নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

আজব পোশাক

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন জামাকাপড় পরে রাজদরবারে যেতে না পারলে তার মনটা খুঁতখুঁত করতো। রাজা হঠাৎ শুনতে পেল, তার রাজ্যের একজন তাঁতির কথা। তাঁতিটি নাকি খুব চমৎকার কাপড় বুনতে পারে। সেই কাপড়ের সুখ্যাতি দেশে-বিদেশে। রাজা তৎক্ষণাৎ সিপাহী-পাইক পাঠিয়ে দিলেন তাঁতিটাকে দরবারে হাজির করার জন্যে।

তাঁতি কাঁপতে কাঁপতে এসে রাজাকে সেলাম জানালো। রাজা বললেন, ওহে, তুমি কি আমার জন্যে খুব মিহি সুতোয় কাপড় তৈরি করে দিতে পারবে? তাঁতি জবাব দিল, নিশ্চয়ই পারব মহারাজ। আপনি হুকুম করলেই আমি বুনতে আরম্ভ করবো। এমন সরু আর পাতলা কাপড় আমি তৈরি করতে পারি যে, বোকা লোকেরা তা দেখতেই পারবে না। রাজা খুশি হয়ে বললেন, ঠিক কথাই বলেছো বটে, বোকা লোকেরা তা তো পারবেই না। আমি তেমনি মিহি কাপড়ের কথাই তোমাকে বলছি। যদি পারো তবে অনেক সোনাদানা বখশিস দেব। আজ আগাম এক হাজার মোহর নিয়ে যাও।

রাজা এই কথা বলে খাজাঞ্চিকে ইঙ্গিত করলেন। খাজাঞ্চি কয়েক তোড়া মোহর এনে তাঁতির সামনে রাখল। তাঁতি মোহরের তোড়াগুলো নিয়ে দরবার থেকে চলে গেল। তারপর দিনের পর দিন কাটতে লাগল। এমনি করে প্রায় দু’মাস চলে গেল। রাজা আশা করে রয়েছেন। একদিন তার উজির আর নাজিরকে তাঁতির বাড়িতে পাঠালেন।

এদিকে তাঁতি সেই মোহরগুলো নিয়ে খুব আরামে মাংস-পোলাও খেয়ে দিন কাটাচ্ছে। আজ হঠাৎ উজির আর নাজিরকে দূর থেকে দেখতে পেয়ে তার মুখ শুকিয়ে গেল। এতদিনে সে এক টুকরো কাপড়ও তৈরি করেনি। শুধু আমোদ আর মজা করে দিন কাটিয়েছে। তাঁতি আর একটুও দেরি করল না। তাড়াতাড়ি গিয়ে তাঁতের কাছে বসলো। এদিকে সুতো দেয়ার সময়ও আর নেই। অগত্যা সে সেই খালি মাকুটা তাঁতের মধ্যে চালিয়ে কাপড় বোনার ভান করতে লাগল।

ততক্ষণে উজির আর নাজির সেখানে এসে হাজির। তাঁতি তাড়াতাড়ি উঠে তাদের দুজনকে বসার জন্যে দুটো আসন দিল। তারপর আবার সে কাপড় বোনার ছল করে খালি মাকুটা ঠকঠক করে চালাতে লাগল। উজির আর নাজির সেদিকে কিছুক্ষণ চেয়ে রইল, কিন্তু কোনো কাপড়-টাপড় তারা দেখতে পেল না। সে সময়ই তাদের মনে পড়ল তাঁতির কথা। রাজদরবারে সে রাজার কাছে বলেছিল, যারা বোকা তারা এ কাপড় দেখতে পায় না। সুতরাং দুজনের কেউই বোকা হতে চাইল না। তাই উজির হঠাৎ বলে উঠল, বহুৎ চমৎকার কাপড় তৈরি করছে তো তাঁতি ভায়া!

নাজির তাকে সায় দিয়ে বলল, কাপড়ের যেমন জমিন তেমন নকশা। এমন না হলে রাজামশায়ের পছন্দ হবে কেন? তবে জলদি জলদি কাপড়টা শেষ করে দাও তাঁতি ভায়া। তাঁতি একগাল হেসে জবাব দিল, আর একটুখানি বাকি আছে হুজুর। সাত দিন পরে আমি কাপড় নিয়ে রাজদরবারে হাজির হবো। তাঁতির কথা শুনে উজির আর নাজির খুশি হয়ে চলে গেল।

ঠিক সাতদিন পরে তাঁতি চলল রাজদরবারে। দরবারে পৌঁছে রাজার সামনে হাঁটু পেতে বসলো, এরপর নত হয়ে কাপড় নামিয়ে রাখার মতো ভঙ্গি করলো। রাজা সেদিকে চেয়ে খুব খুশি হয়ে চিৎকার করে উঠল, বাহ, কী সুন্দর কাপড়! এরপর একজন সিপাহীর দিকে হুকুম করলেন, একজন দরজিকে জলদি হুকুম করো। সিপাহী ছুটতে ছুটতে গিয়ে শহরের একজন খুব নামজাদা দরজিকে ডেকে আনলো। দরজি এসে হাতজোর করে দাঁড়ালো। রাজা বললেন, এই কাপড় দিয়ে খুব ভালো দুটো জামা তৈরি করে দ্যাও।

দরজি কোনো কাপড় কিন্তু দেখতে পেল না। এরপরও সে হাতজোড় করে বলল, জি মহারাজ, এখুনি তৈরি করতে আরম্ভ করছি। এই কথা বলে সে কাঁচি বের করে রাজদরবারের মধ্যেই কাপড় কাটার মতো ভঙ্গি করতে লাগল। তারপর কাটা শেষ হলে সুঁই বের করে সেলাই করার ভান করতে লাগল। সভার পাত্রমিত্র, নায়েব-গোমস্তা কেউ-ই কাপড় দেখতে পায় না, অথচ সবাই বলে, চমৎকার! চমৎকার!

