নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

দেশটা কি আমার বাপের?

১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই হোক ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেন তবে তিনি ভারতীয়দের চোখে হতেন ক্রান্তিবীর, শহিদ কিংবা স্বাধীনতা সংগ্রামী (Freedom Fighters) বা বিপ্লবী। আর তারা ব্রিটিশদের চোখে হতেন দেশবিরোধী- সন্ত্রাসী।
তিনি শৈশব- কৈশোর থেকে যৌবনে পদার্পন করলেন;
আসল ৪৭ দেশ ভাগ, যেখানে আমার বাবার ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দের কোন মুল্য ছিল না । ২০০০ কিলোমিটার দুরের এক দেশের ( অন্য ভাষা সাংস্কৃতির শুধু ধর্মীয় একতার কারনে) সাথে তাদের নব্য মুসলিম দেশ হিসেবে বাধ্য করে বেঁধে দেয়া হোল। এখানে পাকিস্তান বা পূর্ব বাংলাকে ভালবাসার বাধ্যবাধকতা তার কি ছিল?
সেই সময়ে এখানকার নাগরিকদের জাতীয়তা ছিল ‘পাকিস্তানি’ (Pakistani) এবং তাদের পাসপোর্ট পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministry of Home Affairs) অধীনে ইস্যু করা হতো।
ছবি যুক্ত হল;

এরপর শুরু ক্ষমসীনদের বিরুদ্ধে সংগ্রাম পরে সেটা দেশভিত্তিক হয়ে গেল। পাকিস্তান ভাঙ্গার পেছনে যারা আত্মদান বলিদান করেছেন বা সংগ্রাম করেছেন তাদের বলা হোল; স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা কিংবা শহীদ।
আর পাকিস্তানের পক্ষে থাকা লোকেরা হল; রাজাকার, আলবদর। ওদিকে ওদের দৃষ্টিতে সংগ্রামী হল গাদ্দার।
কি আশ্চর্য যারা আমাদেরকে বলেছিল, যদি সত্যিকারে মুসলিম হও তবে পাকিস্তানকে ভালবাস। এরাই একদিন বলল, ওদের বিরুদ্ধে সংগ্রাম কর।
আর আমার বাবা শৈশব আর কৈশোরে স্কুলে বসে '‘গড সেভ দ্য কুইন’ (God Save the Queen) (নাকি কিং ?) গেয়েছেন অতি আন্তরিকতার সাথে বিশেষ ভক্তি নিয়ে।
সেই তিনি ৪৭ এর পরে পাকিস্তানী পতাকা ওড়াতে ওড়াতে সেই ভক্তি আর আন্তরিকতা নিয়ে গাইলেন ফার্সী উর্দু মিশ্রিত জাতীয় সঙ্গীত, 'পাক সার জমিন বাদ'। (১৯৫২ সালে কবি হাফিজ জলন্ধরী ফার্সি-মিশ্রিত উর্দু ভাষায় এর কথা লেখেন। ১৯৫৪ সালের আগস্ট মাসে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ‘পাক সরজমিন শাদ বাদ’-কে জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করে, যা ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানেও বাধ্যতামূলকভাবে প্রচলিত ছিল)
যদিও তার আগে তিনি আরেকখানা জাতীয় সঙ্গীত গেয়েছেন; যেটা লিখেছিলেন লাহোরের কবি জগন্নাথ আজাদ ‘অ্যায় সরজমিন-এ-পাক’ (Ay Sarzamin-e-Pak) । অথচ জগন্নাথ আজাদ জন্মসূত্রে একজন হিন্দু ছিলেন। ১৯১৮ সালের ৫ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের 'ঈসা খেলায়' (বর্তমান পাকিস্তানের মিয়ানওয়ালি জেলা) একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে তার জন্ম হয়।
***
এরপর আসল একাত্তুরের স্বাধীনতা সংগ্রাম। যে যুদ্ধে বাবা তার তিলে তিলে গড়া ব্যাবসা প্রতিষ্ঠান হারালেন, পুড়িয়ে দেয়া হল,লুট করা হল আমাদের বসত বাড়ি। কেড়ে নেয়া হল আমার মায়ের সব সোনা- গহনা।
রিক্ত নিঃস্ব একজন ক্লান্ত বিদ্ধস্ত মানুষ ফের শুরু করলেন শুন্য থেকে। আর লাল সবুজের পতাকা উড়িয়ে অতি আন্তরিকতা ও আবেগ নিয়ে গাইলেন,' আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'।
***
কি অদ্ভুত এক নিয়তি মানুষের তৈরি যুদ্ধ-শান্তি আর আইনের মারপ্যাঁচে পড়েছিলেন তিনি। তার নিজের কোন চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা ছিল না। শুধু তার অপরাধ ছিল; তিনি মুস্লিম আর পূর্ব বাংলার অধিবাসী ছিলেন।

