| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবণধারা
" আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি-ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক-পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে......."
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু আছে তার সবটুকু ধ্বংস করে ফেলো; কাউকে রেখো না - পুরুষ, নারী, শিশু, এমনকি নবজাতক - সবাইকে হত্যা করো; গবাদি পশু, ভেড়া, উট ও গাধা - সবকিছুই শেষ করে দাও। ১ স্যামুয়েল ১৫:৩।"
এর কিছুদিন পরে নেতানিয়াহু আবারও তার সৈন্য ও কমান্ডারদের একটি চিঠি পাঠান। সেখানেও তিনি পুনরায় বাইবেলের এই অংশটি উল্লেখ করেন।
পৃথিবীব্যাপী রাজনীতি ও ধর্মের মধ্যে এক ভয়াবহ দূষণ ঘটেছে। ট্রাম্পের খ্রিষ্টীয় জাতীয়তাবাদ, ইউরোপের উগ্র ডানপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলোর উত্থান, ভারতে মোদির হিন্দু জাতীয়তাবাদ এবং বাংলাদেশে জামাতের ইসলামী জাতীয়তাবাদ - এই দূষণের কয়েকটি উদাহরণ মাত্র।
ট্রাম্পের পরিচয়ভিত্তিক রাজনীতি ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বারবার নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করে। আমেরিকায় খ্রিষ্টীয় জাতীয়তাবাদ এখন একটি শক্তিশালী স্লোগান, যেখানে খাঁটি আমেরিকান হতে গেলে ইভানজেলিক্যাল খ্রিষ্টান ও জায়নবাদী ভাবধারার অনুসারী হতে হবে। ইউরোপে উগ্র ডানপন্থীরা খ্রিষ্টান ঐতিহ্যকে একটি সাংস্কৃতিক পরিমাপক হিসেবে ব্যবহার করে - যা মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। আবার, বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে ধর্মব্যবসার যে সীমাহীন বিকৃতি চোখে পড়ে, তা দেখে মনে হয়, রাজনীতিতে ধর্মের চেয়ে বড় আফিম আর কিছু নেই।
মানুষের চিন্তা ও বিবেচনাবোধকে আচ্ছন্ন করে রেখে ধর্ম যখন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়, তখন তা সমাজের জন্য ভয়ংকর ক্ষতিকর হয়ে ওঠে। আর তাই ধর্মকে সব ধরনের রাজনীতি থেকে দূরে রাখাই উচিত। সমস্যা হলো, ধর্মকে রাজনীতি থেকে পুরোপুরি বাদ দিলে যদি নৈতিকতা ও মূল্যবোধের বিষয়গুলো রাজনৈতিক আদর্শ থেকে বাদ পড়ে যায়, তাহলে সেখানে একটা শূন্যতা বা বিচ্ছিন্নতা তৈরি হয়। সারা পৃথিবীর প্রগতিশীল রাজনীতির মধ্যেই এই শূন্যতা বা বিচ্ছিন্নতার বিষয়টি লক্ষণীয়। কারণ ধর্ম একদিকে যেমন মানুষকে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মের মধ্য থেকেই নৈতিকতা ও সামাজিক সংহতির ধারণা খুঁজে পায়।
ট্রাম্পের রাজনীতির সঙ্গে প্রগতিশীল ডেমোক্র্যাটদের রাজনীতির তুলনা করলে বিষয়টি পরিষ্কার হবে। প্রগতিশীলদের রাজনৈতিক কর্মসূচিতে অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। অন্যদিকে, সাংস্কৃতিক ও নৈতিকতার প্রশ্নগুলো তাঁদের রাজনৈতিক আলোচনায় তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। এর একটি কারণ হলো, প্রগতিশীল রাজনৈতিক দর্শন ধর্মনিরপেক্ষ হওয়ায় তাঁরা সংস্কৃতি ও মূল্যবোধকে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হিসেবে বিবেচনা করেন।