সেলাই শেষ করে দরজি বলল, মহারাজ, এইবার এই জামাটা পরুন। তবে তার আগে আপনার গায়ে যে জামাটা আছে সেটা খুলে ফেলতে হবে। রাজা দেহ থেকে সব জামাকাপড় খুলে ফেললেন। দরজি শূন্য দুটা হাত তুলে রাজার শরীরে জামা পরিয়ে দেয়ার মতো অঙ্গভঙ্গি করলো। উজির-নাজির সবাই বলে উঠল, অপূর্ব! অপূর্ব! এমন চমৎকার জামা সত্যিই মহারাজকে সুন্দর মানিয়েছে। যেমন কাপড়, তেমন জামা হয়েছে। রাজা খালি গায়ে কিছুক্ষণ সভার মধ্যে পায়চারি করলেন। আপন মনে ভাবতে লাগলেন, এই আজব নতুন জামা গায়ে দিয়ে তাকে অপরূপ লাগছে! এরপর রাজা গোঁফে তা দিতে দিতে সিংহাসনে গিয়ে বসলেন।

মুল লেখা :The emperor's new clothes যার বাংলা সংস্করণ শিশুকিশোরদের জন্য লিখেছেন বন্দে আলী মিয়া ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সব ঠিক আছে কিন্তু শেখ হাসিনার ছবি কেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৩০

সৈয়দ কুতুব বলেছেন: এমনি দিলাম। ডারবি নাসির ইলেকশন ভালো জমিয়ে তুলেছে। :)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৬

শ্রাবণধারা বলেছেন: গল্পের শেষের অংশটা গেল কই? ঐ অংশটাই গল্পের মূল বক্তব্য, যেটা আপনি লিখেন নি! বন্দে আলী মিয়া কি ঐ অংশটার অনুবাদ করেন নি? বরই আশ্চর্য! এই অনুবাদ এরশাদের সময়ের নয়তো? :)

এটার মূল গল্পের লেখক কে বলুন, সাথে তার দুইটা বিখ্যাত গল্পের নাম বলুন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: শেষ অংশ লাগবে না; পাঠক বুঝে নিবে যার যার মতো। B-) মুল লেখক হ্যান্স সাহেব যিনি লিটল মারমেইড আর স্নো কুইনের স্রষ্টা। ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সপ্তাহ ঘুরলে নির্বাচন, এইসব পানসে টপিক নিয়ে আসলে হবে? :p

হাউকাউ ক্যাচাল পোষ্ট চাই। ব্লগ থাকবে গরম.....

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২০

সৈয়দ কুতুব বলেছেন: :P

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



আপনার গল্পের শেষাংশটা মজার। অন্য স্থান থেকে পড়ে নিয়েছি। ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: শুকরিয়া । :P

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: অতি চালাক মানুষ বড় বড় বোকামি করে ফেলে।
দেখুন শেখ হাসিনার আজ কি অবস্থা!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক বলেছেন।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



এটি শুধুই একটি শিশুতোষ রূপকথা নয়; এটি সমাজ, ক্ষমতা ও মানুষের মানসিক দুর্বলতার ওপর এক তীক্ষ্ণ ব্যঙ্গ।
গল্পের সম্রাট পোশাকপ্রেমে এতটাই আসক্ত যে রাজ্যশাসনের চেয়েও বাহ্যিক জৌলুস তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এই দুর্বলতাকেই কাজে লাগায় দুই প্রতারক তাঁতি, যারা এমন এক পোশাক বানানোর দাবি করে যা নাকি কেবল
জ্ঞানী ও যোগ্য মানুষই দেখতে পারে।

এখানেই গল্পের ব্যঙ্গের কেন্দ্রবিন্দু। কেউই সেই অদৃশ্য পোশাক দেখতে পায় না, কিন্তু নিজেকে অযোগ্য বা নির্বোধ
প্রমাণের ভয়ে কেউ সত্য বলতে সাহস করে না। মন্ত্রী থেকে শুরু করে দরবারি, এমনকি সম্রাট নিজেও মিথ্যার সঙ্গে
আপস করে নেয়। পুরো সমাজ সম্মিলিতভাবে একটি মিথ্যাকে সত্য হিসেবে মেনে নিতে থাকে শুধু ভয় ও সামাজিক
চাপের কারণে।

শেষ পর্যন্ত এক নিষ্পাপ শিশুই সত্য বলে ফেলে সম্রাটের গায়ে কোনো পোশাকই নেই। এই মুহূর্তে এই গল্পটি
আমাদের দেখায়, সত্য বলার জন্য ক্ষমতা বা পাণ্ডিত্য নয়, দরকার সাহস ও সরলতা।

এই গল্পের ব্যঙ্গ আসলে গভীর ও চিরকালীন: ক্ষমতাবানরা অনেক সময় নিজেদের দুর্বলতা ঢাকতে ভান করে।
সম্রাট তথা রাস্ট্রনায়ক , সমাজপতি বা সমাজ প্রায়ই সত্য জানলেও মুখ খুলতে ভয় পায় আর নিরীহ সত্য
উচ্চারণই বড় বড় মিথ্যার মুখোশ খুলে দেয়। গল্পটি মনে করিয়ে দেয় সমাজে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো
মিথ্যা নয়, বরং মিথ্যার সঙ্গে সম্মিলিত নীরবতা। এই নিরাবতাই এখন প্রকট আকারে দেখা যাচ্ছে ।

যথাসময়ে গল্পটি ব্লগে তুলে দেয়ার জন্য ধন্যবাদ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই পড়েছেন তাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.