আসলে দেশ কার??? ক্ষমতালোভী নেতা কিংবা রাজনীতিবীদ (ধর্মের আশ্রয়ে প্রশ্রয়ে, ভাষার দুর্বলতাকে কাজে লাগিয়ে অন্যা কোন দেশের সাহায্য ও সহযোগীতায়) দেশের একটা কল্পিত দাগ নির্ধারন করে আম জনতাকে বলে 'দেশের মাটি তোমার মা। মায়ের জন্য রক্ত দিবা- লাগলে জান দিবা; তবুও তোমার দেশ মাতৃকার ইজ্জত রক্ষা করতে হবে'।

কবিরা লিখলেন কাব্য আর গীত;
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা,
জন্ম আমার ধন্য হল মাগো
সারে জাঁহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা
দিল দিল পাকিস্তান
সোহনি ধরতি আল্লাহ রাখে


সুরকারেরা তাদের পুরো প্রতিভা উজার করে দিয়ে সুর দিলেন আর গায়ক-গায়িকারা উদাত্ত্ব কন্ঠে গেয়ে দেশ নায়ক হয়ে গেলেন।
সাহিত্যকেরা দেশ ভক্তি আর ভালবাসা নিয়ে লিখলেন চরম সব গল্প নাটক-নাটিকা উপন্যাস।
(সবখানেই একই সুর - দেশের জন্য জীবন দিলেই তুমি নায়ক।)
চলচ্চিত্র পরিচালকেরা দেশের ভালবাসায় উদ্বেলিত হয়ে তৈরি করলেন কালজয়ী সব সিনেমাো। অভিনেতারা তাদের সব প্রতিভা উজার করে দিলেন। ( সেখানে শত শত ক্ষুদিরাম হাসতে হাসতে তাদের অবুঝ বয়সেই প্রান দিচ্ছে- হাজার সন্ত্রাস অপকর্ম করেও একজন শুধু দেশের জন্য রক্ত দেয়ায় সে নায়ক হয়ে যাচ্ছে। একজন দেশের পক্ষে অস্ত্র ধরে - পরে সেই দেশকে শোষন করে ছিবড়ে বানিয়ে ফেললেও সে নায়ক।)
আর এসবে লাভবান হলেন কারা মুষ্টিমেয় কিছু মানুষ - কিছু ক্ষমতালোভী রাজনীতিবীদ, মুখোশের আড়ালের কিছু মানুষ, সুবিধাবাদী ব্যাবসায়ী আর আর ধর্ম ব্যাবসায়ীরা।

আমরা আম জনতা কিংবা ছা পোষা মানুষ এদের কাছে কত অসহায়। কখনো আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মরতে বলা হয় কখনো বলা হয় 'ও তোমার শত্রু ওকে মারো'
ও দেশকে ভালবাসে না 'কি আস্পর্ধা' ও 'আমার ধর্মকে ভালবাসেনা' - ওর বেঁচে থাকার কোন অধিকার নেই।

আমার বাবা কোন দেশকে সত্যিকারে ভালবেসেছিলেন আমার জানা নেই। কোন জাতীয় সঙ্গীত সে সম্পুর্ন হৃদয়ের আবেগ অনুভুতি দিয়ে গেয়েছিলেন আমি জানি না।
আমি শুধু এটুকু জানি তিনি এমন সময়ে এমন একটা দেশে জন্ম নিয়েছিলেন যেখানে আজীবন নিজের সত্যিকারের আইডেন্টিটির খোঁজ করে - ভীষন অসহায়ত্ব নিয়ে মৃত্যুবরন করেছিলেন।

