আমার প্রিয় পোস্ট

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২

শেয়ারঃ
0 0 0


চাঁদের সাথে আমার শত্রুতা বহুদিনের
জি থেকে এফ-শার্পে গেলেই
কুহকিনী নেমে এসে ঘাড়ে চেপে বসে,
আঙুল কেঁপে উঠে চোখে ঝাপসা হয় সুর।

ছায়া-ইউক্যালিপ্টাস তবু ফিরে আসবেই
আমি ধুলো ঝেড়ে চারকোল তুলে নিই
তুমি কোলে মাথা রেখে
চুলের নদী বিছিয়ে শুয়ে পড়ো।

ঘাসেদের খুঁজে পেলে দেখি
শরীরপ্রান্তে সুতো ছেড়ে তারাও অবশেষে
খুব কোমল ঘুমে ডুবে আছে-
অবসাদী ঘ্রাণে, মাতে আমার উঠান!

জোছনাও বিরহে মাতেঃ কোন আদিম পৌষ চলে যাবার সময়ে তাকে কথা দিয়েছিলো ফিরে এসে হাতে তুলে দেবে মুক্তো-শিশির, সে আশায় বসে থেকে থেকে আমার কপালে টোকা দেয়, আমি মুখ তুলে দেখি চোখে টলটলে শিশিরের মতোই একফোঁটা জল নিয়ে জোছনা অবিকল- বসে আছে; পেছনে আলগোছে পৌষ হেসে দূরে সরে গেলে আমি অবলীলায় বুঝে যাইঃ এই স্বপ্নঘোর-ঘোর-রাত প্রবল মিথ্যে!
... ...
...আমার স্থানে শুধু জলরহিত অন্ধকার কিছুক্ষণ জমে থেকে
ভোরের আলোয় সরে যায়।
পাশে পড়ে থাকে বাদামী রূপসী জি-শার্প!



***
১৭.৯.৮


ছবিসূত্র

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাজোছনাসেইরাতে তবুও পৌষ মেখেছিলো ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬
শাহারিয়ার আহমেদ বলেছেন: জি র রিলেশনে থাকেন, এফ# এ কেন যাবেন? G+C+D+Em
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৮

লেখক বলেছেন: ঐ ভুলটাই বুঝিয়েছি ভাই। ভুল করলেই চাঁদ নেমে আসে।

২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬
শিরোনামহীন বলেছেন: ...আমার স্থানে শুধু জলরহিত অন্ধকার কিছুক্ষণ জমে থেকে
ভোরের আলোয় সরে যায়।
পাশে পড়ে থাকে বাদামী রূপসী জি-শার্প!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৯

লেখক বলেছেন: খালি লাইন তুললে হবে? কিছুই বললে না?

৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৩
কঁাকন বলেছেন: ছবি কবিতা দুটোতেই +
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ কঁাকন।

৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৮
কঁাকন বলেছেন: ছবি কি আপনার তোলা?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: আমি একটু এডিট করে ছবিসূত্র দিয়ে দিলাম। আমার তোলা না, গুগলে পাওয়া!

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫১

লেখক বলেছেন: ধরেন ধরেন! চলে গেলে তো বিপদ! :-B :``>>

৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৭
মোস্তাফিজ রিপন বলেছেন: ঠিকাছে। আরো বার কয়েক পঠন হোক। :-& (দেখেন কী একখান ইমো বসাইলাম। আমি নিজেই বিমুগ্ধ। B:-/)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৫

লেখক বলেছেন: এইটা তো জ্বরের রোগীর ইমো! :-* আচ্ছা পড়তে থাকেন।

৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯
ফেরারী পাখি বলেছেন: কোমল সুর সাধা কিন্তু সত্যি কঠিন। এই কবিতাটায় শব্দের সুর নিয়ে খেলেছেন বেশ ভালোই।

আমি মুখ তুলে দেখি চোখে টলটলে শিশিরের মতোই একফোঁটা জল নিয়ে জোছনা অবিকল- বসে আছে; পেছনে আলগোছে পৌষ হেসে দূরে সরে গেলে আমি অবলীলায় বুঝে যাইঃ এই স্বপ্নঘোর-ঘোর-রাত প্রবল মিথ্যে!

কোমল এবং কঠিন সুরের আলাপ বিস্তার-------
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫১

লেখক বলেছেন: চেষ্টা থাকে। আপনার লেখার মতো কোমল হয় না। খালি চেষ্টাই করে যাই! :)

৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৭
নুশেরা বলেছেন: হাহাহা, শাহারিয়ারের কথাটাই মাথায় এসেছিল প্রথমে। তবে মাজেজা বুঝছিলাম B-)

ভাই ছন্ন, আপনার অসাধারণ কবিতায় ছোট্ট একটা ব্যাপার হঠাৎ হঠাৎ আমাকে অস্বস্তি দেয়। এটাতে যেমন "দিবে" বললেন। পরপরই কিন্তু বলছেন "মুক্তো"। "দেবে" হলে মনে হয় অস্বস্তিটা লাগতনা।

শেষ কথা, কবিতাটা অদ্ভুত সুন্দর।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৮

লেখক বলেছেন: এইটা মনে হয় বাজে অভ্যাস। আপনার চোখে পড়েছে, আমি মূর্খ তাই চোখ এড়িয়ে যায়। ঠিক করলাম!

৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৩
তানজু রাহমান বলেছেন: ইন্টারেস্টিং...স্টাইলটা ভালো লেগেছে। কবিতাটাও!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে তানজু! :)

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬
শফিউল আলম ইমন বলেছেন: এক কথায় অসাধারন।
অনেক ভালো লাগল।
এটা প্রিয়'তে এ্যড না করে পারছি না।
মুগ্ধ হয়ে পড়লাম।

তারপর কেমন আছেন ভাই?? কাজ কেমন যাচ্ছে???
(অফটপিক: আমি একটা কবিতা! দিয়েছিলাম যদি দেখতেন, প্রীত হই।:))
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ভালো লাগলো তোমাকে এখানে পেয়ে। তোমার পাতায় যাচ্ছি। আমি মোটামুটি ভালই আছি। কাজও চলছে একরকমের...:)

শুভেচ্ছা নিও।

১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
কৃষক বলেছেন: খুব ভাল লাগলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ কৃষক (নাকি কৃষাণী?)

১২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: আপনারেও দেখি চাঁদে ধরছে। চমৎকার আক্রান্ত হবার লেখা।

জোছনাও বিরহে মাতেঃ কোন আদিম পৌষ চলে যাবার সময়ে তাকে কথা দিয়েছিলো ফিরে এসে হাতে তুলে দেবে মুক্তো-শিশির,

জীবনান্দ প্রবল।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: পৌষ আসলেই জীবনানন্দ চলে আসে!:( কী করি বলেন তো!