অথচ মানুষ যে নৈতিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বসবাস করে, তার সঙ্গে সংযোগ স্থাপন না করে শুধু অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে সমাজে রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানুষের প্রয়োজন শুধু কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা কিংবা অর্থনৈতিক নিরাপত্তা নয়। মানুষের প্রয়োজন গল্প, মিথ ও এমন কিছু সামষ্টিক অভিজ্ঞতা, যার মধ্য দিয়ে তারা একে অপরের সঙ্গে যুক্ত বোধ করে, নিজেদের কোনো একটি সম্প্রদায়ের অংশ মনে করে। মানুষ শুধু ভালোভাবে বাঁচতে চায় না; তারা এমন কিছুর সাথে যুক্ত থাকতে চায়, যা তাদের জীবনের অর্থ তৈরি করে।
এই জায়গাটিতেই ট্রাম্প, উগ্র ডানপন্থি বা জামাতের মতো রাজনৈতিক দলগুলো সুযোগ খুঁজে পায়। প্রগতিশীল রাজনীতির শূন্যস্থান তারা পূরণ করে ধর্মীয় জাতীয়তাবাদ, সংখ্যালঘুবিদ্বেষ, হিন্দু বা ইসলামবিদ্বেষ এবং পরিচয়ভিত্তিক রাজনীতি দিয়ে। মানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় ও নিরাপত্তাহীনতাকে একটি রাজনৈতিক আখ্যানের মধ্যে নিয়ে এসে তারা নিজেদের সমর্থকদের মধ্যে একটি অভিন্ন পরিচয় ও সংহতি তৈরি করে।
আর এখানেই জেমস টালারিকোর মতো রাজনীতিবিদের গুরুত্ব বিশেষভাবে দেখা যায়। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে টালারিকো টেক্সাস থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি একজন স্কুলশিক্ষক এবং নিষ্ঠাবান খ্রিষ্টান। টালারিকো তাঁর রাজনৈতিক আদর্শ দিয়ে প্রমাণ করেছেন যে, ধর্মীয় বিশ্বাসকে সাম্প্রদায়িকতা, বিভাজন ও জাতীয়তাবাদের হাতিয়ার না বানিয়ে ধর্মের মধ্য থেকেই মানবিকতা, ন্যায়বিচার ও সামাজিক সংহতি গড়ে তোলা যায়। আর সেটা ট্রাম্পের রাজনীতির ঠিক উল্টো রাস্তায়।
আমি প্রথম টালারিকোর নাম শুনি, যখন তিনি টেক্সাসের সরকারি স্কুলের ক্লাসরুমগুলোতে বাইবেলের টেন কমান্ডমেন্টস ঝুলিয়ে রাখার আইনের বিরুদ্ধে কথা বলছেন। বিষয়টা একটু বুঝে দেখুন; একজন নিষ্ঠাবান খ্রিষ্টান রাজনীতিবিদ অন্য আইনপ্রণেতাদের সমালোচনা করছেন এটা বলে যে, তোমরা বাইবেলের কিছু লাইন ক্লাসরুমে ঝুলিয়ে রাখার যে নিয়ম বানিয়েছ, তা শুধু অসাংবিধানিকই নয়, অখ্রিষ্টীয়ও।
তিনি সেটা কীভাবে করেছেন, সেটা বোঝা যাক। টালারিকোর যুক্তি ছিল, ধর্মের প্রতি বিশ্বাস থাকা এক জিনিস আর অন্যের ওপর নিজের ধর্ম চাপিয়ে দেওয়া আরেক জিনিস। তাঁর মতে, ক্লাসরুমে বাইবেলের লাইন ঝুলিয়ে দেওয়া অখ্রিষ্টীয় এ কারণে যে, অন্য ধর্মের যেসব শিশু ক্লাসে এটি দেখতে বাধ্য হবে, তাদের মনে হতে পারে যে এই ক্লাসে তারা অন্তর্ভুক্ত নয় বা স্বাগত নয়। এটা দেখে শিশুরা এটাও মনে করতে পারে যে, তাদের ধর্মবিশ্বাস অন্যদের চেয়ে নিকৃষ্ট। টালারিকো মনে করেন, যিশু যদি এটা দেখতেন, তাহলে তিনি ওই শিশুদের জন্য দুঃখ পেতেন এবং তাদের নিজের প্রতিবেশীর মতো ভালোবাসতে আহ্বান জানাতেন।
