গাছমৃত্যুর পরে
-আবু মকসুদ
গাছের মৃত্যুর খবর ছড়ালে
কৃতঘ্নের ধূসর ছায়া দেখে
অভিমানে মহাপ্রস্থানের পথ
পাড়ি দেয় এক ঝাঁক শালিক ।
একান্নবর্তী পরিবারে বিশাল বটবৃক্ষ
একাশি বছর ধরেছেন ছাতা
পাতে বেড়ে দেয়া অন্নজল অভুক্ত,
ব্যাঙ্কঋণের ঘাপলা মিটাতে
ভরা জ্বর শরীরের জ্বলনটুকু
চেপে হেঁটেছেন নিশুতির মাঠে।
সংসারের গোলক ধাঁ ধাঁ’য় উড়াতে
মসৃন ঘুড়ি, রৌদ্রের চরম রেখায়
থামেন নি, খসখসে চামড়ার উদরে
প্রলেপের ছোঁয়া লাগানোর প্রয়োজন
বোধ হয়নি কখনও, পাথর সময় আচমকা
শেয়াল ফাঁদে চেপে ধরলে কণ্ঠ
রংধনু ধার করে পৌছেছেন প্রকাশিত সুরগুচ্ছে।
অনাবৃষ্টির ধান ক্ষেতে সর্বদাই
সচেষ্ট থেকেছেন সেচের আয়োজনে
গাছের মৃত্যু হয়েছে, এক নজর
দৃষ্টিপাত করে মানবকুল চলে যায়
মদনউৎসবে, এক ঝাঁক শালিক দায়িত্ববোধে
পালক বৃষ্টিতে সারে গাছের শেষকৃত্য ।
সন্ধ্যার গড়ান বেয়ে ফিরে এলে কাক
হাহাকারে কেঁপে উঠে পাহাড় চূড়া
গাছের মৃত্যুতে ব্যথিত কাকের দল
মানবের তিলকে এঁকে দেয় কলঙ্কছাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