চাঁদে ধরে নাইক্যা। অনেকদিন ওকে উপেক্ষা করেছি, তাই দু'তিনদিন বড়ো জ্বালাচ্ছিলো। তাই প্রাণ ওষ্ঠাগত হবার আগেই ওকে নিরস্ত্র করলাম!:)

১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
লাল দরজা বলেছেন: আমি অবলীলায় বুঝে যাইঃ এই স্বপ্নঘোর-ঘোর-রাত প্রবল মিথ্যে!

আজ থেকে আপ্নের লেখার ভক্ত হইতে হবে মনে হয় :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: আমি অলরেডি আপনার লেখার হয়ে গেছি! আমার প্রিয় পোস্ট দ্রষ্টব্য!;)

ওখানে কিছু বলিনি কারণ বলার জন্যে আমার মুগ্ধতার ঘোর কাটানো জরুরি।

ভালো থাকবেন।

১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫
মুকুল বলেছেন: দারুণ!!! ঘোরলাগা সুরের কবিতা...

*****
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ঘোরলাগা মন্তব্য করলেন মুকুল ভাই!:)

১৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
আমি ও আমরা বলেছেন: মুকুল বলেছেন: দারুণ!!! ঘোরলাগা সুরের কবিতা..

মুকুলকে মাইনাচ- আমার কথা বলল কেন আগে।

ভালো লাগল কিন্তু

বুড়ো আঙ্গুল উপরে।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ বাপ্পী ভাই। ঘোরের চোটে আমি ঘুরতেছি বেশ!:)

১৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
পারভেজ বলেছেন: কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় লেগেছে। শেষ লাইনটা সমাপ্তির পূর্ণতা টেনে দেয়।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: কাঠামোটা নিয়ে একটু পরীক্ষা করেছি পারভেজ ভাই। আপনার ভাল লেগেছে, এতে ভালো লাগছে!

ভালো থাকুন!

১৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩১
এই আমি বলেছেন: অনেক ভালো লাগল কবিতাটা...............+.............ছবিটাও..........

++=+...............
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: অনেকগুলা প্লাস দিয়ে দিলে তো!! :)

আমার পাতায় অনেকদিন পর এলে। কেমন আছো?

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৮

লেখক বলেছেন: হুম। :)

১৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৪
রুবেল শাহ বলেছেন: এ প্রজন্মের লেখা পড়ে আমি মাতাল হয়ে যাই..........

ফিউশন কবিদের তালিকা নতুন করে কর.............
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল ভাই। তবে 'ফিউশন' ব্যক্তিটির নাম এখানে বলবেন না। আমি প্রতিক্রিয়াশীল লোকজনকে ঘৃণা করি। আমাকে বেশ বিশ্রীভাষায় গালি দিয়েছেন এই বে-ভদ্রলোক। তার মত, পছন্দের বাইরে সকল লেখাই 'ফালতু', 'আবর্জনা" এরকম নানাবিধ উপমা। কবিতালিকা করার প্রয়োজন দেখি না। যে কবি আমার প্রিয় তার বই কিনে পড়াটাই আমার কাছে বেশি আপন মনে হয়। যাহোক, অনাকাঙ্ক্ষিত বকবকানি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

২০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩১
এই আমি বলেছেন: ভাইয়া ভালো আছি..............

অনেকদিন পড়ে এলাম..............

এখন থেকে প্রতিদিনই আসব.................
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: :)
এখন থেকে প্রতিদিন!! তাহলে তো আমাকেও প্রতিদিন লেখা দিতে হবে!:(

এতো লেখা কীভাবে লিখি?
ভালো থেকো আপুমণি!

২১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
দুরের পাখি বলেছেন: ভালো কবিতা ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: ভালো মন্তব্য। :)

২২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
ফয়সল নোই বলেছেন: `চাঁদের সাথে আমার শত্রুতা বহুদিনের
জি থেকে এফ-শার্পে গেলেই
কুহকিনী নেমে এসে ঘাড়ে চেপে বসে,
আঙুল কেঁপে উঠে চোখে ঝাপসা হয় সুর।

ছায়া-ইউক্যালিপ্টাস তবু ফিরে আসবেই
আমি ধুলো ঝেড়ে চারকোল তুলে নিই
তুমি কোলে মাথা রেখে
চুলের নদী বিছিয়ে শুয়ে পড়ো।

ঘাসেদের খুঁজে পেলে দেখি
শরীরপ্রান্তে সুতো ছেড়ে তারাও অবশেষে
খুব কোমল ঘুমে ডুবে আছে-
অবসাদী ঘ্রাণে, মাতে আমার উঠান!

জোছনাও বিরহে মাতেঃ কোন আদিম পৌষ চলে যাবার সময়ে তাকে কথা দিয়েছিলো ফিরে এসে হাতে তুলে দেবে মুক্তো-শিশির, সে আশায় বসে থেকে থেকে আমার কপালে টোকা দেয়, আমি মুখ তুলে দেখি চোখে টলটলে শিশিরের মতোই একফোঁটা জল নিয়ে জোছনা অবিকল- বসে আছে; পেছনে আলগোছে পৌষ হেসে দূরে সরে গেলে আমি অবলীলায় বুঝে যাইঃ এই স্বপ্নঘোর-ঘোর-রাত প্রবল মিথ্যে!
... ...
...আমার স্থানে শুধু জলরহিত অন্ধকার কিছুক্ষণ জমে থেকে
ভোরের আলোয় সরে যায়।
পাশে পড়ে থাকে বাদামী রূপসী জি-শার্প!'....

লেখাটা অনবদ্য মনে হয়েছে।+খুব ভালো লেগেছে।ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: ফয়সল ভাই, আপনাকে ধন্যবাদ। পুরো কবিতাই তুলে দিলেন?! একটু অবাক হয়েছি। যাক্‌, পুরোটাই ভালো লাগছে মনে হয়!:)

কেমন আছেন?

২৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
মুনতাসীর মারুফ বলেছেন: মাঝখানের সোয়া পাঁচ লাইন যে গদ্যের আকারে, এইটা কি এই কবিতার স্টাইল?
আপনার জীবন এখন কিরূপ?
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ওটা ঠিক গদ্য হিসেবে লিখিনাই। একটু পরীক্ষা করলাম আলাদা করে।

জীবন কাটছে ভালোই। ডাক্তারের খবর কি?:)

২৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
আলাপ বলেছেন: ভাবছিলাম অসাধারণ বলে ছেড়ে দেব।
কিন্তু মনে হল

চোখে ঝাপসা হয় সুর
ধুলো ঝেড়ে চারকোল তুলে নিই
চুলের নদী বিছিয়ে শুয়ে পড়ো

ইত্যাদির জন্য আপনাকে কবি বলে যাই। ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: আমার পাতায় স্বাগতম। অসাধারণ বলে ছেড়ে দেয়াটা ঠিক হতো না। ওরকম মন্তব্য পেলে অনেক প্রশ্ন আর সংশয় জাগে নিজের ব্যাপারে।
সেখানে আপনার চিহ্নিত করে দেয়া মন্তব্য ভালো লাগলো। আবারও আসলে খুশি হবো খুব।

২৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৩
সবাক বলেছেন: আমি আরো কয়েকবার পড়বো।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: আচ্ছা পড়ো, আমি তোমার অনুভূতি জানার অপেক্ষায় রইলাম।

২৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমার স্থানে শুধু জলরহিত অন্ধকার কিছুক্ষণ জমে থেকে
ভোরের আলোয় সরে যায়।
পাশে পড়ে থাকে বাদামী রূপসী জি-শার্প!
............পড়লাম আরো কয়েকবার পড়তে হবে!!!

