নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

দুই পৃথিবী

১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি। ঢাকাকে কেন্দ্র করেই যেন বাংলাদেশের পুরো পরিকল্পনা সাজানো হয়। অথচ ঢাকায় বসবাস করা তরুণ-তরুণীরা যে পরিমাণ সুযোগ-সুবিধা ও গুরুত্ব পায়, বাংলাদেশের অন্য বিভাগ বা জেলার তরুণ-তরুণীরা সেই গুরুত্ব পায় না।

ঢাকায় বসবাস করেন দেশের অনেক বড় বড় মানুষ। তাঁদের অনেকেরই জন্ম বা আদি নিবাস ঢাকায় নয়। তাঁরা ঢাকায় এসে পরিচিতি পেয়েছেন, নাম-যশ অর্জন করেছেন, আধুনিক জীবনযাত্রার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। কিন্তু দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বড় অংশ ঢাকাকেন্দ্রিক রয়ে গেছে। পয়লা বৈশাখ, বইমেলা, বাণিজ্যমেলা থেকে শুরু করে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, সবকিছুতেই ঢাকার আধিপত্য।

ছোটবেলায় ডিসেম্বর মাসে চট্টগ্রামে মেলায় যেতাম। তখন চট্টগ্রামের মেলা বলতে মূলত বিজয় মেলাকেই বুঝতাম। ঢাকায় আসার পর দেখলাম কত রকমের মেলা হয়। ফলের মেলা, বাণিজ্যমেলা, বইমেলা, আরও কত আয়োজন! এখন অবশ্য ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। কিন্তু বড় আয়োজন, বড় শিল্পী, বড় সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুর কেন্দ্র এখনো ঢাকা।

শিল্পীদের ক্ষেত্রেও একই চিত্র। বিভিন্ন জেলার স্কুল-কলেজে শিল্পীরা গান গাইতে যান। কিন্তু ঢাকায় তাঁরা যে ধরনের সুযোগ-সুবিধা, পরিচিতি ও সম্মান পান, ঢাকার বাইরে সেই সুযোগ পান না। অথচ বাংলাদেশের সংস্কৃতি শুধু ঢাকার মানুষের সংস্কৃতি নয়। গ্রামবাংলার মানুষেরও নিজস্ব সংস্কৃতি, গান, সাহিত্য ও বিনোদনের জগৎ রয়েছে।

সম্প্রতি ৭ নভেম্বর সরকারি ছুটির দিনে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সরকার বিশাল কনসার্টের আয়োজন করে। Concert for Solidarity নামের এই আয়োজন বেশ জমজমাট হয়েছিল। আমার খুব প্রিয় শিল্পী জেমস সেখানে গান করেছেন। জেমসের একটি বিখ্যাত দেশাত্মবোধক গান আছে, 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি।' গানটির একটি অংশে বঙ্গবন্ধু ও শহীদ জিয়াউর রহমান দুজনের কথাই এসেছে।

'তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
'

আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় গানটি গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। কারণ গানটির একটি অংশে শহীদ জিয়াউর রহমানের কথা বলা হয়েছে। আওয়ামী লীগের কাছে জিয়াউর রহমান গ্রহণযোগ্য নন, আবার বিএনপির অনেক নেতাকর্মীর কাছে শেখ মুজিবুর রহমান গ্রহণযোগ্য নন। অথচ একটি দেশাত্মবোধক গানের মধ্যে দুজনের কথা থাকতেই পারে। একজন কে স্বীকার করতে গিয়ে অন্যজনকে মুছে ফেলতে হবে কেন?

এবারের কনসার্টে জেমস গানটি পরিবেশন করেছেন। পরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, তাঁরা জেমসকে গানটি গাইতে বাধা দেননি। কারণ শেখ মুজিবেরও দেশের জন্য অবদান রয়েছে বলে তাঁরা মনে করেন। বিষয়টি আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সভাপতি যদি এমন পরিণত আচরণ করতে পারেন, তাহলে সরকারের অন্য পর্যায়ের মানুষদের মধ্যেও এমন মানসিকতা দেখতে চাই। গানের মধ্যে আবার রাজনীতি টেনে এনে একজনকে বাদ দেওয়ার প্রয়োজন কী?

