নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অচিন পাখি

১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

ও অচিন পাখিরে!
কোন ডালেতে বসে তুমি এমন সুরে ডাকো,
সব ডালেতে দৃষ্টি বুলাই, চোক্ষে পড়ো নাতো।
কোন বা দিকে মুখ ফিরায়ে এমন কূজন করো,
যার কানে যায় সেই হয়ে যায় বাউল মস্ত বড়!

ও রঙিন পাখিরে!
রঙ না দেখেই রঙিন ডাকি, কিই বা তোমার রঙ,
রঙ তো থাকে মনের মাঝে, দেহের মাঝে ঢঙ।
দেহ তোমার দেখলামনা, শুনলাম শুধু গান,
গানের সুরেই আঁইকা নিলাম তোমার চিত্রখান।

ও বিজন পাখিরে!
কার বিহনে তোমার সুরে এমন বিষাদ গাঁথা,
কি কামনায় কার ভাবনায় ঘোরে তোমার মাথা?
যারে তুমি ডাকতে পারো এমন ব্যাকুল সুরে,
সে কি জানে কোথায় তুমি, আছো কত দূরে?

ঢাকা
১৮ অক্টোবর ২০১৪

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: কোন ঘোষণা চাই না, মন্তব্য চাই।

২| ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চোখে না দেখেও হৃদয় দিয়ে কাউকে অনুভব করার চিরন্তন আকুলতা। এ যেন আত্মার সঙ্গে আত্মার এক নীরব সংলাপ।
সুন্দর কবিতা- ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠান্তে চমৎকার একটি সারাংশ টেনে গেলেন। এ/আই দিয়ে লিখা এক পৃৃষ্ঠার মূল্যায়নের চেয়ে আপন উপলব্ধি থেকে লিখা এ রকমের দুই লাইনের একটি মন্তব্য অনেক বেশি মূল্যবান। আপনাকে ধন্যবাদ, অল্প কিছু কথায় একটি স্ট্যান্ডার্ড মন্তব্যের দৃৃষ্টান্ত এখানে রেখে যাবার জন্য। +

৩| ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
পুরোনো গাছের ছায়ায় বসে,
খুঁজছিলাম মন আপন রসে।
ভাবলাম আজ জানব তত্ত্ব,
জগৎ ফ্যাকাশে, আত্মাই সত্য!

হঠাৎ পকেট উঠল কেঁপে,
অফারের মেসেজ দিল ছেপে—
"আজ রাতে ছাড় কুড়ি পার্সেন্ট!"
মুহূর্তে জ্ঞান হলো অ্যাবসেন্ট!

কী হবে আর ধ্যান করে ভাই?
ফেসবুকেতে বলে সবাই শান্তি যে পাই!
অর্থনীতির গভীর চাপে, চলছে পকেট ফাঁকা,
মনের ভুলে চলছে সবাই আজব শহর ঢাকা!

২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টের সাথে মন্তব্যটি অপ্রাসঙ্গিক, অবান্তর।

৪| ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন:



অচিন পাখির রূপক আর সুরের ভেতর দিয়ে মনের আকুলতা, বিরহ ও অজানাকে খোঁজার অনুভূতি দারুণভাবে ফুটে উঠেছে। বিশেষ করে, পাখির গান শুনে তার ছবি মনের মধ্যে এঁকে নেওয়ার ভাবনাটি অসাধারণ। সুন্দর কবিতাটির জন্য কবিকে ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অল্প কথায় পিন-পয়েন্ট এ মন্তব্যটির জন্য। কবিতা উপলব্ধি ও আত্মস্থ করার ব্যাপারে মন্তব্যে মুন্সীয়ানার পরিচয় মেলে।

৫| ২০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৬

জুল ভার্ন বলেছেন: অসাধারণ এক আধ্যাত্মিক উপলব্ধি! অচিন পাখিটি যেন মানুষের অন্তরের সেই পরম সত্তার প্রতীক, যাকে চোখে দেখা যায় না, অথচ হৃদয়ের গভীরে তার অস্তিত্ব অনুভব করা যায়। তার রূপ অদেখা, ঠিকানা অজানা- তবু তার সুর আত্মাকে ব্যাকুল করে তোলে। বাহ্যিক চোখে নয়, অন্তরের চোখে উপলব্ধি করাই তো আধ্যাত্মিকতার প্রকৃত সৌন্দর্য। কখনো কখনো একটি গানই হয়ে ওঠে স্রষ্টার সন্ধানে ব্যাকুল মানবাত্মার নীরব আর্তি। ❤️

২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: "বাহ্যিক চোখে নয়, অন্তরের চোখে উপলব্ধি করাই তো আধ্যাত্মিকতার প্রকৃত সৌন্দর্য" - সঠিক উপলব্ধি।
আপনার ব্যাখ্যাটাও চমৎকার হয়েছে। +

৬| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ঠিক আছে।

৭| ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

মনিরা সুলতানা বলেছেন: মনে হয় যুগ পর ব্লগে এসে কবিতা পড়লাম।
একাত্ম হলাম।

২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: এক যুগ পর ব্লগে আসলেও, আমার এ কবিতাটি আপনার শুভদৃষ্টি লাভ করেছে এবং আপনি এ কবিতাটি পড়ে একাত্ম হয়ে একটি সুন্দর মন্তব্যও রেখে গেলেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

(স্বামীর) নতুন দায়িত্বলাভের পর এত ব্যস্ততার মাঝেও যে ব্লগে আসতে পেরেছেন, এটাই তো অনেক বড় কথা।

৮| ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৫

অধীতি বলেছেন: অচিন, রঙিন, বিজন কি দারুণ অভিব্যক্তি। ছন্দাসিক কবিতা পড়িনা অনেক দিন। ধন্যবাদ আপনাকে।

২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, কবিতা পড়ে কবিতার জন্য প্রশংসা রেখে যাবার জন্য। +
আমার এ সামান্য প্রয়াস সার্থক হলো।

৯| ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৪০

শায়মা বলেছেন: ভাইয়া

এই কবিতাকে কবিতা মনে হলো না মনে হলো যেনো গান!!

খলিল ভাইয়া বা সত্যপথিক ভাইয়া পড়লেই গান বানিয়ে ফেলবে!!!!!!!


ভাইয়া আমি মনে হয় তোমাকে এবার সত্যি সত্যিই দেখেছি ফ্রাইডেতে সন্ধ্যাবেলা গোলাপী পাঞ্জাবী পরা........

২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা লেখার পর আমিও এটা পড়ে ভেবেছিলাম, এটাতে সুরারোপ করতে পারলে হয়তো একটি ভালো গান হয়ে উঠতে পারতো।
হতেও পারে, আবার নাও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.