| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম । গত দুই দিন আগেও তাপমাত্রা আজকের থেকে ৬ ডিগ্রী কম ছিল। কনকনে ঝড়ো বাতাস সব যেন ওলোট পালোট করে দিচ্ছিল। ঝরা পাতাগুলো একবার সরে সরে মাঠের এ কোণা থেকে ওই কোণায় উড়ে যায় আবার সেখান থেকে অন্য কোনখানে। ওদের সাথেই বাতাসের খেলা। আজ ১৩ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা। নরম আবহাওয়ায় বাইরে হাঁটতে বেশ ভাল লাগছিল।
ঘরে ফিরে এসে জানালার পাশে বসতেই চোখে পড়লো জানালার কাঁচের ওপারে, ঘন আঁধারের মাঝে, সেই দিগন্ত জুড়ে, মেঘশূন্য আকাশে একটা ঝলমলে চাঁদ । আকাশের ঠিক মাঝ বরাবর সে আলো ছড়াচ্ছে।
ভাবলাম আজ কি পূর্ণিমা?
না, তা তো না।
আজ শুক্লপক্ষের ১৩ তম দিন চলছে। তাই চাঁদের ৯২% থেকে ৯৫% পর্যন্ত আলোকিত দেখাচ্ছে। আর দু’দিন পরেই পূর্ণিমা।
মনে এলো গানের ঐ লাইন দুটো – পূর্ণশশী, ওই ওই, ওই যে দিল আনি/ হেমন্তে কোন বসন্তেরই বাণী।
এই অগ্রাহায়নে চারিদিকে হেমন্তের ছোঁয়া। তাপমাত্রা একটু বাড়লেই এখানে তেমনটা মনে হয়। কিন্তু বসন্তের আগমণ এতো সহসা নয়। অপেক্ষা করছে শীতের কনকনে ঠান্ডা, আর হাঁটু অব্দি বরফের সাথে যুদ্ধ। তারপরও দু’দিন পরের পূর্ণিমার জন্য অপেক্ষা না করে এখনি ধারণ করলাম শুক্লপক্ষের প্রায় –পূর্ণিমা পর্যায়ের চাঁদখানি।
২২/১১/২০২৬
বিকাল ৫:৩৭
২|
২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি চিত্র ধারণ করেছেন। সেই সাথে সুন্দর একটি সময়ের সুন্দর কিছু অনুভূতি ও ভাবনার কাব্যিক বর্ণনা শেয়ার করেছেন। + +
৩|
২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
ক্যলেন্ডারের পাতায় ২২ নভেম্বরের পরেই অগ্রান মাসের কথামালায় একাদশি সাথে পুর্ণিমার আগমনের কথা শুনে'
আমারো মনে পড়ে যায় সেই ছেলেবেলাকার অগ্রান মাসের কথা । আজ বাংলা ক্যালেন্ডারের ১২ অগ্রহায়ণ। হেমন্তের
এই স্নিগ্ধ ঋতুতে বাংলার মাঠে মাঠে এখন পাকা ধানের সোনালি সমারোহ। কৃষকের মুখে ফুটেছে মধুর হাসি, বুকভরা
স্বস্তি আর ঘরে নতুন ফসল তোলার আনন্দ। দীর্ঘদিনের শ্রম, ঘাম আর অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকৃতি যেন তার
সোনালি উপহার সাজিয়ে দিয়েছে বাংলার কৃষকের দুয়ারে( যদিও রাতের আলো আধারিতে এখন বাংলার কিছু ঘর
বাড়ীতে দেখা যায় আগুনের লেলিহান শিখা )
কখনো কি দেখেছেন, অগ্রহায়ণের কোনো এক নিশুতি রাতে পূর্ণিমার চাঁদের রুপালি আলোয় স্নান করা পাকা
ধানক্ষেতের অপরূপ দৃশ্য? চারদিকে নিস্তব্ধ প্রকৃতি, মাথার ওপরে বিশাল আকাশজুড়ে পূর্ণিমার চাঁদ, আর
দিগন্তবিস্তৃত মাঠে বাতাসের মৃদু দোলায় ঢেউ খেলছে পাকা ধানের শীষ। মনে হয়, পৃথিবীর বুকে কেউ যেন
সোনালি চাদর বিছিয়ে দিয়েছে। চাঁদের আলোয় ধানক্ষেতের প্রতিটি শীষ হয়ে ওঠে রুপালি-সোনালি মায়ার
এক অপার্থিব ছবি।
আমি সেই দৃশ্য দেখেছি। তবে নিছক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে নয়; দেখেছি ধান কাটা চোরের হাত থেকে
সোনার ফসল রক্ষা করতে রাত জেগে, দল বেঁধে মাঠ পাহারা দেওয়ার সময়। কখনো শীতের শিশিরভেজা ঘাসে