তবে সংস্কৃতি মন্ত্রণালয় যদি শুধু ঢাকায় এমন কনসার্টের আয়োজন না করে জেলা শহরগুলোতেও আয়োজন করত, তাহলে আরও বেশি মানুষ ৭ই নভেম্বরের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারত। ঢাকায় বড় কনসার্ট হলো, হাজার হাজার মানুষ গান শুনল, কিন্তু দেশের অন্য প্রান্তের মানুষ কী পেল ? বাংলাদেশের সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দিতে হলে ঢাকার বাইরেও সমান গুরুত্ব দিতে হবে।

কনসার্টের একদিন পর সংবাদমাধ্যমে দেখলাম, হবিগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ জেলা প্রশাসনকে গ্রাম্য গানবাজনা ও বাউল গানের আসরের অনুমতি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁদের এলাকার মানুষ এসব গ্রাম্য গানবাজনা পছন্দ করেন না। পুরো জেলায় সম্ভব না হলেও অন্তত তাঁর নির্বাচনী এলাকায়, যেখানে প্রায় চার লাখ পঁচিশ হাজার ভোটার তাঁকে নির্বাচিত করেছেন, সেখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন না হয়।

তিনি ওরস, গ্রাম্য গান, বাউল গান, বাণিজ্যমেলা ও শিল্পমেলার আড়ালে অশ্লীলতা, জুয়া এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কার কথাও বলেছেন। পরে অবশ্য তিনি ব্যাখ্যা দিয়েছেন, সব ধরনের গানবাজনা বন্ধ করা তাঁর উদ্দেশ্য নয়, বরং উচ্ছৃঙ্খলতা বন্ধ করতে চান।


আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। কোনো অনুষ্ঠানে জুয়া, মাদক, মারামারি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড হলে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু এসব অপরাধের সঙ্গে বাউল গান বা গ্রাম্য লোকসংগীতকে এক করে দেখার সুযোগ কোথায়? কোনো একটি অনুষ্ঠানে অপরাধ হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার মানে এই নয় যে পুরো একটি সাংস্কৃতিক আয়োজন বন্ধ করে দিতে হবে।

ঢাকায় আমরা একই শহরে ওয়াজ মাহফিল হতে দেখছি, কনসার্ট হতে দেখছি, রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান হতে দেখছি, আধুনিক গানের অনুষ্ঠানও হচ্ছে। যার যেটা ভালো লাগে, সে সেখানে অংশগ্রহণ করছে। কেউ ওয়াজ মাহফিলে যাচ্ছে, কেউ বাউল গান শুনছে, কেউ জেমসের কনসার্টে যাচ্ছে। কারও পছন্দের সঙ্গে অন্যের পছন্দের সংঘাত তৈরি করার প্রয়োজন নেই। অথচ হবিগঞ্জে ওয়াজ মাহফিলের মৌসুমে গ্রাম্য গানবাজনা ও বাউল গানের আয়োজন বন্ধ করার অনুরোধ করা হচ্ছে। তাহলে বাউলশিল্পীরা কোথায় যাবেন ?

ওয়াজের বক্তারা হয়তো লাখ লাখ টাকা আয় করেন। তাঁদের মাহফিলের আয়োজন হয়, প্রচার হয়, শ্রোতা হয়। কিন্তু প্রান্তিক বাউলশিল্পীদের জীবিকা কীভাবে চলবে ? তাঁরা গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। সমাজে তাঁদের খুব বেশি মূল্যায়ন করা হয় না। তাঁদের গান শোনার জন্য মানুষকে আমন্ত্রণ জানানো হয় না, তাঁদের নিয়ে নিয়মিত প্রতিযোগিতা বা বড় আয়োজনও চোখে পড়ে না। বরং লোকসংগীতের অনুষ্ঠান হলে সেখানে প্রতিষ্ঠিত শিল্পীদের ডেকে আনা হয়। তাঁরা জনপ্রিয় বাউল গান পরিবেশন করেন, দর্শক হাততালি দেয়। কিন্তু যে অখ্যাত বাউলশিল্পী মাঠে-প্রান্তরে ঘুরে এসব গান গেয়ে বেড়ান, তাঁর জন্য আমরা কী করছি?

এই পেশা কি গ্রহণ করা পাপ ? বাউল গান গেয়ে জীবিকা নির্বাহ করা কি অপরাধ? একজন ওয়াজের বক্তা যদি ধর্মীয় আলোচনা করে জীবিকা নির্বাহ করতে পারেন, তাহলে একজন বাউলশিল্পী কেন গান গেয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন না? ধর্মীয় আয়োজনের স্বাধীনতা থাকবে, অথচ লোকসংগীতের আয়োজনের স্বাধীনতা থাকবে না, এমন বৈষম্য কেন?