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ঠিক আছে চিটি'পু।
পড়েছেন বলে খুশি হয়েছি!

ভালো থাকুন। শুভেচ্ছা রইলো!

২৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
হোসেইন বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: আপনিও মনে হয় ডাইরেক্ট আমার প্রিয় পাঠকের তালিকায়। ভালো থাকবেন।

২৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২
অ্যামাটার বলেছেন: @শাহারিয়ার আহমেদ, শিরোনামহীন, কঁাকন, মোস্তাফিজ রিপন, নুশেরা, তানজু রাহমান, শফিউল আলম ইমন, কৃষক, অন্যমনস্ক শরৎ, লাল দরজা, মুকুল, আমি ও আমরা, পারভেজ, এই আমি, ফারহান দাউদ, রুবেল শাহ, দুরের পাখি, ফয়সল নোই, মুনতাসীর মারুফ, আলাপ, সবাক, চিটি (হামিদা আখতার)-----

আপনাদের মধ্যে অনেকেই গ্রীন বাটনটা প্রেস না করে একটা গর্হিত কাজ করে গেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: উল্লেখিত সবাই এখানে কবিতা-সংক্রান্ত মতামত দিয়েছেন। আপনিই শুধুমাত্র তাদের উপস্থিতি-বিষয়ক প্রশ্ন উঠালেন। এই কথাতেও কর্তৃত্বপরায়ণ মনোভাব প্রবল, তারা কী করেছেন, সেটা গর্হিত না অগর্হিত সেটা বলার ঠিকাদারি আপনাকে কেউ দেয়নি।

এরকম মতামতের পেছনে কতটা উদ্দেশ্য জড়িয়ে সেবিষয়েও প্রশ্ন জাগে।

যাহোক, উন্মুক্ত পরিসরে আপনার বেদনা প্রকাশ করছেন, ভালো। তবে আপনার উস্কানি-উঠানো মন্তব্য আমার জন্যে বেশ বিনোদন- চালিয়ে যান!

২৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০১
ফয়সল নোই বলেছেন: @অ্যামাটার ,বুঝতে পারি নি ভাই কি গর্হিত কাজ করলাম।+ দিয়েছিতো!

ছন্নছাড়া,পুরো কবিতা ভাল লেগেছে :)
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: আপনার আঙুলে ফুলচন্দন পড়ুক!!

৩০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৬
অ্যামাটার বলেছেন: আসলে যে সব নিকের প্রতি আমার অ্যালার্জি আছে, আমি পারত পক্ষে সেগুলো এড়িয়ে চলি,কিন্তু "সামপ্রতিক মন্তব্য" প্যানেলে তো আর লেখকের নাম দেখা যায় না...তা প্রায় দিন পনেরো পরে আমপার ব্লগ বাড়িতে আমার হানা দেওয়া...এখানে এসে অনটপিক মন্তব্য করা থেকে বিরত থাকলাম এ-কারণেই,যে পাছে তা লেখকের কাছে দুর্গন্ধ মনে হয়?

অবশ্য আমার মন্তব্য আপনাকে বিণোদন যোগায়, শুনে ভাল লাগল। অন্তত কিঞ্চিৎ প্রশান্তি তো দিতে পেরেছি।

এবার আরেকটা অফটপি কথা বলি,
লেখক বলেছেন............. তবে 'ফিউশন' ব্যক্তিটির নাম এখানে বলবেন না। আমি প্রতিক্রিয়াশীল লোকজনকে ঘৃণা করি।----
যে ব্যাক্তি একজন সহব্লগার সম্বন্ধে এইরকম আপত্তিকর কটুক্তি করে নিজের অহঙ্কারী নাক উচু মনোভবের লাগামহীন বহির্প্রকাশ ঘটায়, তার কোনও সৃষ্টিকর্মে সৃজনশীল মন্তব্যকরার মত রুচিবোধও অনেকের না থাকতে পারে।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: এড়িয়ে চলাটা ভালো আপনার জন্যে। কারণ নিম্নে বর্ণনা করছিঃ
১. অনটপিক মন্তব্য, সমালোচনা করেছেন এরকম অনেক ব্লগার আছেন। তাদের আমি অনেক পছন্দ করি কারণ আলোচনা করে নিজের দৃষ্টিকোণের বাইরেও কিছু চোখে পড়ে। আপনি আমার সেই কবিতায় তীব্রস্বরে বলছিলেন বানান-ভুলের কথা, একটা ভুলকেও চিহ্নিত না করে। পরে আপনাকে বলাতে যেগুলো উল্লেখ করেছিলেন তা আদতে আপনারই জানার/শেখার ভুল ছিল।

কৈফিয়ত হিসেবে বলেছিলেন যে "জাস্ট ফান...আর মানুষকে খোঁচাতে মজা লাগে"!
এটাকে যদি অন্যদের করা সমালোচনার সাথে এক-কাতারে ফেলি তাহলে তাদের অবনমন হয়। যাহোক, আমি ফান হিসেবেই নিলাম!

২."ফিউশন ৫"- আমাকে গালি দিয়েছেন, নিকবিকৃতির মাধ্যমে। আপনিও সেই গালাগালির অংশ ছিলেন। তার ধামা ধরে নিজের অবস্থানকে গালাগালির স্বপক্ষে নিচ্ছেন, ভালো কথা। কিন্তু তার প্রতিক্রিয়া গ্রহণে আপনার ভালোমানুষী হাস্যকর।

৩. রুচিবোধ নিয়ে কিছু বলার নাই। উন্মুক্ত মাধ্যমে কেউ আপনার ঘাড় ধরে ভিন্নরুচির পাতায় যেতে বলেনি। অবান্তর ফোঁস ফোঁস ঢোড়াসাপের কথাই মনে করিয়ে দেয়।

----
আপনি এই মন্তব্য পড়তে পড়তে ক্লান্ত হলে দুঃখিত। তবে বিষয়গুলোতে পরিষ্কার ধারণা আর প্ল্যাটফর্মে থাকাটা জরুরি বিধায় এতোকিছু বলা।

৩১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
নিহন বলেছেন: ঘাসেদের খুঁজে পেলে দেখি
শরীরপ্রান্তে সুতো ছেড়ে তারাও অবশেষে
খুব কোমল ঘুমে ডুবে আছে-
অবসাদী ঘ্রাণে, মাতে আমার উঠান! +=====
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৩

লেখক বলেছেন: অনেকদিন পর নিহন! কেমন আছেন?