টালারিকোর রাজনীতির গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি ধর্মকে রাজনীতি থেকে বাদ দেওয়ার কথা বলেন না; বরং ধর্মের নামে ক্ষমতা ও আধিপত্যের বিরোধিতা করেন। আমেরিকায় ক্রমবর্ধমান খ্রিষ্টীয় জাতীয়তাবাদের সমালোচনা করতে গিয়ে তিনি একে অভিহিত করেছেন "ধর্মের জন্য একটি ক্যানসার" হিসেবে। তিনি বলেন, খ্রিষ্টীয় জাতীয়তাবাদের মধ্যে খ্রিষ্টীয় কিছু নেই। তাঁর মতে, খ্রিষ্টীয় জাতীয়তাবাদ হলো খ্রিষ্টের নামে শক্তির উপাসনা - সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি এবং আধিপত্যের উপাসনা। তিনি বলেন, "এই মতাদর্শ যিশুকে এমন এক চরিত্রে রূপান্তরিত করেছে, যিনি বন্দুক হাতে ঘুরে বেড়ান, বিজ্ঞানকে অস্বীকার করেন, অর্থলোভী এবং মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে বেড়ান।" টালারিকোর ভাষায়, খ্রিষ্টীয় জাতীয়তাবাদীদের "মুখভর্তি ধর্মগ্রন্থের বাণী" আর "হৃদয়ভর্তি ঘৃণা"।
ঈশ্বর কেমন, সে বিষয়ে টালারিকো একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। একজন ধর্মতাত্ত্বিকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "আমি ক্ষুধার্ত শিশুদের দেখে ঈশ্বরের বিরুদ্ধে আর্তনাদ করে উঠেছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম যে, ওই ক্ষুধার্ত শিশুরাই আসলে ঈশ্বর, আর শিশুর রূপে ঈশ্বরই আমার দিকে তাকিয়ে আর্তনাদ করছেন।" টালারিকোর ভাষায়, "গাজা ও পশ্চিম তীরের মানুষের যে আর্তনাদ, সেটা ঈশ্বরেরই আর্তনাদ; আর সেই আর্তনাদ শোনার অর্থ শুধু সহানুভূতি প্রকাশ করা নয়, কাজের মাধ্যমে সাড়া দেওয়া।"
টালারিকোর মা ছিলেন টেক্সাসের লারেডো শহরের এক ধর্মপ্রচারকের মেয়ে। আর টালারিকোর বাবা ছিলেন হাইস্কুলের পড়াশোনা শেষ করতে না পারা, মদ্যপ ও সহিংস স্বভাবের একজন মানুষ। এক রাতে টালারিকোর বাবা মদ খেয়ে তাঁর মায়ের ওপর সহিংস হয়ে উঠলে টালারিকোর মা নিজের ছোট ফোর্ড এসকর্ট গাড়িতে জিনিসপত্র তুলে ছেলেকে সঙ্গে নিয়ে একটি হোটেলে চলে যান - যেখানে তিনি কাজ করতেন। হোটেল ম্যানেজারের কাছে টালারিকোর মা অনুরোধ করেন, যেন নতুন একটা বাসা খুঁজে না পাওয়া পর্যন্ত তাঁদের একটি হোটেল রুমে থাকতে দেওয়া হয়। পরে তাঁরা পূর্ব অস্টিনের একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ওঠেন। সেই বাসায় শিশুর জন্য আলাদা ঘর ছিল না। টালারিকো ঘুমাতেন মায়ের আলমারির ভেতরে রাখা ছোট একটা ক্রিবের মধ্যে। তাঁর মা সেই আলমারিটি ছবি ও খেলনা দিয়ে এমনভাবে সাজিয়েছিলেন যে, সেই আলমারিটাই হয়ে উঠেছিল তাঁর সন্তানের শোবার ঘর।
শৈশবের এই অভিজ্ঞতা স্মরণ করে টালারিকো নিজের রাজনৈতিক জীবনের সঙ্গেও এর মিল খুঁজে পান। সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করার পর বিজয় ভাষণে তিনি তাঁদের বিজয়কে ডেভিড ও গোলিয়াথের যুদ্ধের সাথে তুলনা করেন। তাঁকে ঠেকাতে একদিকে ছিল বিপুল অর্থশক্তি, ওয়াশিংটনের শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান ও প্রচলিত ক্ষমতাকাঠামো; অন্যদিকে ছিল সাধারণ মানুষের আশা ও সমর্থন। নির্বাচনে তাঁদের মোকাবিলা করতে হয়েছে নেতিবাচক বিজ্ঞাপন ও কুৎসা, বিদেশি বট, এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও এবং ইলন মাস্কের মতো ধনকুবেরদের বিপুল অর্থ ও প্রভাব - যে ক্ষমতা দিয়ে ধনকুবেররা রাজনীতিবিদদের নিজেদের পকেটে পুরে রাখেন।