*****
ব্লগার মুহাম্মদ মামুনূর রশীদ - লেখাটা আপনার মত ভয়ঙ্কর মানসিকতার লোককে উতসর্গ করার কোন ইচ্ছে আমার নেই, তবে আপনার উদ্দেশ্যেই লেখা।

ফুটনোটঃ
শুধুমাত্র ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের সুবিধা দেওয়ার জন্য ১৯৭২ সালের আগস্ট মাসে একটি বিশেষ ভ্রমণ নথি হিসেবে 'ভারত-বাংলাদেশ পাসপোর্ট' (আইবিপি) চালু করা হয়েছিল। পরবর্তী বছরগুলোতে কেন্দ্রীয় সরকার আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলোকে এই আইবিপি ইস্যু করার ক্ষমতা প্রদান করে।
• পাসপোর্ট ব্যবস্থা প্রবর্তন (অক্টোবর ১৯৫২): সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন সুশৃঙ্খল করার লক্ষ্যে ভারত ও পাকিস্তান সরকার যৌথভাবে ‘India-Pakistan Passport and Visa Scheme’ গ্রহণ করে, যা ১৯৫২ সালের অক্টোবরে কার্যকর হয়। এর আওতায় শুধুমাত্র দুই দেশের মধ্যে যাতায়াতের জন্য বিশেষ পাসপোর্ট চালু করা হয়।
• ইস্ট জোন (East Zone): ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (বিশেষ করে কলকাতা/পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চল) থেকে পূর্ব পাকিস্তানে যাতায়াতের জন্য ভারত সরকার যে বিশেষ পাসপোর্ট ইস্যু করত, তার ওপর ‘INDIA-PAKISTAN PASSPORT (EAST ZONE)’ লেখা থাকত।

* ভুল শুধরে দিলে আপত্তি নাই কোন।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

নাহল তরকারি বলেছেন: কিছু লেখা শুধু পড়া হয় না, হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দেয়। আপনার লেখাটি তেমনই একটি লেখা। ভাবতে অবাক লাগে, একজন মানুষ তাঁর জীবদ্দশায় কতবার নিজের দেশ, জাতীয়তা, পরিচয় আর আনুগত্যের সংজ্ঞা বদলাতে বাধ্য হয়েছেন! অথচ তিনি তো শুধু একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলেন, পরিবার নিয়ে স্বপ্ন দেখতে চেয়েছিলেন।

ইতিহাসের পাতায় দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা, বিশ্বাসঘাতক কিংবা শত্রু—কত পরিচয়ই না মানুষের গায়ে এঁটে দেওয়া হয়। কিন্তু সেই পরিচয়ের আড়ালে চাপা পড়ে যায় একজন সাধারণ মানুষের কান্না, হারানোর বেদনা আর না বলা গল্পগুলো। দেশ হয়তো মানচিত্রে আঁকা কয়েকটি সীমারেখা, কিন্তু মানুষের কাছে দেশ মানে তার শৈশব, স্মৃতি, শেকড় আর আপনজন। আপনার বাবার গল্পটি আসলে অসংখ্য সাধারণ মানুষের না বলা ইতিহাস। লেখাটি পড়ে সত্যিই মন ভারী হয়ে গেল।

১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

শেরজা তপন বলেছেন: আপনার মন্তব্যেরকোয়ালিটি তো কৃত্রিম বুদ্ধিমত্বাকেও ছাড়িয়ে যাচ্ছে :) :)
মন্তব্য সুন্দর হয়েছে ভ্রাতা।

২| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এইচ এন নার্গিস বলেছেন: আমার বাবাও তাই প্রথমে ছিলেন ভারতীয় তারপরে পাকিস্তানি এবং শেষে বাংলাদেশি ।

১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

শেরজা তপন বলেছেন: আমাদের সবার বাপ দাদা কিংবা নানাদের ইতিহাস একই রকম! কিন্তু এ কথা কেউ বলে না- সবাই চেপে রাখতে চায়।