(হ্যাঁ, ঘ্রাণে মেতেইছিলো আমার উঠান!:))

৩২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১১
অ্যামাটার বলেছেন: হুমম...আর্থিক, শিক্ষা-দীক্ষা, সামাজিক মর্যদা, অভিজ্ঞতা...কোনও ক্ষেত্রে হয়ত আপনার সমকক্ষ নই...সেটা আমার স্বীকার করতে কোনও আপত্তি নাই। তাই বলে "এটাকে যদি অন্যদের করা সমালোচনার সাথে এক-কাতারে ফেলি তাহলে তাদের অবনমন হয়।"--এই বক্তব্যের মাধ্যমে আপনি আবার প্রমাণ করলেন যে আপনি সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন।
"২."ফিউশন ৫"- আমাকে গালি দিয়েছেন, নিকবিকৃতির মাধ্যমে।................................................................ কিন্তু তার প্রতিক্রিয়া গ্রহণে আপনার ভালোমানুষী হাস্যকর।"---আচ্ছা, আমি না হয় ছা-পোষা ধরণের...না হয় মহাভারত অশুদ্ধ করেই ফেলেছি, কিন্তু জনাব, আমাকে উদ্দেশ্য করে ব্যাক্তিআক্রমণ মূলক পোষ্ট গুলোতে "হুমম... ঠিকাছে" বা "হুমম...এবারো ঠিকাছে" বলে উসকানিদাতা হিসেবে আপনার নামটা কি মানানসই? কিংবা তখন আপনার হাসি পায় না?
"কৈফিয়ত হিসেবে বলেছিলেন যে "জাস্ট ফান."---হ্যাঁ, কারণ পূর্বে কখনও আপনি আমার অপছন্দের লোক ছিলেন না, যতদিন পর্যন্ত না মুখোশ টা খুলে নিজের অহঙ্কারী সত্তাটা উন্মোচিত করেছিলেন, সেজন্যই ব্যাপারটা মিটিয়ে ফেলতে চেয়েছিলাম, বলতে পারেন সেটা ছিল একধরণের দু:খ প্রকাশ।
"৩. .......................কেউ আপনার ঘাড় ধরে ভিন্নরুচির পাতায় যেতে বলেনি। অবান্তর ফোঁস ফোঁস ঢোড়াসাপের কথাই মনে করিয়ে দেয়।"---আমি আগেই তো বলেছি, আসলে যে সব নিকের প্রতি আমার অ্যালার্জি আছে, আমি পারত পক্ষে সেগুলো এড়িয়ে চলি,কিন্তু "সামপ্রতিক মন্তব্য" প্যানেলে তো আর লেখকের নাম দেখা যায় না...আর গত দশ-পনের দিনের মধ্যে আমি আপনার ব্লগে এসেছি বলে তো মনেও পড়ে না...তবুও তির্যক আপত্তিকর একটা মন্তব্য আপনার কাছথেকেই কিন্তু প্রথম এলো, যাক, এর মাধ্যমে নিজেকে আরেকটু দিগম্বর করে আপন ব্যাক্তিত্বের জানানটা ভালমতই দিলেন। ধন্যবাদ এবং শুভ কামনা, ভাল থাকবেন।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: অন্যদের সম্মান দিলে সুপিরিয়রিটি কমপ্লেক্স হয় নাকি? জানা ছিলো না। আপনার সাথে চাপান-উতোর খেলায় ক্লান্তিবোধ করছি।
----
আপনার বা ফিউশনের মাস্তানি আমি বেশ উপভোগ করেছি। এজন্যে হয়তো তিনি আমাকে গালি দিয়েছেন, আর এখনও চুপিচুপি এসে মাইনাস দিয়ে যান যেটা আরো বড়ো বিনোদন। তবু একদিক দিয়ে আপনি স্বরপ্রকাশ করেছেন বলে এগিয়ে আছেন।
----
তামিম ইরফানের সাথে আমার এর আগে ব্লগে তেমন আলাপ হয়নাই। আপনার পোস্টের কল্যাণে দু'জনের নাম পাশাপাশি চলে আসায় একটা আত্মিক টান অনুভব করেছি। তার উদ্যোগ কেমন সে বিচার না করেই সেখানে অমন মন্তব্য। আবারও বলি, প্রতিক্রিয়া গ্রহণের জন্য প্রস্তুত হউন। কারণ নিরীহ কবিতা লিখেই অনেকে এই ব্লগে আপনাদের শ্যেন-আঘাতে জর্জরিত হয়েছে। "হোয়াট গো'স এরাউন্ড, কাম'স এরাউন্ড"!
----
রসিকতা আর কটাক্ষ বুঝার মতো অবস্থান আমার আছে। তার আগেই "ভূরি ভূরি ভূল" বলে মাইকেল মেহদি-র দলভুক্ত করেছিলেন। নিশ্চয়ই আপনি আমার ইয়ার-দোস্ত নন যে সেটাকে আমি পুরোপুরি রসিকতা ধরবো।
----
আমি মানুষটা তীর্যক। অনেক পরিশীলিতরূপে বলছি বলে কথাগুলো মোলায়েম মনে হতে পারে। তবে যে যেমন তার সাথে তেমন হবারই চেষ্টা করি।
----
এরপরেও আপনার আরো কিছু বলার থাকতে পারে, তারপরে আমারও আরোকিছু বলতে হতে পারে। এখন ভাবছি সেটা কতটুকু ফলপ্রসূ হইবে?

