নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

কেউ জানেনা

২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের ভেতর
ডুব দিয়ে যাই,
একটা শীতের সকাল ভাসে
দূর আকাশে মেঘের পাশে...

মা যেন কোন এক সকালে,
ডাকলো ভোরে!
বললো হঠাৎ
ওঠ শিগগির, যায় যে বেলা-
দুপুর গড়ায়, আলসে মেয়ে,
গরম রুটি, আলুর ভাঁজা
একটা শীতের সকাল ভাসে ...

আবার হঠাৎ ডুব দিয়ে যায়
বুকের মাঁঝে,
গহন ব্যথার নুপুর বাঁজে।
হারিয়ে গেলো হারিয়ে গেল
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!

সেই জগতে আমার ছিলো
আঁকিবুকি চকখড়িতে
আমার ছিলো একটা সকাল,
একটা বিকেল গোল্লাছুটের,
চিবুড়ি আর লুকোচুরি,
কাঁশের ফুল আর সুনীল আকাশ
সাদা মেঘের ভেলায় ভাসে।

আমার ছিলো গানের খাতা,
রাগ বিলাবল সারে গামা...
আমার ছিলো খেলার গুটি
ছন্দ ছড়ার সেই বইটা।
এলবামের ঐ পাতায় জোড়া
আমার ছিলো এক শৈশব
অভিমানের এক কৈশোর...

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!

একটা বাড়ি পূর্ন জীবন
অনেক মায়ার মানুষগুলো তখন আপন
তারাই তখন এক পৃথিবী
আর কোথাও কিচ্ছুটি নেই
কোথায় গেলো কোথায় গেলো
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!

হারিয়ে গেলো সেই পৃথিবী
ছায়ার মত আলোর মত
সাদা কিংবা কালোর মত
এ জীবনে সবই হারায়!
কিংবা ফুরায় অলস বেলা
হেলাফেলায় কাটিয়ে ফেলা
অনেক দামী সময়গুলো!

এখন আমার একলা বেলা
সবার মাঝে থেকেও আমার
খুব গোপনে একলা খেলা
হয়তো সবার আমার মতই
সবার আছে এমন ভূবন
খুব গোপনে, খুব গভীরে
বুকের ভেতর-

সেথায় থাকে অন্য জীবন,
কখন হাসে কখন কাঁদে
কখন চাপা ভীষণ ক্রোধে
গুমরে ওঠে
কখনও বা ঝলকে ওঠা অভিমানে
লুকিয়ে যায় এক পলকে......
কে তা জানে?
কে তা জানে?

কেই বা তাহার খবর রাখে?

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৪

মেহবুবা বলেছেন: ছোট্ট সে ঘর নিজের ভেতর
খুব যতনে একলা কোনে
কান পেতে রয় কোন সে ক্ষনে
আসলো যেন চেনা সূরে
আগের দিনের লুকিয়ে রাখা
একটুখানি ছোট্ট কৌটো
সিঁদুর মাখা চিহ্ন খানি
আড়াল করার ছোট্ট ঘরে
নিজের ভেতর সময় বোনে
সুদূর পানে দু'চোখ মেলে
চাতক পাখী খুব একাকী
স্বপ্নে দুলে স্বপ্ন বোনে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৯

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ বেশ পড়লো মনে
লুকিয়ে রাখা ছাদের কোনে
কিশোর প্রেমের গোপন চিঠি
চাতক প্রহর চকিত দিঠি!
চমকে উঠি
চমকে উঠি।
খানিকটা বেশ থমকে উঠি.......

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০১

ক্লোন রাফা বলেছেন: সেই জগত’টা হইলো অশান্তির মধ‍্যে শান্তি! কেমনে পারো তোমরা ⁉️

২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪০

অপ্‌সরা বলেছেন: হা হা অশান্তির মধ্যেও শান্তি খুঁজে না নিলে বাঁচবো কেমনে ভাইয়া!!!!!!!!!!

শান্তির মধ্যেও তো কত অশান্তি লুকায় থাকে!!!!!! :(

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন:



অনেক তারার বিষন্নতায় একটি চাঁদের আলো
তোমায় লাগে ভালো
কথার ডালি ফুল কনেদের রেশম কোমাল গা
মেঘ বরণের আলো।
একটুখানি বাজিয়ে দেখি ঝন ঝনা ঝন ঝন
হীরে মতির মন
শুরুর বেলা শেষের বেলা সব বেলাতে পা
চলে সারাক্ষণ।
নৃত্য তোমার তালে তালে ছন্দে আনে বান
সুন্দরের সোপান
অপ্সরাতো তাই হবে তাই খুশী ছড়ায় রঙ
খুব সামান্য ঢং
তাকিয়ে দেখি উদাস দুপুর পদ্ম পুকুর
সাজছে তারা সঙ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................
সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল আকাশ, কাশফুলেদের শুভ্র হাসির চপল হাওয়া,
শৈশবের সেই চেনা জগৎ, আজকে শুধু থমকে যাওয়া।
যান্ত্রিক এই ধূসর শহরে, ইটের খাঁচায় বন্দী জীবন,
স্মৃতির জানালায় মেঘ জমে আজ, বিষণ্ণতায় আকুল এ মন।

প্রেম-তুলিতে ঝুমকো ফুলের রঙধনু রঙ এঁকে দিলে,
মুগ্ধতারা হারিয়ে যায় যে কোন সুদূরের নীল মিছিলে!
মেঠোপথের চেনা বাঁকে, দূরত্বের মায়ায় ঘেরা,
দাদীর হাতের ভাতের সুবাস, তখন ছিলো সময় সেরা।

কোন বিষাদে আঁকড়ে ধরে, চোখের তারায় বিমর্ষ ক্ষণ,
দীর্ঘশ্বাসের লহর বুকে দমকে ওঠে অনুক্ষণ।
মন হারালে চিরতরেই, ফেরে না আর কোলাহলে,
সূর্যাস্তের শীতল হাওয়া, জুড়ায় পরান অশ্রুজলে।

কুয়াশাঢাকা মাঠে , আমায় পাবেনা খুঁজে কেউ আর,
মনের গহীনে রয়ে যাবে শুধু চকখড়ির সেই জগৎ আমার।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৪

কামাল১৮ বলেছেন: অনেক বড় কবিতা তবু সবটা পড়লাম।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অসাধারণ!!!
আবৃত্তিটা চমৎকার হয়েছে, সাথে ব্যাকগ্রাউন্ড সুরলহরী!!!
কঠিন!!!

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: কবিতা মূলত আবেগের খেলা।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার আবৃত্তি সুন্দর ও ভালো হয়েছে-এতো মেধার অধিকারী আপনি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.