প্রতিষ্ঠিত ক্ষমতার বিপরীতে দাঁড়ানো সাধারণ মানুষের আশা, সাহস ও সম্মিলিত শক্তির প্রতিনিধি হিসেবে টালারিকোর মধ্যে আমি মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি দেখতে পাই। জানি না, এটা আমার মনের অতিরিক্ত আশাবাদী কল্পনা কি না। দেখার বিষয়, রাজনীতির এই নতুন যাত্রায় তিনি কতটা এগিয়ে যেতে পারেন।
০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩
শ্রাবণধারা বলেছেন: বাইবেল বিকৃত করা হয়েছে কি হয়নি, এ ধরনের ছেলেমানুষি কথা এই পোস্টে অপ্রাসঙ্গিক।
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "তাছাড়া ইসরাঈল প্রকৃত খ্রিষ্টানধর্ম পালন করে না।" এই কথাটার মানে কী? ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, যেখানে কিছু ফিলিস্তিনি মুসলিম ও খ্রিষ্টান বাস করেন। তাহলে দেশটা আবার কীভাবে খ্রিষ্টধর্ম পালন করবে?
আর বাইবেল প্রসঙ্গে যদি এ কথা বলে থাকেন, তাহলে আপনার অবগতির জন্য, বাইবেল ইহুদি ও খ্রিষ্টান উভয়েরই ধর্মগ্রন্থ। খ্রিষ্টানদের বাইবেলে অতিরিক্ত একটি অংশ আছে, যেটিকে বলা হয় নিউ টেস্টামেন্ট - এইটুকুই মূল পার্থক্য।
২|
০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: জানলাম।
ধন্যবাদ আপনাকে।
০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৪
শ্রাবণধারা বলেছেন: ওকে!
৩|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বিংশ শতাব্দীর আগে রাষ্ট্রের সরকারগুলো ছিলো ধর্মনিরপেক্ষ আর ব্যাক্তি জীবনে সাধারণ মানুষগুলো ছিলো বেশি ধার্মিক ও মানবিক। সমাজে ধর্মীয় বিধিনিষেধ থাকলে ও মানুষের মধ্যে নৈতিক মুল্যবোধ ছিলো। আর বর্তমানে দিন দিন রাজনীতি ও সরকারে ধর্মীয় প্রভাব ঠুকে পড়ছে বেশি আর সাধারণ জনতা হচ্ছে বিপরীত মুখী।
আমেরিকায় খ্রিষ্টীয় জাতীয়তাবাদ এখন একটি শক্তিশালী স্লোগান, আমেরিকা, কানাডা এবং ইউরোপের উদার ইমিগ্রেশন নীতি ডানপন্থী দলগুলোকে শক্তিশালী করার অন্যতম মুল কারন হিসেবে আমার মনে হয়। বিশ্বের নানা প্রান্তের অধিবাসী এই পলিসি গুলোর অপব্যবহার করেছে পাশাপাশি নিজ ধর্ম-সংস্কৃতি অন্যদের উপর চাপিয়ে দিয়েছে। কোরিয়াতে কিছু মসজিদে প্রায়স শুক্রবার আসলে লোকাল নেইবরহুড গুলোর রাস্তা বন্ধ করে নামাজ পড়ে; ঈদ বা রোজা তো আরো ভয়াবহ অবস্থা। অন্য একটি শহরে নতুন মসজিদ নির্মাণ করতে গেলে লোকাল কোরিয়ানরা এর প্রতিবাদ করে মসজিদ নির্মাণের জায়গা "শুকর" জবা করে পার্টি করে।
সাহস ও সম্মিলিত শক্তির প্রতিনিধি হিসেবে টালারিকোর মধ্যে আমি মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি দেখতে পাই। মিড টার্ম রেজাল্টের রাতে বিবিসি ও আল জাজিরায় সাংবাদিকতা করা মেহেদি হাসান যেভাবে ট্রাম্প, ইলন মাস্ককে রোষ্ট করলো ইহা সত্যি আমেরিকান ডেমোক্রেসির সৌন্দর্য....
