প্রচণ্ড গতিময় সময়ের আয়োজনে
নাস্তানাবুদ, সাবুদ হয়ে তেতে থাকি
এবং জমানো সকল ক্ষিপ্ততা ছুড়ে মারি
প্রেম ও ভালোবাসার দিকে- ওরাই যেন দায়ী।
ব্যবসাপণ্য হয়ে বাঁচা ভালো! তাই নাকি?
ভালোই তো জমেছে খেলার নেশা
আমি সে খেলার পাশা, বড়ে নাকি গুটি
আমরা কি খেলিনি কোনোদিন, নাকি খেলবো না কোনোদিনও?
সে যাই হোক- বেঁচে তো আছি
আর আছি আমৃত্যু অমৃত সন্ধানে- চতুর্দিকে রাখি চোখ
সন্ধানে সন্ধানে উঠে আসে মাথাব্যাথা, অস্থিরতা
উঠে আসে সবুজ দুজোড়া চোখ- নীলতৃষ্ণায়...
বেঁচে থেকে অস্থিরতা ভালো! বিষ ভালো!
অস্থিরতায় অস্থিরতায় আমি তেতে উঠি
তাড়িয়ে বেড়াই ভালোবাসা, প্রেমের বাসা-
আরো বেশি নাস্তানাবুদ হওয়ার জন্য?
বোধ হয় তাই- সন্দেহে আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