৩৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১২
অ্যামাটার বলেছেন: "আপনার সাথে চাপান-উতোর খেলায় ক্লান্তিবোধ করছি।"--ক্লান্তি কিঞ্চিৎ আমিও বোধ করছি, কেননা নির্বোধের সাথে বাক্যব্যায় অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। সম্ভবত এটাই শেষ মন্তব্য।
"আপনার বা ফিউশনের মাস্তানি আমি বেশ উপভোগ করেছি।............এখনও চুপিচুপি এসে মাইনাস দিয়ে যান যেটা আরো বড়ো বিনোদন।"
"তার আগেই "ভূরি ভূরি ভূল" বলে মাইকেল মেহদি-র দলভুক্ত করেছিলেন।"----
প্লাস-মাইনাস রেটিং করা ব্লগারের অধিকার। যদিও আমার মনে পড়েনা, যে আপনাকে কখনও মাইনাস রেটিং করেছি...সে যাই হোক, ব্লগে আসার আগে 'মাইনাস খেতে হতে পারে' কিংবা 'ভিন্নমত আসতে পারে'--এসব মেনেই নিশ্চয়ই ব্লগে রেজিস্ট্রেশন করেছিলেন, তাহলে এখন মাইনাস পেলে কিংবা কেরাসে সূর না মিললে অথবা কেউ তৈল মর্দন করতে না পারলে আপনার গাত্রদাহ হচ্ছে! যাক!, ফেয়ার ব্লগিং-এর নতুন দীক্ষা পেলাম আপনার কাছথেকে। হীনমন্যতার চমৎকার নিদর্শন। তাছাড়া, আপনার কথানুযায়ী মাইকেল মেহদি তাহলে নিকৃষ্ট মানের কবি,...নিজের বেলায় সামান্য মতের অমিল গায়ে জ্বালা ধরায়, সেখানে নির্দ্বিধায় একজন সৌখিন কবিকে আপনার মত উদারপন্থীর ক্যাটাগরাইজড করে ফেলা সম্পূর্ণ পরস্পর বিরোধী নয় কি?
"তামিম ইরফানের সাথে আমার এর আগে ব্লগে তেমন আলাপ হয়নাই।............... তার উদ্যোগ কেমন সে বিচার না করেই সেখানে অমন মন্তব্য।"---বিচার মানি, কিন্তু তালগাছটা আমার...দুর্দান্ত!! অবশ্য, এই অল্প পরিসরে আপনি নিজেকে যতটুকু প্রকাশ করেছেন, তাতে করে এর বেশি আশা করা যায় না।
"আমি মানুষটা তীর্যক। অনেক পরিশীলিতরূপে বলছি বলে কথাগুলো মোলায়েম মনে হতে পারে।"---
আপনার পরিশীলিতরূপের পরিচয় পেলাম, এবার বোধহয় পরিশীলতার সংজ্ঞা পালটাতে হবে!!
"এরপরেও আপনার আরো কিছু বলার থাকতে পারে, তারপরে আমারও আরোকিছু বলতে হতে পারে। এখন ভাবছি সেটা কতটুকু ফলপ্রসূ হইবে?"---নাহ! আপনাকে আমার আর কিছুই বলার নাই,
বললেও, খন ভাবছি সেটা কতটুকু ফলপ্রসূ হইবে??
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: কোনও একটা সমস্যা হচ্ছে। কর্ণকুহরে বা অক্ষিকোটরে ইন্দ্রিয়জাত-সমস্যা। প্লাস-মাইনাস এই ব্লগের এক শিশুতোষ বিনোদন, এটা নিয়ে কখনোই ভাবিত ছিলাম না। ফিউশন ৫-এর মাইনাসে বিনোদিত হয়েছি কারণ সেটাও বালখিল্য লেগেছিলো। অভিযোগ করিনাই, অথচ আপনার মনে হয়েছে আমি তাতে বিরক্ত(??)। গাত্রদাহ হওয়ার কথাও কোথাও বলিনাই। আমার কোরাসে অনেকেই সুর মেলান না, তাতে কি কারো সাথে এরকম বাহাস করেছি আর কোথাও?
মাইকেল মেহদি নিকৃষ্ট সেটাও বলি নাই। বলেছি তার সাথে আমাকে মিলিয়ে তুচ্ছ করার কথা। সেটাকেও রসিকতা ধরা যেত যদি আপনার সাথে ব্লগোস্ফিয়ারে আমার পরিচয় আরো রঙ্গময় হইতো। মেহদি-কে নিয়ে আমার মতামতও দেইনাই যে আপনি আমাকে ক্যাটাগরি করার অভিযোগে দুষ্ট করবেন।
তামিম ইরফানের ব্যাপারে আপনার আশা না করায় কিছু বললাম না।
পরিশীলনের সংজ্ঞা কেন পাল্টাবেন? আপনার খোচাখুচি করা, জাস্ট ফান ইত্যকার নানাবিধ আচরণ যথেষ্ট স্ব-পুলকদায়ী। সেটাতেই মজে থাকুন। এখন আবার বেশ উদ্দীপিত হচ্ছি। এই কথোপকথনও চলতে পারে। আপনি তীর্যক করে আমাকে কোট্‌ করতে পারেন, আরও চলুক। তবে ইন্দ্রিয়জনিত সমস্যায় আমার ব্যাপারে আপনি অনেক ধারণা পাচ্ছেন মনে হচ্ছে। যা বলি, সেটিকে তার মতই পড়ুন। ষষ্ঠ ইন্দ্রিয়গত কোন মর্মার্থ বের করার চেষ্টা করলে আরো হাস্য উৎপাদন ছাড়া আর কিছুই করবে না।

৩৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৮
শিরোনামহীন বলেছেন: @ অ্যামা: আমরা কোথায় সবুজ বাটন দিলাম না লাল বাটন এটা নিয়ে তোমার এত মাথাব্যথা কেনো ভাইয়া?

আমি বুঝিনা কাউকে খোঁচা মেরে কি মজা টা পাও। তোমার কোন নিকের প্রতি অ্যালার্জি থাকলে সেটা নিয়ে এত পাবলিসিটি করতে চাও কেন? তুমি কাউকে পছন্দ করো না করো এটা তোমার ব্যাপার। আজাইরা ব্লগের পৈবেশ নষ্ট করো কেন?

পারলে উত্তর দিও। না হলে অযথা অন্যান্য ব্লগারদের বিরক্তির কারণ হয়ো না।
৩৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৩
কঁাকন বলেছেন: কবি নতুন কবিতা কই?
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: আসছে, রান্না করতেছি।:) এসে ঢুঁ মেরেছেন দেখেছি!!