০৯ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৩
শ্রাবণধারা বলেছেন: আপনার প্রথম প্যারার পর্যবেক্ষণ সঠিক।
আমেরিকা, কানাডা এবং ইউরোপের উদার অভিবাসননীতি হয়তো সামাজিক সংহতির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করেছে। এর একটি কারণ হতে পারে, মুসলমানদের একটি অংশ অন্য সংস্কৃতির সঙ্গে মিশতে পারেনি, কিংবা নিজেদের সংস্কৃতিকেই শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে চায়। কিন্তু ডানপন্থী দলগুলোকে শক্তিশালী করার পেছনে এটি একমাত্র কারণ নয়। দেশভেদে এর ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, তবে এসব কারণের পেছনে মূলত রাজনৈতিক। ধরুন, ইসরায়েলে ডানপন্থীদের উত্থানের পেছনে রয়েছে তাদের দখলদারিত্বের রাজনীতি, ভারতে এর একটা কারন পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোর কর্মকাণ্ড, আবার বাংলাদেশে এর কারণ আবার ভিন্ন।
আমি মেহেদি হাসানের নিউজ চ্যানেল জেটেও দেখি। আপনাকে আগে যে নাওমি ক্লেইনের কথা বলেছিলাম, তাঁর পরিবার এই চ্যানেলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গণতন্ত্র খুবই ভালো একটি রাষ্ট্রব্যবস্থা, যদিও নানা উপায়ে একে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে।
৪|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:১৯
মেহবুবা বলেছেন: এবার আমেরিকার নির্বাচন অনেকগুলো সান্ত্বনার বিষয় তৈরী করেছে। ইনি যে এলন মাস্কের মত পয়সাওয়ালাকে দুঃখ দিতে পেরেছে যুক্তিসঙ্গত, সেটা বেশ।
০৯ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
শ্রাবণধারা বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন পর্যন্ত এই নির্বাচনের ফলাফল শুধু সান্ত্বনার বিষয় বটে।
ইলন মাস্কের পয়সাওয়ালারা ঠিক দুঃখ পান কি না, আমি অবশ্য নিশ্চিত নই! আসলে ইলন মাস্কের দুঃখটা কোথায় জানেন? সেটা হলো, তার টাকাপয়সা আকবর বাদশাহর চেয়েও বেশি হওয়ার পরও তার নিজের একটা মিলিটারি নেই, যেটা দিয়ে সে ধ্বংস ও ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে - এটাই তার দুঃখ!
৫|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখুন এবং জানুন পার্থক্য অনেক এবং ভাবধারাও ভিন্ন ।
আবার যুগে যুগে তার পরিবর্তনও আছে ।
....................................................................................