সুনামগঞ্জের মতো জায়গায় শাহ আবদুল করিমের জন্ম। এই অঞ্চলের মাটিতে বাউল গান, লোকসংগীত ও ভাটিয়ালি গানের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেখানে বাউল মেলা হতে পারে, নতুন বাউলশিল্পী খুঁজে বের করার প্রতিযোগিতা হতে পারে, গ্রাম থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। কিন্তু আমরা এমন উদ্যোগ কতটা দেখি? শাহ আবদুল করিমের গান আমরা শহরের বড় বড় মঞ্চে শুনি, কিন্তু তাঁর মতো নতুন শিল্পী তৈরি করার জন্য কী করছি ?

এখানে প্রতিষ্ঠিত বাউলশিল্পী ও অন্যান্য জনপ্রিয় শিল্পীদেরও দায়িত্ব রয়েছে। তাঁরা নিজেরা বড় হয়েছেন, পরিচিতি পেয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় গান গাওয়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু তাঁদের মতো করে আরও নতুন শিল্পী উঠে আসার পথ তৈরি করতে তাঁদের কতটা উদ্যোগ দেখা যায়? শুধু নিজেরা গান গাইলেই তো লোকসংগীত বেঁচে থাকবে না। লোকসংগীতের শিকড় যেসব গ্রামে, যেসব মানুষের মধ্যে, তাঁদেরও বাঁচিয়ে রাখতে হবে।

আওয়ামী লীগকে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার দল হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু গত দশ বছরে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বড় অংশের মধ্যে জয় বাংলা কনসার্টের মতো কিছু আয়োজনই বেশি চোখে পড়েছে। সেগুলোরও বেশির ভাগ ছিল ঢাকাকেন্দ্রিক। গ্রামবাংলার লোকসংগীত, পালাগান, যাত্রাপালা, বাউল গান কিংবা স্থানীয় শিল্পীদের নিয়ে দেশব্যাপী বড় কোনো সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ খুব একটা চোখে পড়েনি। ক্ষমতায় থাকা আর সংস্কৃতির বিকাশ ঘটানো এক বিষয় নয়।

আমি সর্বশেষ হুমায়ূন আহমেদকে দেখেছিলাম বাউলশিল্পীদের সুযোগ দিতে। তিনি বাংলাদেশের গ্রামবাংলার সংস্কৃতিকে নিজের কাজের মধ্যে তুলে ধরেছেন। বিখ্যাত বাউলশিল্পী কুদ্দুস বয়াতিকে নিজের সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়েছেন। তাঁর কণ্ঠ ও গানকে মানুষের সামনে নিয়ে এসেছেন। হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর এমন উদ্যোগ খুব একটা চোখে পড়েনি। এখন বড় বড় করপোরেট আয়োজন হয়, জনপ্রিয় শিল্পীরা বিখ্যাত বাউল গান পরিবেশন করেন। কিন্তু যাঁরা মাঠে-প্রান্তরে ঘুরে এসব গান তৈরি ও সংরক্ষণ করে রেখেছেন, তাঁদের জীবনমান উন্নয়নে কী হচ্ছে?

Coke Studio Bangla অবশ্য বাংলাদেশের গ্রামবাংলার গান নিয়ে কিছু কাজ করছে। পুরোনো গান নতুনভাবে মানুষের সামনে আসছে। কিন্তু শুধু জনপ্রিয় কিছু গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করলেই প্রান্তিক বাউলশিল্পীদের উপকার হয় না। তাঁদেরও সুযোগ দিতে হবে, তাঁদের গান রেকর্ড করতে হবে, তাঁদের পরিচিতি তৈরি করতে হবে, তাঁদের জন্য নিয়মিত মঞ্চের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের পালাগান, লোকগান, ময়মনসিংহ গীতিকা নিয়ে কত কাজ হয়েছে, কত বই সংকলিত হয়েছে। কিন্তু সাধারণ মানুষ এসব গান ও সাহিত্য কতটা শুনতে পায়? শুধু বই প্রকাশ করে বা গবেষণাপত্র লিখে সংস্কৃতি বাঁচিয়ে রাখা যায় না। মানুষের সামনে তুলে ধরতে হয়। সংস্কৃতি মন্ত্রণালয়, বিটিভি, বেতার, প্রতিষ্ঠিত শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যমের এখানে বড় ভূমিকা রয়েছে। কিন্তু সবাই যেন নিজের নিজের জায়গায় ব্যস্ত। দেশের সংস্কৃতির বিকাশের চেয়ে নিজেদের আখের গোছানোর প্রবণতাই বেশি চোখে পড়ে।

