কৃতী শ্যুটার আসিফ হোসেন খানসহ পাঁচজনকে প্রহার ও হত্যা চেষ্টার মামলায় ঢাকা মহানগর পুলিশের উত্তর জোনের তৎকালীন উপ-কমিশনার ওবায়দুর রহমান খান, গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম খানসহ পাঁচ পুলিশ সদস্যকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সোমবার তাদের বিরুদ্ধে সমন জারি করে আগামী বছরের ৪ ফেব্র"য়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
২০০৬ সালে দায়ের করা ওই মামলার বাকি আসামিরা হলেন- গাড়ি চালক হাবিলদার আব্দুল খালেক, উপ-পরিদর্শক জসীম উদ্দিন ও উপ-পরিদর্শক ফইসাল জামান।
২০০৬ সালের ২ অক্টোবর গুলশানে জাতীয় শ্যুটিং ফেডারেশন ভবনের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জের ধরে অভিযুক্ত পুলিশ সদস্যরা কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শ্যুটার আসিফ হোসেন খান, আলী হোসেন শিপু, জাহাঙ্গীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস এবং কোচ শোয়েবুজ্জামানের ওপর চড়াও হয়ে তাদের প্রহার করেন।
শুটিং ফেডারেশনের পক্ষ থেকে গুলশান থানায় মামলা করতে গেলে ফেডারেশনের কর্মকর্তা এ এফ শাহাবউদ্দিনকে ফিরিয়ে দেওয়া হয়। পরে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। আদালত এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।
তদন্ত শেষে গত ২৪ সেপ্টেম্বর মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক মামলাটি আমলে নেন। তিনি আগামি বছর ৪ ফেব্র"য়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য করেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত সোমবার সমন জারি করে আসামিদের ঠিকানায় পাঠিয়ে দেয়।
সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. আলম বিডি নিউজকে বলেন, "ঐদিন অভিযুক্তদেরকে আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে এবং মামলাটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২১৫৩ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

