলি হওয়ায় সীমান্তে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তের ঐ এলাকার আশে পাশের গ্রাম থেকে মানুষ পালিয়ে যাচ্ছে এবং সেখানে জনদুর্ভোগ চরমে পৌছেছে।
আমরা সারা বছরই অল্পদিনের ব্যবধানে সীমান্তে বি, এস, এফ, কর্তৃক বাংলাদেশী হত্যার খবর পাই। বি, এস, এফ, বা সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশীদের আদৌ মানুষ বলে মনে করে কিনা সে সন্দেহ বার বার মনে উঁকি দেয়। অথচ বি, ডি, আর, কখনো অকারণে ভারতীয় নাগরিক হত্যা করেছে বলে কেউ কি শুনেছেন? বাংলাদেশের সীমান্ত এলাকার বেশির ভাগ মানুষ গরিব ও অসহায়। তাদের উপর বি, এস, এফ, এর এই বর্বরতার অবসান হবে কবে?
আমদের দেশের সাধারণ মানুষদের বিনা কারণে যখন তখন বি, এস, এফ, হত্যা করছে। অপরদিকে আমাদের দেশে ভারতীয় দুর্বৃত্তরা বি, এস, এফ, এর সহায়তায় ঢুকে পড়ে ইচ্ছেমত মাছ শিকার করে নিয়ে গেলো কিন্তু আমদের বি, ডি, আর, নির্বিকার। তারা নাকি ফাঁকা গুলি ছোড়েছে!! আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশবাসী আশা করেছিলো সীমান্ত সমস্যার একটা সমাধান হবে, কিন্তু সমস্যাটির ব্যাপারে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ এখনো চোখে পড়ে নি।
শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ভারত একই আচরণ করে চলছে পার্শ্ববর্তী সকল দেশের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। বাংলাদেশের সাথে ভারতের নদী সংযোগ প্রকল্প, সীমান্ত সমস্যা সহ যত সমস্যা আছে তার সবই ভারতের তৈরী, একটাও বাংলাদেশের তৈরী নয়। এখন ভারতের বিরূপ আচরণের কারণে বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী জনমত গড়ে উঠছে তাতে বাংলাদেশ যে অদূর ভবিষ্যতে ভারতের প্রবল মাথা ব্যথার কারণ হয়ে দাড়াবে তা বলাই বাহুল্য। এছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভারতের মৈত্রী বলে মনে করে। তাই ভারতের সাথে এসব সমস্যার আশু সমাধান না হলে ভারত বিরোধিতাকে পুঁজি করে ভবিষ্যতে জামাতি অপশক্তি আবার ক্ষমতায় চেপে বসবে তা বোঝতে মহাজ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না।
বাংলাদেশকে সমস্যায় ফেলে, বাংলাদেশের প্রতি উদাসীনতা দেখিয়ে ভারতের সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন মাঠে মারা যাবে – সে উপলব্ধি ভারতের কি আদৌ হবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