খ্রিস্টান বাইবেল এবং ইসরায়েল বাইবেলের (যা সাধারণত ইহুদি বাইবেল বা তানাক নামে পরিচিত) মধ্যে মূল পার্থক্য হলো—এর মধ্যে কোন কোন বই অন্তর্ভুক্ত রয়েছে, বইগুলোর সাজানোর ক্রম কেমন এবং এগুলো কীভাবে ব্যাখ্যা করা হয়।
১. বিষয়বস্তু এবং গঠন
ইসরায়েল বাইবেল (তানাক - The Tanakh):
এটি মূলত হিব্রু এবং আরামাইক ভাষায় ৪০০ খ্রিস্টপূর্বাব্দের আগে লেখা ২৩ বা ২৪টি বই নিয়ে গঠিত।
এটি তিনটি প্রধান ভাগে বিভক্ত, যার প্রথম অক্ষরগুলো নিয়ে একে সংক্ষেপে Tanakh বলা হয়:
. তাওরাত/তোরাহ (Torah): মোশির ব্যবস্থার ৫টি বই (আদিপুস্তক থেকে দ্বিতীয় বিবরণ)।
. নবীঈম/নেভিয়িম (Nevi'im): ভাববাদীদের বই (যেমন: যিহোশূয়, যিশাইয়, যিরমিয় ইত্যাদি)।
. কেতুভিম (Ketuvim): অন্যান্য পবিত্র লেখা (যেমন: গীতসংহিতা, হিতোপদেশ, দানিয়েল ইত্যাদি)।
ইহুদি ঐতিহ্য অনুযায়ী এটি ২ বংশাবলি বই দিয়ে শেষ হয়, যা ইসরায়েলের জনগণের নিজেদের ভূমিতে ফিরে আসাকে ফুটিয়ে তোলে।
খ্রিস্টান বাইবেল:
এটি দুটি প্রধান অংশে বিভক্ত:
১.পুরাতন নিয়ম (Old Testament) এবং ২. নতুন নিয়ম (New Testament)।
খ্রিস্টানদের পুরাতন নিয়ম মূলত ইহুদিদের তানাকের মতোই, তবে এর বইগুলোর ক্রম ভিন্ন এবং এটি ৩৯টি বইয়ে বিভক্ত। (ক্যাথলিক ও অর্থোডক্স বাইবেলে অতিরিক্ত কিছু বই বা অ্যাপোক্রিফা অন্তর্ভুক্ত থাকে)।
নতুন নিয়ম: যীশু খ্রীষ্টের জন্মের পর গ্রীক ভাষায় লেখা ২৭টি বই নিয়ে এটি গঠিত। এর মধ্যে রয়েছে ৪টি মঙ্গলসমাচার (মথি, মার্ক, লূক, যোহন), প্রেরিতদের কার্যবিবরণী, বিভিন্ন চিঠি বা পত্র এবং প্রকাশিত বাক্য।
২. মূল ব্যাখ্যা এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি
ইহুদি ধর্মে (Judaism):
তানাক নিজেই একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত পবিত্র ধর্মগ্রন্থ।
ইহুদিরা এটিকে ঈশ্বরের সাথে ইসরায়েল জাতির চুক্তির ইতিহাস এবং দৈনন্দিন জীবনযাপনের নির্দেশনা হিসেবে দেখেন। তারা একজন ভবিষ্যৎ মশীহের (ত্রাণকর্তা) অপেক্ষা করেন।
ইহুদি ধর্মে "পুরাতন নিয়ম" বা "নতুন নিয়ম" বলতে কোনো শব্দ নেই, কারণ এই নামগুলো খ্রিস্টান ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এসেছে।
খ্রিস্টান ধর্মে (Christianity):
খ্রিস্টানরা পুরাতন নিয়মকে যীশু খ্রীষ্টের আগমনের ভবিষ্যৎবাণী হিসেবে ব্যাখ্যা করেন। তাদের বিশ্বাস, পুরাতন নিয়মের ভাববাণীগুলো যীশুর জীবন ও মৃত্যুর মাধ্যমে পূরণ হয়েছে।
নতুন নিয়মকে তারা ঈশ্বরের প্রকাশ বা বাণীর দ্বিতীয় এবং অপরিহার্য অংশ মনে করেন, যা ছাড়া বাইবেল অসম্পূর্ণ।
"বাইবেলের ইসরায়েল" বনাম "আধুনিক ইসরায়েল"
বাইবেলে বর্ণিত ইসরায়েল বলতে আব্রাহাম, ইসহাক এবং যাকোবের (যার আরেক নাম ছিল ইসরায়েল) বংশধর বা একটি আধ্যাত্মিক জাতিকে বোঝায়।
অন্যদিকে, আধুনিক ইসরায়েল হলো ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক রাষ্ট্র।