পা রেখে, কখনো দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক শুনে, আবার কখনো নিজেদের মধ্যে চাপা স্বরে গল্প
করতে করতে কেটেছে কত দীর্ঘ নিশি।
চাঁদের আলোয় সেই সোনালি ধানক্ষেতের সৌন্দর্য যেমন চোখ জুড়াত, তেমনি বুকের ভেতর থাকত এক অদৃশ্য
শঙ্কা কখন কোন দিক থেকে কে এসে কৃষকের সারা বছরের স্বপ্নটুকু কেটে নিয়ে যায়! তাই রাতের ঘুম বিসর্জন দিয়ে,
হাতে লাঠি নিয়ে, একে অন্যের সঙ্গী হয়ে পাহারা দিতাম ফসলের মাঠ।
আজও অগ্রহায়ণ এলে সেই রাতগুলোর কথা মনে পড়ে। মনে পড়ে পূর্ণিমার চাঁদ, শিশিরভেজা মাঠ, পাকা ধানের
মিষ্টি গন্ধ, দূর গ্রামের কুকুরের ডাক আর একদল মানুষের সম্মিলিত জেগে থাকার গল্প।
আসলে অগ্রহায়ণ শুধু ধান পাকার ঋতু নয়; এ ঋতু কৃষকের স্বপ্ন পূরণের, ঘরে ঘরে নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ার,
আর আমাদের মতো অনেকের হৃদয়ে হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনের স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে তোলার ঋতু।
সময়ের স্রোতে হয়তো সেই রাতজাগা মানুষগুলো আজ ছড়িয়ে পড়েছে জীবনের নানা প্রান্তে। বদলে গেছে গ্রামের
অনেক চেনা দৃশ্য, বদলে গেছে জীবনযাপনের ধরন। যেমন সেই সুদুরে টরেন্টোতে গিয়ে বদলে গেছে আপনার
জীবন যাপনের চিত্র , এখন অগ্রানে দেখেন কন কনে ঠান্ডা বাতাসের উলট পালট দৃশ্যপট । আমার এখানে তো 'পুর্ণিমা
চাদের দৃশ্য দেখা অনেকটাই বিরল , কেননা সারা বছরই থাকে মেঘলা আকাশ, চাদের দেখা পাওয়ায় ভার, যদি কোন
দিন জানালা দিয়ে দেখা যায় চাঁদ ,ছেলে ডাক দিয়ে বলে বড় চাঁদ উঠেছে আকাশে তা জানালার ব্লাইন্ড খুলে দেখতে।
তবে অগ্রহায়ণের পূর্ণিমার চাঁদ সারা রাত জেগে থাকে দেশের আকাশে , ধানক্ষেত আজও বাতাসে দোলে, আর কোথাও
না কোথাও কোনো কৃষক আজও তার সোনার ফসল আগলে রাখতে রাত জাগে।
আহা, কী অপরূপ ছিল সেই অগ্রহায়ণ! চাঁদের আলোয় সোনালি ধানক্ষেত, শিশিরভেজা মাটির গন্ধ আর ফসল পাহারা
দিতে গিয়ে কাটানো সেইসব রাত, জীবনের ক্যালেন্ডারে হয়তো সেগুলোই ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে আপন কিছু
অধ্যায়।
শুভেচ্ছা রইল
৪|
২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.....................................................................
অগ্রহায়ণের হিমেল হাওয়ায় হেমন্তেরই মৃদু ছোঁয়া,
তবু বসন্তের সুর বাজবে না আজ—এ যে নিছকই কুয়াশা-ধোঁয়া।
সম্মুখে দাঁড়িয়ে কনকনে শীত, আর হাঁটু-সমান তুষারের রণ,
শুক্লপক্ষের প্রায়-পূর্ণিমায় তাই মগ্ন হয়ে আছে এই মন।
বরফের এই নীলিম নীরবতা আর শূন্যতার বুক চিরে,
আকাশ-প্রদীপ জ্বলেছে যেন এক অতীন্দ্রিয় আলোর নীড়ে।
দু’দিন পরের পূর্ণিমার তরে বুকে বেঁধেছি অদৃশ্য সেতু,
রুপালি চাঁদখানি ধারণ করি,যেন মহাকালের গূঢ় কোনো হেতু।
তুষার-ঝড়ের তীব্র আঘাত আসুক, মাখামাখি ধরণীর সব পথ,
আমার অন্তরে জ্যোৎস্নার স্রোতে জাগছে এক নির্বাক শপথ।
নশ্বর এই শীতের আঁধার ভেদ করে জাগে চিরন্তন চেতনা,
পূর্ণিমার ওই মায়াবী আলোয় মিশে যায় সব অজানা বেদনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা সুন্দর মুহূর্ত