দীর্ঘ ছায়ার চাঁদ
-আবু মকসুদ
আমাদের ছায়া ক্রমশ খাটো হচ্ছে, যারা
দীর্ঘ ছায়া দিতো তাদের মৃত্যু ঘটেছে
একটু আলাদা জীবন চাই একেবারে নিজের জন্য
মালঞ্চের মৌমাছিদের মত মধু আহরণে আরো কিছুকাল
পাখিদের ধারালো ঠোঁটও একদিন ভোঁতা হবে জানি
কোন এক হলুদ সন্ধ্যায় থেমে যাবে চাঁদের হামাগুড়ি
তবু আরেকটু সময় ভাসতে চাই পাখির পালকে, নির্বাসনে
যাওয়ার আগে কুড়াতে চাই আরো কিছু নিশ্চিত রোদ
অতিক্রান্ত সময় ঘোরে কাঠিয়েছি, ল্যাম্পপোস্টের
আলো ধার করে লিখেছি প্রিয় সন্তান-সন্ততির নাম
মফস্বলি অফিসের দুপুরে স্বপ্ন খুন হলে দৃঢ়বদ্ধ আঙুল
দিয়ে ছুঁয়ে গেছি গাছদের শরীর, তাদের ছায়া শিক্ষা
আমাকে শক্তি যুগিয়েছে, দহনে পরিশুদ্ধ হয় জেনে
নিজস্ব শিরা ও ধমনী বিক্রি করে পুষেছি নীলকণ্ঠ পাখি
জীবনের ছায়া ক্রমশ খাটো হচ্ছে জানি, আসন্ন শীতকালে
গ্রহান্তরের পাখির মতো আরেকটি বার ছুঁতে চাই নিজস্ব আকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




