| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায় ৫০ মিনিটের রাস্তা দূরে ডিয়ার পার্ক শহরের এক পার্ক, বেল্টন লেক স্টেট পার্ক। এক গাড়িতে ৮ জন মিলে দুপুরের পর পর পোঁছলাম ডিয়ার পার্ক শহরে। ছোট্ট সুন্দর ছিমছাম শহর। এক আরবি দোকানে আগেই অর্ডার করা ছিল কাবাব রুটি ইত্যাদি। সাথে নিয়ে আসা হয়েছিল পানি, কোক, ফলমূল আর ডিস্পোসেবল প্লেট, বাটি, চামচ, ন্যাপকিন ইত্যাদি।
খাবারগুলো তুলে নিয়ে সোজা চলে এলাম পার্কে। পার্কিং লটে ইতিমধ্যেই দেখলাম বেশ অনেক গাড়ি। পার্কিং ফী অনেকটাই সহনীয়, ৮ ডলার, যতক্ষণ না বের হবেন। একবার বেরিয়ে গেলে আবার ঢুকতে ৮ ডলার দিতে হবে।
পার্কটা বেশ বড়, সুন্দর আবহাওয়ার সুযোগে দেখলাম প্রচুর লোক বেড়াতে এসেছে, শুধুই বেড়ানো বললে ভুল হবে, প্রায় সবাইকে দেখলাম দলবলে এসেছে, সঙ্গে খাবার দাবার নিয়ে এসেছে, অর্থাৎ আমাদেরই মত পিকনিক করতেই এসেছে। চারি দিকেই গাছের নিচে কিছু দূর দূর বসার বেন্চ - টেবিল। কোথাও ছোট ছোট ৫-৭ জনের গ্রূপ, হয়তোবা এক বা দুই ফ্যামিলির লোক , আবার কোথাও ১৫-২০ জন। এক জায়গায় দেখলাম প্রায় জনা ৫০-৬০ হবে, মনে হলো কোনো এসোসিয়েশনের পিকনিক। বড়োরা বসে গল্প গুজব করছে, বাচ্চারা করছে ছুটাছুটি।
আমরাও দুটো খালি বেঞ্চ-টেবিল খুঁজে নিয়ে বসে পড়লাম। কাবাব রুটি গরম থাকতে থাকতেই খেয়ে নেয়া উত্তম, তাই আর দেরি না করে প্রথমেই খাবার পর্ব শেষ করে নিলাম। এবার বেরোলাম অদূরে লেক দেখতে। বেশ বড় লেক, লেকও পার্কেরই অংশ, পার্কের দিকে পাড়টা সুন্দর করে বাঁধানো। ওপারে নীল আকাশে হেলান দিয়ে আছে ঘন সবুজ বন ! বেশ সুন্দর টলমলে পানি, হাঁসেরা ভেসে বেড়াচ্ছে। কিছু লোককে দেখলাম বোট নিয়ে লেকে ঘুরাঘুরি করছে।
একপাশে দেখলাম একটা মাঠ, একদল লোক মনে হলো কোনো খেলাধুলার আয়োজন করেছে, পাশে ছোট ছোট তাবু, ভিন্ন ভিন্ন রঙের। আছে ছোট বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড, দোলনা, স্লিপ !
বেলা গড়িয়ে বিকেলের তাপহীন রোদ ধীরে ধীরে পরিবেশটাকে করে তুলেছিল আরো মনোমুগ্ধকর ! কিন্তু ততক্ষনে ফিরার সময়ও ঘনিয়ে আসছিলো। সবকিছু গুছিয়ে নিয়ে পার্ক থেকে যখন বেরিয়ে এলাম তখন বেলা প্রায় সাড়ে ৫ টা। মনে হলো ব্যাস্ত সময়ের ভিতর একটা ছুটির দিন বেশ কাটলো!

২|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৮
নাহল তরকারি বলেছেন: লেখাটি পড়ে মনে হলো আমিও যেন আপনাদের সঙ্গে সেই সুন্দর বিকেলটায় বেল্টন লেক স্টেট পার্কে ঘুরে বেড়ালাম। ব্যস্ত নিউইয়র্কের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে পরিবার-বন্ধুদের সঙ্গে এমন একটি দিন সত্যিই অনেক আনন্দের। লেকের টলমলে পানি, নীল আকাশ, সবুজ বন, বাচ্চাদের ছুটাছুটি আর সবাই মিলে পিকনিক—সব মিলিয়ে দারুণ একটি সময়।
ব্যস্ত জীবনে এমন ছোট ছোট আনন্দের মুহূর্তই হয়তো আমাদের সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখে। সুন্দর স্মৃতিময় একটি দিনকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনার লেখার মাধ্যমে আমরাও যেন কিছুটা সময়ের জন্য সেই পার্কের বেঞ্চে বসে লেকের দিকে তাকিয়ে ছিলাম। আশা করি এমন আনন্দময় ভ্রমণের গল্প আরও পড়তে পাব।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: বেশ, বেশ! + +
আপনার সপরিবারে চমৎকার একটি ছুটির দিন উপভোগ করার বৃত্তান্ত পড়ে খুবই ভালো লাগলো। ছবিগুলো দেখে আমার ইউএসএ, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পার্কে ও লেইকে বেড়ানোর স্মৃতি মনে পড়ে গেল।
দেশে আসলে অবশ্যই একটু যোগাযোগ করবেন।