৩| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪১

মেঠোপথ২৩ বলেছেন: আমাদের প্রজন্মের প্রায় সবার পারিবারিক ইতিহাসই এক। তিন দেশের নাগরিক ছিলেন আমাদের পিতা , পিতামহরা। তবে পিতার ব্রিটিশ ভারতে কেবল জন্ম , প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধের আগেই হয়ে যায় দেশ বিভাগ। ব্রিটিশ ভারতের প্রত্যক্ষ সাক্ষী আমার নানীর মুখে শুনেছি ব্রিটিশ পিরিয়ডের কথা। সমাজের শিক্ষিত শ্রেনীর একজন হিসাবে তার বক্তব্য ছিল পাকিস্তান সৃষ্টির পক্ষে। সোজা কথায় উনারা ছিলেন জিন্নাহর অনুসারী। পাকিস্তানের প্রত্যক্ষদর্শী এই ব্লগে প্রচুর ব্লগার আছেন। তারা ভাল বলতে পারবেন পাক পিরিয়ডের কথা। তবে মুরুব্বীদের একটা কথা সব সময়ই বলতে শুনি যে পাক পিরিয়ডে দুর্নীতি খুবই কম ছিল এবং পড়াশোনার মান ছিল খুবই উচ্চমানের। সেই আমলের মেট্রিক পাস লোকের লেভেলও ছিল সেই মানের।

রাজনীতি ও ক্ষমতার ধারেকাছে সব সময়েই বিবেকহীন ক্ষমতালোভী মানুষের বসবাস। সবাই চায় ক্ষমতার উপড় একছত্র নিয়ন্ত্রন। তবে ক্ষমতার দ্বন্দে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল ও সেনাবাহিনীর পুর্ব পাকিস্তানের উপড় ঝাপিয়ে পড়া কোন অবস্থাতেই মেনে নেয়নি বাংলাদেশীরা। তবে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তার কনামাত্র স্বপ্ন পুরন হয়নি। বাংলাদেশ নামের দেশটি বহির্বিশ্বে চরম দুর্নিতিগ্রস্ত একটি দেশ হিসাবে পরিচিত। সবুজ পাসপোর্টটা গর্বের সাথে ব্যবহার করা যায় না ভিন দেশের এয়ারপোর্টে।

১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৭

শেরজা তপন বলেছেন: একদম ঠিক কথা ব্রাদার। সেই শিক্ষিত শ্রেণী ছিল শিক্ষিত মুসলিম শ্রেণিরা মূলত!
হ্যাঁ সেই প্রত্যক্ষদর্শীরাতো অতি দেশপ্রেমিক বনে গিয়ে কিচ্ছু আর বলে না। ভালোটার ভালো বলতে তো সমস্যা নেই। জন্ম আমার বাংলাদেশে আমি বাংলাদেশীই। পৃথিবীর কোন দেশই আমাকে সাদরে বরন করবে না- সবখানেই অনাহুত অভ্যাগত মেহমান না হলে চাকর-মিসকিন কিংবা উচ্ছিষ্টভোগী।
আমরা কথায় হাতি ঘোড়া মারছি কিন্তু সত্যিকারে সবাই স্বার্থলোভী ও স্বার্থপর।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

শেরজা তপন বলেছেন: এইটাই ভাল- কথা যত কম বলা যায় ততই মঙ্গল!

৫| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:০৯

হুমায়রা হারুন বলেছেন: ভীষণ একটা অভিজ্ঞতা ওনাদের। কিন্তু আমাদের সাথে কখনো আলাপ করেন না।

পাসপোর্ট নিতে গেলে পাসপোর্ট ইস্যু করনে -ওয়ালা বলেন, দেশের নাম ইন্ডিয়া কেন, অথবা দেশের নাম ব্রিটিশ ইন্ডিয়া কেন? তখন বলতে হয়, তখন দেশের নাম ঐটাই ছিল। তখন পাসপোর্ট অফিসের লোকটা অবাক চোখে চেয়ে থাকে।

১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

শেরজা তপন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক। আপনার এমন অভিজ্ঞতা নিজের আছে!!

ভাল থাকুন নিরন্তর!