৩৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩৬
অ্যামাটার বলেছেন: @শিরো: আসলে সবুজ/লাল বাটনের ব্যাপারটা এসেছে ঘটনাচক্রে, "সাম্প্রতিক মন্তব্য"-প্যানেলটির দ্বারা প্রতারিত হয়ে এখানে অজান্তেই চলে এসেছিলাম। এসেই একটা অস্বস্তি অনুভব করলাম, কেননা চুপিচুপি এসে ঘুরে যাওয়াকে অনেকেই পছন্দ করেন না, আবার অনটপিক কোনও মন্তব্য করলে তা লেখকের মনপুত হবে না, সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ছিলাম, কেননা আমি আবার অপছন্দের লেখা হলে সেখানে অহেতুক তৈল মর্দন করতে পারি না। তাই একটা অফটপিক মন্তব্য করলাম আর কি, যখন দেখলাম তৈলবিদের সংখ্যা আর সবুজ বাটনে টিপি দেওয়ার সংখ্যার মধ্যে বিস্তর ফারাক।
@লেখক: দু:খিত, আর মন্তব্য করবনা বলেও পূণরায় মন্তব্য করাতে, শিরোনামহীণের উত্তরটা দিতে এটা করতে হল। তা চলেই যখন এসেছি, একটা প্রশ্ন করার লোভ সংবরন করতে পারলাম না, আপনি বলেছেন: মাইকেল মেহদি নিকৃষ্ট সেটাও বলি নাই। বলেছি তার সাথে আমাকে মিলিয়ে তুচ্ছ করার কথা।----
অর্থাৎ মাইকেল মেহদি'র সাথে মিলালে আপনি নিজেকে তুচ্ছ জ্ঞান করছেন, তার মানে আপনার বক্তব্য কি এটাই নয়, যে আপনি নিজেকে মেহদি'র চেয়ে উৎকৃষ্ট কবি মনে করেন? অর্থাৎ প্রকারান্তে মাইকেল মেহদি আপনার তুলনা্য় নিকৃষ্ট?
ইন্দ্রিয়জাত-সমস্যা হয়ত হতেও পারে, তাই বলে মাতৃভাষাতেও আমি অতটা অজ্ঞ কিন্তু নই।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: আমার ক্লাশে ছাত্রগুলো গর্দভ প্রকৃতির, পেছনের দিকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেমনটা হয় আরকি। তাদেরকে ঘন্টা-দেড়েকের ক্লাশে একজিনিশ বারবার করে বুঝাতে হয়। গলা শুকিয়ে যায়, ঠোঁট ভারি হয়, তবু বেতনের পয়সাটা হালাল করার জন্যে বারবার একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকি এই আশায় যে তারা হয়তো কিছুটা বুঝবে। আপনি তাদের থেকে মেধাবী বলেই মানছি, তবুও আপনাকে একটা কথা বুঝাতে পারছিনা কিছুতেই। মেহদি-কে নিয়ে আমি কোনও মতামত দেই নাই। তাকে নিয়ে অনেক হাস্য-পরিহাস আপনারাই করেছেন। "সৌখিন"-কে তাড়িয়েছেন কটূকাটব্য করে, আমি সেখানে অনুপস্থিত ছিলাম। এসে জেনেছি যে এই উপাধিটি ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়। আমাকে সেটা বলে আপনি "আমাকে" তুচ্ছ করেছেন- সেখানে আপনি বুঝলেন কি না আমি মেহদিকে তুচ্ছ করেছি?

সমস্যা মাতৃভাষা নিয়ে নয়, আবারও বলি- আমার কথা অনুধাবনেই সমস্যা হচ্ছে আপনার। কবিতার ভাষা বুঝেন নাই, জানি। আমার লেখা সুখপাঠ্য নয়, কঠিন লাগে, পড়ে বুঝা যায় না এসব ঢের শুনেছি। কিন্তু আপনাকে পেলাম সহজ-সরল কথাগুলোকেও পেঁচিয়ে মোরাব্বা বানাচ্ছেন!

বারবার বলছি অনটপিকে যেকোন গঠনমূলক সমালোচনা আমি সাদরে গ্রহণ করি। কারণ তাতে মন্তব্যকারীর চাইতে আমার উপকার বেশি হয়। সেটাতেও আপনার বদ্ধমূল ধারণা আমার বক্তব্যের বিপরীত! এখানেই নুশেরা বানানের ভুল ধরেছেন, শাহারিয়ার কবিতার একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, মুনতাসীর স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদেরকে করা প্রতিমন্তব্যে আমার ঔদ্ধত্য অণুবীক্ষণ দিয়ে খুঁজলেও পাবেন না। এসবই আপনি এই পাতায় খেউ খেউ শুরু করার আগে।

কথা বলার আগে একটু যাচাই বাছাই করুন চোখ খুলে, মগজটা চালু রেখে। আপনার ইন্দ্রিয়জাত-সমস্যার আশু নিরাময় কামনায়...

৩৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
আমি ও আমরা বলেছেন: @@আম্যাটার-- আপনি শুধু শুধু গায়ে পড়ে যাচ্ছেন একটা আলোচনা কে দির্ঘ করছেন। যা কিনা কবি ও আপনার ব্যক্তিগত। আপনার লাষ্ট মন্তব্য নিয়ে বলছি, আপনি কিন্তু এখন ও কবিতা নিয়ে কোন কথা বলেন নি। তার মানে কি দাড়াচ্ছে- আপনি কবিতা বুঝেন না, অথবা বুঝেও না বুঝার ভান, নাকি তাল গাছ আমার মনোভাব এখন ও আছে।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তি!

৩৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬
আন্দালীব বলেছেন: আপনে তো দেখি অ্যামাটারের কবলেই পড়ছেন :)
অবশ্য সেগুলা "প্রো" লেভেলে হ্যান্ডেলও করে যাচ্ছেন....
তার সাথে পারস্পরিক এই সৌহার্দ্য-স্মারক মূলক আলোচনাগুলো নজরে থাকছে।

কবিতা খুব স্বতঃস্ফূর্ত লাগেনাই। মনে হইছে ছন্নছাড়া কিছু সময়ের জন্য তার পেন্সিল হারাইছে...
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: একটি হারানো বিজ্ঞপ্তি ঝুলায়ে দিলাম। দেখি পাওয়া যায় কি না। :)

আমার মূলত এইরকম লেখাগুলাকে একটু অ্যামেচারিশ লাগে। বড়ো প্রকট করে বলে ফেলা। সেখানে স্পেসও কম ছাড়া- আপনার মনে হয় ঐটাতেই লাগছে!

এটা একটা "হোমেজ" বলতে পারেন, পুরোনো দায় চুকানো ধরনের।

অ্যামাটারের কবলে পড়েছি- শুনে মনে হচ্ছে বেশ মৌসুমী কোন ঝঞ্ঝাট! যদিও কবিতা ব্যতিরেকে এরকম আলোচনা কোন ফলপ্রসূ সিদ্ধান্ত প্রসব করবে না। সেটাই যা ক্লান্তিকর লাগে।

৪০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
এই আমি বলেছেন: ভাইয়া প্রতিদিন বলেছিলাম আসব..............মনে আছে.........?

আপনার নতুন পোষ্ট কোথায় ভাইয়া................?
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: পেন্সিলের শার্পনার খুঁজে পাচ্ছি না! :(

শিষটা কালরাতে লিখতে গিয়ে ভেঙে গেলো যে! :((

দেখি একটু পরে বসবো। তুমি এসেছো বলে এখন আসলেই লজ্জা লাগছে! কী যে করি, কী দিয়ে আপ্যায়ন করি! আমার তো বাসায় তেমন কিছু নাই। :`>

আচ্ছা আজকে কিছুমিছু নিয়ে যাও। এর পরে একটা ভালো লেখা দিবো, ঠিক আছে??

৪১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
সুরভিছায়া বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: ভালো লাগা পেয়ে আপ্লুত হলাম!

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মূর্তালা!

৪৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬
কঁাকন বলেছেন: রান্না এখনো হয়নি

ভাই রেসিপি টা দিয়েন প্লীজ

ভালো থাকুন
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: রেসিপি নাই। :(

নিজে নিজে বানায়ে কি ছাইপাশ রাঁধি, আর আপনারা আবার তার প্রশংসা করেন! এটাই অদ্ভুত লাগে!:)

ঠিকাছে এবারে ভালো করে রান্না করে খাওয়াবো!:|

৪৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৯
সবাক বলেছেন: অনেক চেষ্টা করেও আর মতামত দিতে পারছি না:(

এককথায় "প্রিয়াষু...."
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২০

লেখক বলেছেন: তোমার মতামত না দিতে পারার কারণে আমি রিক্ত হলাম, নিঃস্ব হলাম! :(
হা হা হা

ভালো আছো তো হে সবাক?

