অভিবাদন জানাই তোমাকে।
রূদ্ধদ্বার বৈঠক শেষে এই যে, আমার একাকী কামরায় তোমার পদার্পন-
আমি উল্লসিত না হয়ে পারি না, যদিও আমার উল্লাস
দৃষ্টিগ্রাহ্য নয়।
আবেগ সংযত করার শিক্ষা আমি পেয়েছি
বহু বছর হয়।
প্রকাশ্য আবেগ সবসময় সমুচিত নয়।
ভেবে দেখো, হাওয়ায় হাওয়ায় যখন
ঘুরে বেড়াতো কামনা স্বপ্নের হাত ধরে,
আশার জলছাপে যখন আমাদের যুগল ছবি
ব্লকপ্রিন্টে ছাপা হতো আর আমরা
কোনো এক বৃষ্টি ভেজা রাস্তায় উদ্দাম--
ছুটতাম, ছুটতাম, শুধুই ছুটতাম এক শেখানো মন্ত্র আউড়ে
-বড় সত্যি মনে হতো।
সত্য কি কখনো আপেক্ষিক হয়?
এই যে, আমার মলিন কামরায় তোমার একাকী পদার্পন
কোনো এক রূদ্ধদ্বার বৈঠক শেষে,
এও কি সত্য নয়?
তবু কেনো আজ এই বহু বছর পর
ফ্ল্যাশব্যাকে সেই সব বৃষ্টি,
ভেজা চুলে ঝাপসা চোখে অপার্থিব পৃথিবী
বড় ধ্রুব মনে হয়!
শহীদ কাদরীর মতো আজ আমি বলতে পারি না,
'তোমাকে অভিবাদন প্রিয়তমা', তবুও
অভিবাদন তোমাকে।
অভিবাদন আমাকে।
আমার
উল্লসিত চেতনায় এখন মলিনতার জলছাপ।
আর সেই জলছাপে ব্লকপ্রিন্টে ছাপা
শূন্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