৬| ১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
উত্তর ও দক্ষিণ কোরিয়া—মধ্যযুগ থেকে এক একক সাম্রাজ্যের অধীনে ছিল। একই ভাষা, একই সংস্কৃতি, এক জাতিগোষ্ঠী। ১৯১০ সালে তারা জাপানি উপনিবেশে পরিণত হয়। সে সময় কোরিয়ানদেরও জাপানি জাতীয় সংগীত গাইতে বাধ্য করা হয়েছিল: দ্যা রাইজিং সান-

"আপনার রাজত্ব এক হাজার, আট হাজার প্রজন্ম দীর্ঘ হোক..."

কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতন্ত্র ও পুঁজিবাদের বৈশ্বিক রাজনীতির ছকে গোটা জাতি আবারও বিভক্ত হয়ে পড়ে। কোরিয়ান যুদ্ধ, রক্তপাত ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একই জাতিগোষ্ঠীকে দুটি আলাদা দেশে ভাগ করে দেওয়া হয়। এই বিচ্ছেদের বেদনা ও কষ্ট কোরিয়ানদের জন্যও কম ছিল না। আর এমন ঐতিহাসিক বিচ্ছেদ ও ভূরাজনীতির বলি হওয়ার উদাহরণ সারাবিশ্বে খুঁজলে আরও বহু পাওয়া যাবে।

আসলে কোনো দেশ বা জাতিগোষ্ঠীই গ্লোবাল পলিটিক্সের বাইরে নয়। আমাদের পূর্বপুরুষরাও তো স্বর্ণমুদ্রা কারেন্সি হিসেবে ব্যবহার করতেন; তাহলে আমরা আজ কেন টাকা বা গ্লোবাল কারেন্সি ডলার ব্যবহার করছি? অতীত, আবেগ আর যুক্তির মারপ্যাঁচ দিয়ে কোনো সমস্যার বা পরিস্থিতির বাস্তব সমাধান করা যায় না। আবেগ সরিয়ে রেখে এখানে মূল দেখার বিষয় হলো—অন্যরা বৈশ্বিক প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ালেও বাংলাদেশ কেন তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি?

১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫০

শেরজা তপন বলেছেন: দেখুন একেকটা প্রজন্মের একেক ধরনের পাওয়া ও বঞ্চনার গল্প থাকে। কোরিয়ান জনগন কি জাপানএর ঊপনিবেশ হবার পরে খুব আনন্দের সাথে জাপানিজ জাতিয় সঙ্গীত গেয়েছিল? এই সময়কালটা খুব দীর্ঘ ছিল না- একটা দেশ তাদের জাতীয়তা হারিয়ে ফের ফেরত পেয়েছিল- পরে দুখন্ড হলেও তারা অন্য দেশের সাথে মিলে যায়নি- তাদের ধর্ম জাতীয়তা ভাষা এসব নিয়ে সম্ভবত কোন ক্যাচাল নেই। কিন্তু আমাদেরটা ভিন্ন; সুদীর্ঘ সময়- এটা বলা যায় ১ সহস্র বছরের ও অধিক সময় বিদেশী শাসকদের দ্বারা শাসিত হবার পরে যখন আমরা সত্যিকারে স্বাধীনতা পেলাম সেটা হল নিজেদের ভাইয়ের রক্তে রঞ্জিত বিশ্বের ইতিহাসের এক ভয়ঙ্কর ও কলঙ্কিত অধ্যায়।
আমাদের এবড়ো থেবড়ো করে ভাগ করে দিয়ে জুড়ে দেয়া হল দু হাজার মাইল দুরের এক ভিন্ন জাতিস্বত্তার,ভাষার ও সংস্কৃতির দেশের সাথে। একটা জাতির সাথে কি নির্মম উপহাস ও চুড়ান্ত রকমের ফাজলামী করা হোল।

এখানে আবেগের অনেক বিষয় আছে ভাই। আমাদের সাথে চরমভাবে প্রতারনা করা হয়েছে, এর পেছনে ঈশ্বরের হাত নেই, প্রকৃতির হাত নেই - ছিল শুধু কিছু কুটিল জটিল আর ক্ষমতালোভী মানুষের। যারা বৃহৎ বাংলার সম্মমিলিত মেধাকে ভয় পেত, ভয় পেত এদের অনুভুতি আবেগ থেকে বিপ্লবী মানসিকতা ও ইন্টেলেকচুয়ালিটিকে।
এই আলাপ নিয়ে পরে আসছি