৪৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৩
অ্যামাটার বলেছেন: লেখক বলেছেন: আমার ক্লাশে ছাত্রগুলো গর্দভ প্রকৃতির, পেছনের দিকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেমনটা হয় আরকি। --
হা হা...বিশ্বজোড়া পাঠশালা মোর, সবাই আমার ছাত্র!...কমান্ড টোন-টা আছেই...থাক...

অনটপিক: কবিতা...উমমম...বিলো অ্যাভারেজ...১০-এ বড়জোর তিন দেওয়া যায়...কাছাকাছি গিয়েছেন...আর একটু হলেই পাশ মার্কটা পেয়ে যেতেন...


নতুন লেখা কই?
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩১

লেখক বলেছেন: তুলনাটা আবারও আপনি ধরতে ব্যর্থ হলেন। চোখ ভুল জায়গায় পড়লো। ছাত্রের সাথে তুলনা করি নাই, আমার বুঝানোর ইচ্ছাটা নিরন্তর সেটা বলতে উদাহরণ টানা। সবাই আমার ছাত্র তা-ও বলি নাই। কমান্ড টোন কোথায় ফুটলো- যেটা শ্রবণেতর অঞ্চল থেকে আপনি শুনতে পেলেন?

যাহোক এই প্রশ্নেরও জবাব দিতে পারবেন না মনে হয়। আবারও এখান থেকে কিছু একটা কোট্‌ করবেন, দু'একটা শব্দকে 'বোল্ড' করে দৃষ্টি সেদিকে নিবেন, আমিও হয়তো আবারও বলবো কিছু- বেশ চাক্রিক 'মোসুমী' ঝঞ্ঝাটেই আটকে গেছি আমরা!

অনটপিকে যা বললেন, সেখানে কবিতা লেখাকে পরীক্ষায় পাশ ফেল-এর মতো নম্বর দিয়েছেন। এটা আমি গ্রহণ করতে পারি না। এখানে অবশ্য আপনার দোষ নাই। পাঠ্যপুস্তক আর বোর্ডের মাথামোটা সংকলকদের দোষ। তারা কবিতাকে তুলাদণ্ডে মাপে। ১,২,..,৬,৭ করে নম্বর দেয়। সেখানে শিশুকালে মাপামাপি শিখিয়ে দিলে কারও পক্ষে সেই পথ ছেড়ে বেরিয়ে আসাটা কঠিন।

এজন্যেই মাথার পেছনে একটা সরু চিন্তা চলছে। কবিতা/অকবিতা, সফল-ব্যর্থ কবিতা এরূপ শ্রেণীকরণ যে কেউ করতে পারে। সেখানে এটাই বলা হয়, যে কেউ ক-খ-গ যে লেখাটি লিখছে তা কবিতা হয়নি, হয়েছে 'কোবতে' বা 'অকবিতা'। তারমানে কবিতা শিল্পের এমন একটি শাখা যাতে সবাই বিচরণ করতে পারবে না; তাহলে কবিতা-পাঠকদেরও শ্রেণীকরণ করুন আপনারা? সকলেই ঘ-ঙ-চ কেন কবিতাপাঠ করবে? বা তাকে বিচার করবে? সেজন্যেও কিছু যোগ্যতা অর্জন প্রয়োজন, তাই নয় কি?

নতুন লেখা (যা কিনা "বিলো অ্যাভারেজ" হবার সমূহ সম্ভাবনা!) নিয়ে আপনার আগ্রহ বেশ ধন্ধে ফেলে দিলো।

৪৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
নৃপ অনুপ বলেছেন: মহাত্মন,

আপনার আঙ্গুল কি শুনছে সেইসব কথা;
যা আপনার প্রাণ বলতে চায়...

মূলত প্রথম লাইনটিই আমাকে কবিতায় প্রবেশ করায় এর জন্য আমি-
আপনাকে/এই লেখাটিকে ধন্যবাদ না জানিয়ে,
ধন্যবাদ জ্ঞাপন করছি-

চাঁদের সাথে আমার শত্রুতা বহুদিনের

সহমর্মার্থে
সর্বোপরি

মঙ্গলার্থে...
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: সব কৃতিত্ব মনে হয় ঐ লাইনটার-ই। ওখানে পুরো কবিতার ভারকেন্দ্র। আপনাকে আমার পাতায় দেখে খুশি হচ্ছি। ভালো লাগছে।

ভালো থাকুন।

৪৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৮
মুয়ীয মাহফুজ বলেছেন: এক কথায় বলতে গেলে কবিতাটিতে আমি বিনির্মানের বেশকিছু ইট পেয়েছি কুড়িয়ে....পারস্পরিক সমান্তরাল অথচ কাব্য ও সংগীতের বেশ অভিগ্য নিরীক্ষা পেলাম,খুবই ভালো লাগলো...
"চাঁদের সাথে আমার শত্রুতা বহুদিনের
জি থেকে এফ-শার্পে গেলেই
কুহকিনী নেমে এসে ঘাড়ে চেপে বসে,
আঙুল কেঁপে উঠে চোখে ঝাপসা হয় সুর।"
-স্বাভাবিক চিত্রটির মতো তবু সাংগীতিক নিয়মাবলী যেন কাব্যতে প্রয়োগ করলে কুহকিনী নেমে এসে ঘাড়ে চেপে বসে,
(লকরিয়ামোডে বা সেভেন্থ নোটে জি এর সার্কেলে ডিমিনিশডের বদলে এফ শার্প আনা যায়,জ্যাজি ফিল আসবে)আর আসলেও সেটারই দরকার...

কিন্তু আবার...
"
জোছনাও বিরহে মাতেঃ কোন আদিম পৌষ চলে যাবার সময়ে তাকে কথা দিয়েছিলো ফিরে এসে হাতে তুলে দেবে মুক্তো-শিশির, সে আশায় বসে থেকে থেকে আমার কপালে টোকা দেয়, আমি মুখ তুলে দেখি চোখে টলটলে শিশিরের মতোই একফোঁটা জল নিয়ে জোছনা অবিকল- বসে আছে; পেছনে আলগোছে পৌষ হেসে দূরে সরে গেলে আমি অবলীলায় বুঝে যাইঃ এই স্বপ্নঘোর-ঘোর-রাত প্রবল মিথ্যে!
... ...
...আমার স্থানে শুধু জলরহিত অন্ধকার কিছুক্ষণ জমে থেকে
ভোরের আলোয় সরে যায়।
পাশে পড়ে থাকে বাদামী রূপসী জি-শার্প!"

