প্রকাশ্যেই দৃষ্টির নোঙর ফেলি গম্বুজসম দুই পাহাড়ের ফাঁকে
সেখানে কি মাছ খলবল করে, নাকি স্বপ্ন
দ্বিধান্বিত চিন্তার কারুকাজে আমি জাল আঁকি
আর আমি এমনকি আমাকেও গড়িয়ে ফেলি ঢালে।
ঢাল বেয়ে গড়াতে গড়াতে সেই নোঙর ছিঁড়ে যায়
আর ছুটে আসে, দৌড়ে আসে, পড়তে থাকে আমার উপর
আমিও পড়ি
যেন পড়তেই আছি আজন্ম- তীর্যকভাবে নিচে।
যেনবা পড়তে পড়তেই শিল্পকে চিহ্নিত করি আমি
আর আমি শিল্পীকে কেটেছেটে, ছিঁড়েফেড়ে বাতিল বানিয়ে ছাড়ি
খারিজ করি আকাঙ্ক্ষার নামাঙ্কন।
গলার পারদ শুধু উপরের দিকে উঠে যায়...
তখন আর প্রকাশ্য থাকি না
গোপন আমাকে ঢাকতে আমি চিৎকার জুড়ে দিই
সম্মিলিত সজোর দাবিকে দাবিয়ে রাখি গলার জোরে
তবু বলো, কাঁহাতক পারা যায়?
দ্বিধান্বিত আমি।
আমি কি সামনে এগোবো- নাকি পেছনের দিকে!
কোনদিকে সামনে হয়? যেইদিক ফিরি সেইদিক দেখি সামনে
আর আমি দুখণ্ড সামনাসামনি এক আয়নার ঘরে বন্দি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