৭| ১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

মেঠোপথ২৩ বলেছেন: '' বৃহৎ বাংলার সম্মমিলিত মেধা '' জিনিষটা কি ভাই ? ইতিহাসে এমন সম্মিলিত মেধারতো কোন উপস্থিতি দেখি না! ইতিহাস ঘাটলে দেখি - ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পূর্বে পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশ অঞ্চলটি ব্রিটিশ ভারতের বিশাল বঙ্গ প্রদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সির অংশ ছিল ।এই বিশাল অঞ্চলের রাজধানী ছিল কলকাতা। ভৌগোলিক বিচ্ছিন্নতা, নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়ন এবং প্রশাসনিক কেন্দ্র কলকাতা থেকে দূরে হওয়ার কারণে পূর্ববঙ্গের জেলাগুলো বহু বছর ধরে অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে বেশ অবহেলিত ছিল।পূর্ববঙ্গের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক ছিল। বিশেষ করে এই অঞ্চলটি পাট ও ধান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল, যদিও উৎপাদিত পণ্যের লভ্যাংশ ও বড় ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র কলকাতার বাবুসমাজ ও ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গে ব্যপক উন্নয়ন ঘটে। ঢাকা নতুন প্রদেশের রাজধানী হওয়ায় সেখানে হাইকোর্ট, সচিবালয়, বোর্ড অব রেভিনিউ এবং আধুনিক অট্টালিকা গড়ে ওঠে। ফলে ঢাকার শ্রীবৃদ্ধি ঘটে এবং পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে শিক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতি শুরু হয়। তবে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ ও জাতীয়তাবাদীরা বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি। একদিকে মুসলমানরা বঙ্গভঙ্গকে সমর্থন করে এবং অন্যদিকে হিন্দুরা এর তীব্র বিরোধিতা করে আন্দোলন শুরু করে । পূর্ববঙ্গের মুসলমানরা তাদের অধিকার ও নতুন প্রাপ্ত সুবিধা রক্ষার তাগিদে এবং রাজনৈতিক মঞ্চ তৈরির উদ্দেশ্যে ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করে ।

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পরবর্তীতে সহিংস রূপ নেয়। ব্রিটিশ কর্মকর্তা ও গভর্নরদের ওপর আক্রমণ ও সশস্ত্র বিপ্লবী কর্মকাণ্ড ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে। কংগ্রেস শুরু থেকেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাজনৈতিক ও তীব্র বিরোধিতা চালিয়ে যায়। অবশেষে তাদেরই জয় হয় এবং ১৯১১ সালের ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

এই হচ্ছে পুর্ব ও পশ্চিম বঙ্গের দুই ধর্মাম্বলী জাতিগোষ্ঠির বিভক্তি ও এক্ত্রীকরনের ইতিহাস। এর মাঝে কোথায় আপনি বৃহৎ বাংলার সম্মমিলিত মেধার দেখা পেয়েছেন বোধগম্য হয়নি!

৮| ১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার বাবা যুদ্ধ করতে শ্রীলন্কা / মিয়ানমার গিয়েছিলেন ,
তখন নিশ্চয়ই ভারতীয়-বৃটিশ নাগরিক ছিলেন ।
তারপর পাকিস্হানী হলেন এবং করাচী, কোয়েটা, রাওয়ালপিন্ডি গেলেন
কর্মসূত্রে , এরপর ঢাকায় এসে হলেন বাংলাদেশী ।

......................................................................................................
সুতরাং একজন মানুষকে কয়বার তার আইডেন্টিটি বদলাতে হবে ?
এই বিভক্তি আমরা রাজনীতিবিদেরা স্বার্থের কারনে করেছি ।
দেশ জাতি ও মানবিকতা যদি এক থাকত , তাহলে পৃথিবীতে এত হানাহানি থাকতনা ।

৯| ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২৭

এইচ এন নার্গিস বলেছেন: আমার দাদা আর নানারা আর বাবা ছিলেন ব্রিটিশ ভারতীও ,সে সময় ব্রিটিশ আমল ছিল তারপরে পাকিস্তানী তারপরে বাংলাদেশী । দাদা নানা বাংলাদেশ দেখে যেতে পারেন নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.