শেষলাইনটি যেন অবিরাম নিক্ষার প্রতীক!(জি হোমে যে সংগীত জি শার্পে শেষ হয় সেইখানেই আসলে অদেখা জ্যোছনা খুঁজে পাই বা সেখানেই যেন গ্রামারের প্রচলিত ছন্দ মূখ থুবরে পড়ে!আর আমাদের অতি পরিচিত জলকন্যা সেই জ্যোছনার আলোতে সমুদ্রে চলে এসে দেখায় তার জলক্রিয়া,স্নান।কবিতা আর সাংগিতিক পরিভাষার মাঝে কোথায় যেন এখানে গড়ে উঠে এক অবিচ্ছেদ্য টান,দীর্ঘশ্বাসের কোলাজসমূহ।

ভালো লাগলো খুব।

প্রিয়তে রেখে দিলাম।

ভালো থাকুন।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: আমি কী বলবো বুঝে উঠতে পারছি না। আপনার কবিতাটি নিয়ে চিন্তা এবং আলোচনায় আমি রীতিমত আনন্দিত আর বিব্রত হচ্ছি। একটা কবিতা হয়তো কাউকে আমার মতোই আলোড়িত করে কি না সেটা নিয়ে আমি চিন্তা করতাম। আপনাকে সম্ভবত প্রথম দেখলাম সেখানে আছেন পুরোপুরি।
-----
আমি এই কবিতাটি লেখার সময়ে খুব বিষাদী একটা গান শুনছিলাম। সাধারণত লেখালেখি এই ব্লগপাতায়ই, কাগজে লেখা হয় খুব কম। সেজন্যে হয়তো পেছনে কিছু একটা চলতে থাকে। সেই সুরের প্রভাব এটাতে স্পষ্ট! আরো স্পষ্ট হলো আপনার আলোচনায়। কোন পাঠককে কবিতাটি এত মুগ্ধ করবে সেটা আমি ভাবি নাই।
-----
গীটার বিষয়ে আমার জ্ঞান খুবই নগণ্য। এটা বিনয় নয়, সত্য।
-----
প্রিয়তে রেখে কৃতজ্ঞ করে দিলেন। ধন্যবাদ আপনাকে।

৪৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১২
একরামুল হক শামীম বলেছেন: মুয়ীয মাহফুজ এর কমেন্টটা দারুন হইছে।

তোমার কবিতা আগেই পড়েছি। সিম্পলি গ্রেট।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: আমার মনে হয় এইরকমন মন্তব্যের কারণে কবিতাটি "গ্রেট" হবার সাহস করবে।

তোমাকে অনেক ধন্যবাদ!

৪৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০
হোসেইন বলেছেন: আপনে তো দেখি সত্যকারের কবি ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: কী যে বলেন! লিখি টুকটাক। খুবই এলোমেলো চিন্তাগুলোকে বেঁধে ফেলার চেষ্টা করি, হয় না বেশিরভাগ সময়েই। সত্যকারের কবিগণ মনে হয় অনেক পারদর্শী হন।

৫০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫১
~টক্স~ বলেছেন: আপনার দারুনসব কবিতা পড়ে যাই মুগ্ধের মত একের পর এক !
ভাল লাগে !
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: তোমার মন্তব্যগুলো প্রেরণাদায়ী। ধন্যবাদ দিয়ে আর সেগুলোর মূল্যমান না কমাই!:)

৫১. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৬
সুদীপ চৌধুরী বলেছেন: ভালো লাগলো।
কিছু জিনিষ নিজের মতো বানিয়ে নিলাম।হ্য়তো বুঝি নাই বলে..।
০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: ...বা হয়তো বুঝছেন বলে।
আপনার উপস্থিতি আমাকে সুখী করছে। মনে হচ্ছে বেশ সময় নিয়ে আসছেন ঘুরে ফিরে। ধন্যবাদ আপনাকে।

৫২. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৯
ফাহমিম বলেছেন: ভাই, মাঝখানের গদ্য পার্টটা পুরা উড়ায়ে নিয়ে গেলো।

অসাধারণ লেখা!
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু ফাহমিম! :)

উড়ে চলে যেও না, কাছাকাছি থাকো!

৫৩. ০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর কবিতা..........।
কি দারুণ বয়ে চলা শব্দদের সমাহার........।
মন কাড়া লেখা......।
এই ছেলেটাকে সাধে কি আর সর্বকর্মার পেনসিল বলি?
শুভেচ্ছা নাও......।লিখতে থাকো।
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: মাঝেমাঝে ভাবি কবিতা লেখা বন্ধ করি। কয়েকদিন বিশ্রাম নেই। আর কত? মনে হয় বৃত্তবন্দী হচ্ছি না তো? এরকম আশংকা আর উদ্বেগ কাজ করে। সেইসব কেটে যেতে থাকে আপনার মন্তব্য পড়লে। এরকম কয়েকজনের জন্যেই লেখালেখিটা চালু থাকবে মনে হয়। সেজন্য অন্তর থেকে কৃতজ্ঞতা আপু।

ভালো থাকুন সবসময়।

৫৪. ০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
পথিক মানিক বলেছেন: এতো সুন্দর একটা কবিতা চোঁখ ফসকে গেলো কি ভাবে তাই ভাবছি পড়ার পর থেকে। অভিনন্দন ......নাও কবি।
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: ফসকালো কই? এইতো বেশ পড়েছেন, মন্তব্যও করেছেন!

অভিনন্দন সানন্দে গৃহীত হলো!:)

৫৫. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
শান্তির দেবদূত বলেছেন: :|:|:|:|:|:|:|:| -

দিন দিন আমার এন্টেনা দূর্বল হয়ে যাচ্ছে, না কি সিগনাল দূর্বল হয়ে যাচ্ছে , বুঝতে পারছি না !!!! অবশ্য আমার এন্টেনা বরাবরই দূর্বল :) :)
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩২

লেখক বলেছেন: কী যে বলেন! আপনার অ্যান্টেনা মোটেও দুর্বল না।
বেশ কিছুদিন আপনাকে দেখছি না। ব্যস্ত নাকি?
দেশে আসছেন কবে?

৫৬. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
রাতিফ বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়তে অনেক দিন লাগিয়ে দিলাম....ক্ষমা করেন ভাইয়া।


কেমন আছেন?
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: ক্ষমাপ্রার্থনা কেন? তোমাকে বেশ কিছুদিন ব্লগে দেখিনি। তারপরেও এসে পড়েছ তাতেই আমি খুশি!

আমি ভালো আছি। তুমি ভালো থেকো।

৫৭. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
প্রণব আচার্য্য বলেছেন: খুবই চমৎকার লিখেছেন আন্দালিব?
১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু। কিন্তু প্রশ্ন কেন?

 

মোট সময় লেগেছে ১.৩৫৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির সর্বস্বত্ব সংরক্ষিত©লেখক

যোগাযোগঃ shunno.oronno@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই