নিউ দিল্লি মেটালো-১ নামে এক নতুন ধরনের সুপারবাগ তথা ব্যাক্টেরিয়া সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা । তারা ব্রিটেনসহ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ব্যাক্টে-রিয়ার সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন। সুপারবাগ আসলে এমন এক ব্যাক্টেরিয়া, যার বিরুদ্ধে কোনো এন্টিবায়োটিকই কাজ করে না। নতুন সন্ধান পাওয়া এই সুপারবাগ দ্রুতগতিতে বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। ব্রিটেনের দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেইলসহ আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন মিডিয়ায় বিষয়টি ফলাও করে প্রকাশ করা হয়েছে।
চিকিত্সা বিজ্ঞানীরা বলছেন, সুপারবাগটির ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ এই ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে এমন কোনো প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি।
ব্রিটেনের চিকিত্সা বিষয়ক ম্যাগাজিন লোসেট এবং টেলিগ্রাফে বেশ কয়েকজন বিজ্ঞানী সুপারবাগ সম্পর্কে লিখেছেন। তারা বলেছেন, মারাত্মক এই সুপারবাগ ব্রিটেনেও ছড়িয়ে পড়েছে। সেখানে সুপারবাগ আক্রান্ত ৩৭ জন রোগী শনাক্ত করা হয়েছে। রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে তারা বলেছেন, বিদেশে চিকিত্সা করেছেন কিংবা কোনো অপারেশন করিয়েছেন এমন রোগীর শরীরেই এ সুপারবাগ পাওয়া গেছে। বিশেষজ্ঞ টিমের সদস্যরা ব্রিটেন ছাড়াও ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ জীবাণুর সন্ধান পেয়েছেন। ই-কোলি ব্যাক্টেরিয়ার সঙ্গে যুক্ত এই সুপারবাগ প্রাথমিক অবস্থায় প্রস্রাবের রাস্তা অথবা শ্বাসনালীতে ক্ষত সৃষ্টি করে।
ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই সুপারবাগ ক্রমান্বয়ে অন্যান্য গুরুতর ব্যাধির জীবাণুর সঙ্গে যুক্ত হবে, ফলে ওই রোগগুলোতেও কোনো এন্টিবায়োটিক কাজ করবে না। কার্বাপেনেম গ্রুপের এন্টিবায়োটিকও এই সুপারবাগের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে। এ গ্রুপের এন্টিবায়োটিক তখনই ব্যবহার করা হয় যখন সাধারণ এন্টিবায়োটিকে কাজ হয় না।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এ পর্যন্ত দুই ধরনের এন্টিবায়োটিক এই সুপারবাগের বিরুদ্ধে কার্যক্ষম প্রমাণিত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিমোথি ব্লাশ বলেছেন, ভবিষ্যতে নতুন কোনো এন্টিবায়োটিক উদ্ভাবনের কোনো পরিকল্পনা নেই। আর নতুন এই সুপারবাগের বিরুদ্ধে কার্যক্ষম কোনো এন্টিবায়োটিক উদ্ভাবনের কাজ এখনই শুরু করা হলেও খুব শিগগিরই কোনো ফল পাওয়া যাবে না। অন্তত ১০ বছর পর আশাব্যঞ্জক কোনো কিছু পাওয়া গেলেও যেতে পারে। তবে নতুন কোনো এন্টিবায়োটিক না পাওয়া পর্যন্ত বর্তমানের এন্টিবায়োটিকগুলোই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে বলে তিনি সাবধান করে দিয়েছেন। তিনি আরও বলেন, ব্যাক্টেরিয়া নিয়ে প্রথমবারের মতো এমন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



