নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি, আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত)

আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত) › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা-০৭

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!
কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার মুঠোফোনে।

আর আমি তখন—
পদ্মা, মেঘনা আর ডাকাতিয়ার সঙ্গমস্থল
থেকে একটু পেছনে দাঁড়িয়ে,
বামদিকে নতুন ঘাটের নীরব প্রান্তে
দিগন্তের শেষ সীমারেখায়
একটি স্বপ্নের সলিলসমাধি দেখছিলাম!

অপেক্ষায় ছিলাম অস্ট্রিচ কিংবা লেপচার—
পৌঁছে যাব কীর্তনখোলার পাড়ে।

নিয়তির গতিপথ পাল্টে যাবে,
আমাদের পথও হয়তো বদলে যাবে—
কখনো ঝিকঝিক শব্দে ছুটে চলা ট্রেনে,
কখনো শহরের চেনা সিটি সার্ভিসে;
তবু পাশাপাশি থাকার
একটি ছোট্ট স্বপ্ন বুকে নিয়ে।

এই ছিল কি তবে---তোমার আমার সাতকাহন?

তুমি একদিন এসে দাঁড়ালে সেই মোহনায়—
যেখানে কত নদী এসে
নিজেদের নাম হারিয়ে ফেলে;
শুধু আমি ছিলাম না-সেই চেনা সীমারেখায়।

তুমি ছিলে, নদী ছিল, দিগন্ত ছিল—
শুধু ছিল না আমাদের
একসঙ্গে হেঁটে যাওয়ার সেই প্রতিশ্রুত পথ।

আজও কোনো পড়ন্ত বিকেলে
নদীর জলে সূর্যের শেষ আলো পড়লে
মনে হয়—
হয়তো সেদিনের সেই খুদে বার্তাটি
এখনো কোথাও ভেসে আছে,
কোনো অচেনা স্রোতের টানে
সমতট থেকে কীর্তনখোলা হয়ে সমুদ্রের পানে...

আর আমি—
আজও দাঁড়িয়ে আছি সেই মোহনায়,
একটি অসমাপ্ত যাত্রার স্মৃতি বুকে নিয়ে।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও তোমার অপেক্ষায় বসে থাকি হলগেটে,
জ্যোৎস্নার বৃষ্টিতে দুটি শরীর ভেজাব বলে!
আজও আমি ফিরে আসি সেই চেনা স্মৃতির টানে,
সব কিছু মনে রাখি শুধু ভালোবাসার কারণে।

আকাশের মেঘে আজ গোপন মেঘের মেলা,
তোমার আমার মাঝে এক অবুঝ প্রেম খেলা;
যদি কভু থমকে দাঁড়ায় সময়ের এই আঙিনা,
জেনে নিও তুমি ছাড়া এ মনের আর নেই কোনো ঠিকানা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: তোমার আমার মাঝে এক অবুঝ প্রেম খেলা;
যদি কভু থমকে দাঁড়ায় সময়ের এই আঙিনা,
জেনে নিও তুমি ছাড়া এ মনের আর নেই কোনো ঠিকানা।


------অসাধারণ শব্দ চয়ন!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২২

ডঃ এম এ আলী বলেছেন:




শিরোনামহীন হলেও আছে তাতে তুমি বলে সম্বোধন
কবিতাটি পেয়ে পাঠে হয়ত সেই তুমি লিখবে এমন:-

মেঘের ডানায় লিখেছিলেম একলা থাকার গান
তুমি এসে ছুঁয়ে দিলে উদাসী এই প্রাণ
অগোছালো দিনগুলোতে নামলো হঠাৎ আলো
জানতাম না কাউকে এভাবেও বাসা যায় ভালো।

কক্সবাজারের বালুচরে যেমন সাগর এসে
নিঃশব্দে লিখে যায় ঢেউয়ের ভালোবাসা
তেমনি তুমি এসে আমার নীরব হৃদয়জুড়ে
এঁকে দিলে অচেনা এক মায়াময় ভাষা।
তুমি যেন এক চিলতে রোদ শ্রাবণ শেষের দিনে
হৃদয় আমার হারিয়ে গেছে তোমার মনের বিনে।

সাগরের ওই ঢেউগুলো ফিরে ফিরে আসে
কোন অদৃশ্য টানে ছুটে নীলের কাছে
আমিও তেমনি ফিরি তোমারই দুয়ারে
হারিয়ে যাই তোমার চোখের মায়ার ধারে।
সব কথা কি মুখে বলতে হয়? কিছু থাকুক বাকি
চোখের ভাষায় বুঝে নিও, দেবো না তো ফাঁকি।

বান্দরবনের পাহাড়চূড়ায় মেঘ যখন নামে
দূর আকাশ থমকে থাকে সবুজেরই টানে
তোমার হাতটি হাতে নিয়ে তেমনি কোনো ক্ষণে
হারিয়ে যেতে চাই দুজন নীল পাহাড়ের কোণে
সীমানা পেরিয়ে মেলাবো হাত, যদি তুমি চাও
ভাবনার এই তরী বেয়ে বহুদূরে হারিয়ে যাও।

কখনো কক্সবাজারের ঢেউ হয়ে এসো
ভেঙে দিও আমার সকল নীরবতা
কখনো পাহাড়চূড়ার মেঘ হয়ে ভেসো
ঢেকে দিও একাকী মনের ব্যাকুলতা।

সমুদ্র যতদূর যায়, আকাশ যত নীল
ততদূর তোমার সাথে হাঁটতে চাই নির্ভয়
পাহাড়ের শেষ চূড়ায় দাঁড়িয়ে কোনোদিন
বলবো তোমায় ভালোবাসাই আমার সবচেয়ে সুন্দর জয়।

শুভেচ্ছা রইল

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ~~এতো সুন্দর করে লিখার জন্য, আমার কাঁচা হাতে ১৮ বছর আগের লেখাটি প্রকাশ করেছি মাত্র! কোনরূপ পরিমার্জন /সংশোধন ছাড়াই

~আপনার পাকা হাতের লিখনীতে ~পূর্ণ প্রাণ ফিরে পেলো!

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

Aivon বলেছেন: Want to turn your favorite song into a visually engaging video without spending hours editing? AI music video maker from Viddo AI transforms music, images, and creative ideas into professional-looking music videos with visuals synchronized to the rhythm. Create singing performances, live-action scenes, and dance effects with subtitles and sound wave animations for YouTube, TikTok, Instagram, and other social platforms—no advanced editing skills required.

Viddo AI: https://viddo.ai/ai-music-video

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: Thanks a lot for your suggestion

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৯

শায়মা বলেছেন: বাহ!! অনেক সুন্দর ভাইয়া!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.