০৯ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮
শ্রাবণধারা বলেছেন: আমি এই পোস্টে যে কথাগুলো লিখেছি সেটা কিন্তু চ্যাট জিপিটি এখনও জানে না। আর সেটা হিব্রু বাইবেল আর সাধারন বাইবেলের পার্থ্যকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়।
৬|
০৯ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের উগ্রবাদীরা ধর্মকে সেভাবে মানে বলে মনে হয় না। তারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে মাত্র। কিন্তু ইসলাম তো একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ইসলামিক দেশগুলোতে শরিয়াহ প্রতিষ্ঠার আলোচনা আসে। রাজনৈতিক ইসলামও ইসলামের মধ্যেই রয়েছে।
ইসলামের মধ্যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছুই আছে। যারা উগ্রবাদী কর্মকাণ্ড করে, তারা ইসলামী শাসনব্যবস্থার একেবারে নিম্নস্তরে অবস্থান করে। ইসলামের সঙ্গে বাকি ধর্মগুলোর তুলনা করায় অবাক হলাম।
০৯ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
শ্রাবণধারা বলেছেন: হা হা!
রসিকতা করলেন?
জেমস টালারিকো লোকটা সম্পর্কে আপনার কী মনে হলো?
০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০১
শ্রাবণধারা বলেছেন: ব্লগ এমনিতেই পাঠক শুন্য, তার উপর এই জাতীয় বিষয়ের পাঠক ব্লগে বোধ হয় একেবারে নেই।
৭|
০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আমি রসিকতা করছি না । ইসলাম একটা জীবন ব্যবস্থা । ইহা বাকি সব ধর্মের সাথে তুলনাযোগ্য নয় । ইসরায়েলের কেউ তাদের তোরাহ অনুসারে এখন লাইফ লিড করবে না । মুসলিম রা করবে । তাই বাকি ধর্মের উগ্রবাদীদের সাথে ইসলাম কে মেলানো যাবে না ।
০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৩
শ্রাবণধারা বলেছেন: জীবনব্যবস্থা বলে কোনো চিরস্থায়ী বিষয় নেই। যেটা আছে, সেটা হলো জীবনযাপনের রীতি বা পথ - আর সেই পথ সময়ের সাথে সাথে পাল্টায়।
বহু বিবাহের বিষয়টা ধরুন। ইহুদিদের ধর্ম থেকে চার বিয়ে করার প্রথা এসেছে। ইহুদিরা সেটা আঠারো শতকেই নিয়ম করে বন্ধ করেছে; মুসলমানেরা এখনও সেটা থেকে বের হতে পারেনি। এখানেই পার্থক্যটা। পাশ্চাত্যের উগ্রপন্থিরা চায়, যাতে তারা এসব নিয়েই পড়ে থাকে। মূর্খ হয়ে থাকলেই তাদের নিয়ে রাজনীতি করাটা ফার রাইটদের জন্য সহজ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছুদিন পরে নেতানিয়াহু আবারও তার সৈন্য ও কমান্ডারদের একটি চিঠি পাঠান।
সেখানেও তিনি পুনরায় বাইবেলের এই অংশটি উল্লেখ করেন।
.............................................................................................................
মুখে যারা গনতন্ত্রর কথা বলে, তারাই প্রয়োজনে সবার আগে তা হত্যা করে ।
বাইবেল বহুবার বিকৃত করা হয়েছে, রাজা মহারাজা তার প্রয়োজনে শাসনকার্য
র্নিবিঘ্নে করার জন্য ।
তাছাড়া ইসরাঈল প্রকৃত খৃষ্টানধর্ম পালন করেনা ।