নতুন ঠিকানায় আমি
১৫৬ সলিমুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
এই ঠিকানায় আমি থাকি। একদিন কি খুব
গোপনে গোপনে আমাকে দুকলম লিখবে তুমি ?
যদি লেখ মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বনে যাব
বন থেকে তুলে আনব যাবতীয় কাঠালচাঁপা
তাদেরকে গলায় পরে মিশে যাব হরিয়ালের দলে
তখন পৃথিবীর এই মস্ত আকাশ জুড়ে
মেঘেদের হাঁটাহাঁটি, আর আমার নিবেদনে
তোমার ওষ্ঠে প্রকম্পিত ‘ ভালোবাসি ’।
শতাধিক বর্ষ ধরে জানি
আমার কোন নিবেদনে নেই বন্ধনের গন্ধ
নেই বিন্দুমাত্র প্রতুত্তর, তবুও স্বেচ্ছায়
অন্ধকার ডেকে এনে মিছেমিছি চোখ বুঁজি
আর যতসব নিষিদ্ধ স্বপ্ন দেখি
অন্ধ জীবনে স্বপ্নের ডিঙ্গি ভাসিয়ে মেলে না
আলোর সন্ধান, অন্ধকার ভীষণ ভবিষ্যৎ
তবুও সজ্ঞানে তোমাকে চাই
চাইতে চাইতে তুমুল রক্তপাতে
একদা লাল হয় এই কালো রাজপথ।
বদলবেলা
হঠাৎ করে ভোরের আকাশ রূপ বদলে
হয়ে গেছে বিকেলের তিরতিরে নদী
বিষন্ন মেঘ রূপোর নদী জল সাঁতরে
বহুদূর গিয়ে দেখে উৎসবের আয়োজন শেষে
রংধনু ফাঁস নিয়ে ঝুলে পড়েছে নক্ষত্রের কাছে।
রংধনুর অপঘাতে মৃত্যু হলে
তার মরদেহের গত্যন্তর নিয়ে
কোলাহল জমে সুহৃদ বাতাসের মুখে
সবকিছু বদলে গেলে পোড়ামুখী ঘরটা
নগরের স্মৃতি হাতে একা একা কাঁদতে বসে
বিষন্ন মেঘ ডুবে যায় গোপনজলে।
রচনাকাল ঃ ১৯৯৯
প্রকাশকাল ঃ একুশে বইমেলা ’ ২০০২
কাব্যগ্রন্থ ঃ সান্নিধ্যে অনন্ত বিরহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