বাংলাদেশের গান, সিনেমা, নাটক কোনোটির অবস্থাই খুব ভালো নয়। একসময় ফরিদা পারভীনের মতো শিল্পী আমাদের ছিলেন, যাঁকে লোকসংগীতের ফোক কুইন বলা হতো। তাঁর কণ্ঠের যে অসাধারণ টান, যে গভীরতা, সেটাকে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি? বিটিভির সুবাদে আমি তাঁর গান শুনতাম। কিন্তু তাঁর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কতটা কাজ করেছি? একজন শিল্পী জীবিত থাকতে তাঁকে যথাযথ মূল্যায়ন করতে পারি না, মৃত্যুর পর তাঁকে নিয়ে স্মৃতিচারণ করি।

আমরা অনেক দিন ধরেই নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমার মায়ের খুব ইচ্ছা ছিল বড় আপাকে গান শেখাবেন। আজ থেকে প্রায় বিশ বছর আগে তিন হাজার টাকা দিয়ে একটি হারমোনিয়াম কেনা হয়েছিল। আপাকে গান শেখানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু পড়াশোনার পাশাপাশি গানচর্চা ধরে রাখা সম্ভব হয়নি।

আমাদের বাসায় যখন রবীন্দ্রসংগীত গাওয়া হতো, 'আয় তবে সহচরী, হাতেহাত ধরি ধরি', তখন পাশের বাসায় আমার বড় মামার বাড়িতে সিডি প্লেয়ারে হিন্দি গান চলত। বড় মামা বাদে মামী ও তাঁর ছেলেমেয়েরা জামায়াতে ইসলামীর সমর্থক ছিলেন। তাঁরা ভারতকে পছন্দ করতেন না, কিন্তু হিন্দি গান শুনতেন। বাংলা গান তাঁদের শুনতে দেখতাম না । আমার মনে হতো, হিন্দি গানের মধ্যে তাঁরা হয়তো উর্দু গানের একটা অনুভূতি খুঁজে পেতেন। তাঁরা শুনতেন আদনান সামির গান, আর আমরা শুনতাম জেমস, ফোক সং ও রবীন্দ্রসংগীত।

আমরা কুদ্দুস বয়াতির অভিনয় ও বাউল গান বেশ উপভোগ করতাম। কিন্তু ঢাকায় এসে দেখলাম, আমার চাচাতো বোনেরা কুদ্দুস বয়াতিকে দেখতে পারে না। তাঁদের কাছে তিনি একজন অশিক্ষিত, গ্রাম্য ও খেত মানুষ। ঠিকমতো উচ্চারণ করতে পারেন না, এটাই ছিল তাঁদের আপত্তি।

তাঁদের একবার জবাব দেওয়ার সুযোগ পেয়েছিলাম হুমায়ূন আহমেদের 'ঘেটুপুত্র কমলা' সিনেমার মাধ্যমে। সেখানে কুদ্দুস বয়াতি 'আমার যমুনার জল দেখতে কালো' গানটি করেছিলেন। আমার চাচাতো বোনেরাও আবার হুমায়ূন আহমেদকে পছন্দ করতেন। তখন তাঁদের বলেছিলাম যাঁকে তোমরা অশিক্ষিত, গ্রাম্য ও খেত বলে অবজ্ঞা করছ, সেই মানুষটির প্রতিভা একজন বিখ্যাত নির্মাতা ঠিকই চিনতে পেরেছেন।

বাংলাদেশের সংস্কৃতি রক্ষা করতে হলে শুধু ঢাকায় বড় বড় কনসার্ট করলেই হবে না। জেলা শহর ও গ্রামগুলোতেও সাংস্কৃতিক আয়োজন করতে হবে। নতুন বাউলশিল্পী খুঁজে বের করতে হবে। তাঁদের গান রেকর্ড করতে হবে, নিয়মিত অনুষ্ঠান করতে হবে, তাঁদের জীবিকার ব্যবস্থা করতে হবে। ওয়াজ মাহফিল হবে, কনসার্ট হবে, বাউল গান হবে, রবীন্দ্রসংগীত হবে। যার যেটা ভালো লাগে, সে সেটি শুনবে। অন্যের সাংস্কৃতিক পছন্দের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে সংস্কৃতি রক্ষা করা যায় না।

ঢাকায় বসে একটি বড় কনসার্ট উপভোগ করা সহজ। কিন্তু সেই কনসার্টের বাইরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একজন বাউলশিল্পী গান গাওয়ার সুযোগ পাচ্ছেন কি না, তাঁর গান শুনতে মানুষ আসছে কি না, তাঁর পরিবার কীভাবে চলছে, সেসব নিয়ে ভাবার মানুষ খুব কম।

বাংলাদেশের সংস্কৃতি শুধু জনপ্রিয় শিল্পীদের মঞ্চে গাওয়া গান নয়। বাংলাদেশের সংস্কৃতি সেই অখ্যাত বাউলশিল্পীর কণ্ঠেও আছে, যিনি গ্রামের কোনো এক অনুষ্ঠানে নিজের গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। সেই মানুষটিকে বাদ দিয়ে বাউল গানকে বাঁচিয়ে রাখার কথা বলা এক ধরনের আত্মপ্রবঞ্চনা।


ফটোকার্ড এবং নিউজ ক্রেডিট : ডেলটা লেন্স এবং সিলেট নিউজ

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৬ ভোর ৫:৪৪

শ্রাবণধারা বলেছেন: ভাগ্যিস, জেমসের গানে দেশপ্রেমিক গোলাম আযমের কথা নেই! :)

দেশের গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতি - দুটোই ভালো হলেই কেবল বাউল গানগুলোর সৃষ্টি হতে পারে। আবার সেগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টি সরকার ও ঢাকা-কেন্দ্রিক শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের দায়িত্ব। কিন্তু এর মূলে রয়েছে অর্থনীতি এবং অসাম্প্রদায়িক ও মুক্ত পরিবেশ। বাংলাদেশে এখন এর কোনোটিই নেই।

২| ১০ ই নভেম্বর, ২০২৬ ভোর ৬:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:


খুবই ভাল একটি বিষয় নিয়ে লিখেছেন । এধরনের লেখালেখি আমার কাছে খুবই পছন্দনীয় । এবিষয়ের উপর মন্তব্য
লিখতে গিয়ে আমার কলম কোথায় থামবে বলতে পারছিনা । কথার পিঠে প্রাসঙ্গিক অনেক কথাই আসবে যা না লিথে
থাকতে পারবনা ।

াআমার বিবেচনায় বাউল গান কেবল বিনোদনের কোনো মাধ্যম নয়; এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস, দর্শন ও আত্মপরিচয়ের এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধর্মীয় কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সংকীর্ণতায় বিচার
করা অত্যন্ত দুঃখজনক। কারও বাউল গান ভালো না লাগতেই পারে, কেউ শুনবেন, কেউ শুনবেন না এটি ব্যক্তিগত
পছন্দের স্বাধীনতা। কিন্তু নিজের পছন্দ বা বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দিয়ে একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চার
পথ বন্ধ করে দেওয়ার অধিকার কারও থাকা উচিত নয়।

কোনো বাউল গানের আসরে অশ্লীলতা, জুয়া, মাদক কিংবা আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ঘটলে অবশ্যই প্রশাসন
ব্যবস্থা নেবে। মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে বিষয়টিতো তেমন নয় । প্রশাশনের নাকের ডগায় বসে
অপরাধীর দায় কেন একটি সম্পূর্ণ সাংস্কৃতিক ধারার ওপর চাপানো হবে? অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে, সংস্কৃতিকে
নয়। ওয়াজ মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান, আধুনিক কনসার্ট, রবীন্দ্রসংগীত কিংবা বাউল গানের আসর সবকিছুরই
আইনসম্মতভাবে আয়োজন করার অধিকার থাকা প্রয়োজন। এটার বাস্তবায়ন করা রাস্ট্রিয় প্রশাসনের দায়িত্ব।

আরেকটি বিষয় আমাদের গভীরভাবে ভাবতে হবে। আমরা শহরের বড় মঞ্চে বাউল গান শুনে হাততালি দিই,
জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগানের আধুনিক সংস্করণ উপভোগ করি; অথচ গ্রামের সেই অখ্যাত বাউল মানুষটির
খোঁজ রাখি না, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান ও দর্শনকে বাঁচিয়ে রেখেছেন। তাঁদের গান, তাঁদের জীবন
সংগ্রাম, তাঁদের জীবিকা এবং তাঁদের শিল্পীসত্তার স্বীকৃতি কোথায়? শুধু বাউল গানকে জনপ্রিয় করে তুললেই
বাউল সংস্কৃতি বেঁচে থাকবে না; বাউলদেরও বাঁচতে দিতে হবে।

বাংলাদেশের সংস্কৃতি ঢাকার কয়েকটি বড় মঞ্চে সীমাবদ্ধ নয়। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুষ্টিয়া, ময়মনসিংহসহ দেশের
প্রত্যন্ত অঞ্চলের মাটি ও মানুষের মধ্যে যে সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে আছে, সেটিই আমাদের প্রকৃত সাংস্কৃতিক সম্পদ।
শাহ আবদুল করিম, লালন সাঁই, হাসন রাজা কিংবা তাঁদের উত্তরসূরিদের গান শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না।
নতুন শিল্পী তৈরি করতে হবে, স্থানীয় পর্যায়ে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন করতে হবে, বাউলদের গান সংরক্ষণ
ও প্রচার করতে হবে এবং তাঁদের সম্মানজনক জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে।

মনে রাখতে হবে, একটি দেশের সংস্কৃতি তখনই সমৃদ্ধ হয়, যখন সেখানে ভিন্নমত, ভিন্ন বিশ্বাস ও ভিন্ন সাংস্কৃতিক চর্চার
সহাবস্থান থাকে। ধর্মীয় স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাংস্কৃতিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। একটির অধিকার প্রতিষ্ঠা
করতে গিয়ে অন্যটির অধিকার সংকুচিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা যদি সত্যিই আমাদের দেশীয় সংস্কৃতিকে ভালোবাসি, তাহলে বাউল গানকে শুধু মঞ্চের পরিবেশনা কিংবা
উৎসবের আকর্ষণ হিসেবে নয়, আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে শিখতে হবে। কারণ
বাউল সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে কেবল কিছু গান হারিয়ে যাওয়া নয়; হারিয়ে যাওয়া মানে বাংলার মাটি, মানুষের
জীবনদর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে হারিয়ে ফেলা।

সংস্কৃতি রক্ষা করার অর্থ কোনো একটি সংস্কৃতিকে অন্যটির বিরুদ্ধে দাঁড় করানো নয়; বরং সব বৈধ সাংস্কৃতিক চর্চার
বিকাশের সমান অধিকার নিশ্চিত করা। বাউল গান বন্ধ করে নয়, বাউলশিল্পীদের বাঁচিয়ে রেখেই বাউল সংস্কৃতিকে
বাঁচাতে হবে। বাংলার মাটিতে বাউলের কণ্ঠ যেন কখনো স্তব্ধ না হয় এটি শুধু বাউলদের দাবি নয়, আমাদের সামগ্রিক
সাংস্কৃতিক অস্তিত্বের প্রশ্ন।

মুল্যবান পোস্টটির জন্য ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।

৩| ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশের সংস্কৃতি শুধু ঢাকার মানুষের সংস্কৃতি নয়।
গ্রামবাংলার মানুষেরও নিজস্ব সংস্কৃতি, গান, সাহিত্য ও বিনোদনের জগৎ রয়েছে।

.............................................................................................................
বৈষম্যহীন সমাজ ব্যবস্হা গঠন করতে চাইলে, গ্রাম বাংলাসহ সকল সাংস্কৃতিক কার্যক্রম
চলমান থাকতে হবে ।কারও ব্যক্তিগত ইচ্ছা বা পসন্দ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে না ।
জনগণের সত্যিকার অধিকার ও প্রাপ্তি লাভের জন্য বাস্তবভিত্তিক গনতন্ত্র প্রতিষ্ঠা করা ।
..................................................................................................................
তবে একটি প্রাসঙ্গিক কথা থেকে যায়, যদি কোন সাংস্কৃতিক কার্যক্রম আমাদের ঘারানার
না হয়ে বিদেশী কার্যক্রমকে সহায়তা করে তা আইন করে বন্ধ করতে হবে ।

( টাইপোর কারনে পূর্বের লেখাটি মুছে দিন ।)

১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: গ্রাম বাংলার সংস্কৃতি শেষ হয়ে গেলে উগ্রবাদীদের থামানো যাবে না । ইহাকে সংরক্ষণ এবং বিকাশ লাভে সহায়তা করতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.