সুধাংশু - আমার অন্ধবেলার বন্ধু
জন্মান্ধ হয়ে যখন আমি বেড়ে উঠছিলাম
তখন থেকেই উপলব্ধি করতাম তাকে
প্রতিদিন আমার হাত ধরে বেড়াতে বের হতো।
প্রতিদিন এসেই সুধাংশু আমার কপাল চুম্বন করে বলতো
'তুই কত সুন্দর বন্ধু!
আমি যদি মরে যাই তোর আগে
তবে আমার চোখদুটো তোকে দেবো'
বলতো আর মন থেকেই দুঃখ করতো এই জন্মান্ধের জন্য।
সুধাংশুকে মৃত্যু আমার আগে স্পর্শ করেছিলো।
শুনেছি হঠাত্ করেই মরেছিলো; ডাক্তাররা কোনো হেতু খুঁজে পায় নি
আর আমিও চোখ মেলে দেখতে পাই নি ওকে।
এখন আমি সুধাংশুর চোখ মেলে পৃথিবীকে দেখি
দেখি- প্রকৃতির অন্তরালের অন্তর্দ্বন্দ্ব
কালফনা নাগিনীর বিষের তীব্রতা।
অথচ সুধাংশু আমায় বলেছিলো
পৃথিবীটা বড় সুন্দর
জায়গাটা বেশ ভালো- ঠিক যেন তোর মতো।
সুধাংশু খুব কবিতা পছন্দ করতো
প্রায়ই আবৃত্তি করে শোনাতো আমাকে
আমি অভিভূত হয়ে যেতাম।
আজ সুধাংশু নেই
আজ আর কেউ আমাকে কবিতা শোনায় না
কেউ চুমু খেয়ে বলে না
তুই কত সুন্দর বন্ধু! আর পৃথিবীটা ঠিক যেন তোর মতো।
আজ সত্যিই সুধাংশু নেই! তবু তার চোখ আছে।
আমি এখন পৃথিবীকে দেখি, জানা-অজানা আর অবক্ষয়কে দেখি
সুধাংশুর চোখ দিয়ে
জানি না সুধাংশুর মতো করে দেখতে পারি কিনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

