রুমালের নৃত্যনিবেদন
-আবু মকসুদ
আমার জন্মদিন, চতুর্ভুজ একটা জানালায়
সূর্য উদয়ের সাথে মানচিত্রের নৃত্যনিবেদন
এখন অনায়াসে যাতায়াত তেরো নদী পাড়ে
কাঁকুরে পতিত জমি, মন্থর সময়, মার্চপাস্ট
করে নতুন ইতিহাসের সর্পিল পথে বিছিয়েছি
শারীরিক সম্পত্তি। ভ্রমনে স্বাস্থ্য ভালো হয়, জেনেছি
বিবর্ণ, নিঃসহায় বানভাসী এখন যথেষ্ট খ্যাতিমান
ব্যস্ত শহরের দুরূহ থাবায় ছিলাম কম্পমান
আকাশ তখন দেখাতো শুধু ফিকে রঙ
অভাবের থলের বিদ্রুপে পুড়েছি দুরাত্মার মতো
দুর্মূল্য সময়ে মুখে ঝামা ঘষে ঘষে শিখেছি
জেব্রা পারাপার। পকেটে এখন নিশ্চিত রুমাল।
জন্মদিনে হলুদ বাড়ির ছাদে পলাশ পুরুষ
দূরে জন্মভূমি আত্মঘাতি হতে সর্বদা তৎপর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

