নতুন বাসায় আমার ঘরে একটা বারান্দা আছে। অনেক দূর পর্যন্ত দেখা যায়। তারপরেও কেন জানি ভালো লাগে না। কোথা থেকে বেরিয়ে আসে ১৯৯০ সালের কিছু ছবি। এই হলুদ ফ্রকটা খুব পছন্দের ছিল আমার। আর ঐ হেয়ার ব্যান্ডটাও! বারান্দায় গিয়ে দু-এক ফোঁটা বৃষ্টি ছুঁয়ে আসি।
অসহায় লাগে কেন জানি! বাবার দৌড়-ঝাপ দেখি। মার বুড়িয়ে যাওয়া দেখি। বড় মামী কেমন আছেন? হেপাটাইটিস বি ভর করেছে তাকে। মামাতো বোনটা কি সময় দিচ্ছে তাকে? শুনলাম তার নাকি বিয়ের কথা হচ্ছে!
ছোটমামারা কেমন আছে? মামা কি এখনো হুট করে রেগে যায়? মামাতো ভাইটার জন্মদিন আজ...২৩ বছর পূর্ণ হলো।
ফুফুরা কেমন আছে? এখনো তাদের নামগুলো উল্টেপাল্টে ফেলি।
ব্যস্ত সবাই নিজেকে নিয়ে। কার সময় আছে এখন মোবাইলে দু-চার টাকা খরচ করে খোঁজ নিতে? আমার আছে আপাতত, মোবাইলে টাকাও আছে। কিন্তু...থাক।
আজ এক জায়গায় কিছু খুচরো কাজ পাওয়ার কথা। শেষ পর্যন্ত আর যোগাযোগ করেনি তারা। এখনি কোন তাড়া নেই কাজ করার। তবুও তাগিদ অনুভব করি...নিজের জন্য।
অ্যালবাম খুলে হলুদ ফ্রকটা দেখি আবার। মন ভালো হয়ে আবার খারাপ হয়। বড় কেন হয় মানুষ?
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





