চল সখি
-আবু মকসুদ
চল সখি,
আধখানা চাঁদ নিয়ে
আঁচলে জমানো ভোর
গোধূলি, সন্ধ্যা তিলক
ঐ যে পাহাড়ের গায়ে পাথরে খোদাইকৃত
হাঁটু পায়ে নোনাজল নদী
কি যেন নাম তার? শাঁকচুন্নি না শঙ্খচূড়?
আজ ভোরে আমাদের নাম ধরে ডেকেছে রে
কিংবা কাজল দীঘি- দীঘি জলে ছুঁয়ে যাওয়া সেই সব বুনো ফল
অন্ধকারে মোমের আলো, বয়সী বটের নীচে ক্ষয়ে যাওয়া পথ সব
পুবের আকাশে দেখা ডিমের কুসুম
ভেজা ঘাস, সবুজাভ সবজি, ঘিয়ে ভাত
জানালায় দেখা তোর মুখ।
রাস্তা ধরে অনন্তের পথ- সেই সব শেষ না হবার পথে।
সরু সরু আল, ধান ক্ষেতে বয়ে যাওয়া ঢেউ
মুখে পুরে ঢেউগুলি ছেড়ে দেয়া বুকের ভিতর
ভোর ভেঙ্গে গেলে দুপুরের গায়ে লাগা রোদ
প্রখর দীপ্তি নিয়ে জেগে উঠা সূর্যমুখী
পাততাড়ি ফড়িং পিছে দোয়েলের শিস
আগাছায় ঢেকে যাওয়া কুয়োটার পাশে...
চল সখি
মিথ্যার আগুনে পুড়ছে যে নাগরিক জীবন
তারে ফেলে মেঠো পথ ধরে
জোরে দেই ছুট...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



