বিশ্বকাপের শুরুতে যাদের তারকাখ্যাতি ছিল দ্যুতি ছড়াতে পারেননি তাদের অনেকেই। সেমি ফাইনালের আগেই বিদায় নিয়েছেন মেসি, কাকা, রোনালদো, রুনি। তবে তারকা তৈরির বিশ্বকাপে নতুন যে সব খেলোয়াড় এবারের আসরে নিজেদের জাত চিনিয়েছেন তাদের নিয়ে জায়ান্ট ক্লাবগুলো এর মধ্যেই নেমে পড়েছে রেসে। বিশ্বকাপের জমজমাট লড়াই শেষে ভালোই জমে উঠেছে ফুটবলারদের দলে ভেড়ানোর লড়াই।
খুব বেশিদিন নয়, বছরখানেক আগে রিয়াল মাদ্রিদ মাত্র ১৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করে দিয়েছিল ডাচ ওয়েসলে স্নেইডারকে। আর বিশ্বকাপ শেষে সেই স্নেইডারের নামটাই জ্বলজ্বল করছে সেরাদের তালিকায়। এখন ইন্টার মিলান থেকে তাকে একরকম ছিনিয়েই নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। ইতোমধ্যেই ২৯ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে ক্লাবটি। তবে তাকে হারাতে রাজি নয় ইন্টার। সুযোগ বুঝে এরই মধ্যে স্নেইডারের সঙ্গে ২০১৫ পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিয়েছে তারা।
বিশ্বকাপে তারকা বনে যাওয়া ফুটবলারদের গল্প এখানেই শেষ নয়। জার্মানির খুদে গোলখেকো থমাস মুলার। তার সম্পর্কে ম্যারাডোনার খেতাবটা ছিল ‘বল বয়’ হিসেব। কিন্তু আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে জবাবটা মাঠের খেলায়ই দিয়েছেন মুলার। সবচেয়ে কম বয়সে ৫ গোল দিয়ে গোল্ডেন বুটই শুধু জেতেননি, বোদ্ধাদের দৃষ্টিতে আগামী বিশ্বকাপের বড় তারকা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন তিনি। আর তাই বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়কে নিয়ে টানাহেঁচড়াটা খুব স্বাভাবিক।
আরেক তরুণ ২১ বছর বয়সী জার্মানির মেসুত ওজিলকে আর্সেনাল দিতে চান ২০ মিলিয়ন ইউরো। যদিও তার ইচ্ছে চেলসি এবং ম্যানইউর জার্সি গায়ে দেয়ার। অন্যদিকে পোডলস্কি ২০১৩ পর্যন্ত থাকবেন এফসি কোলনে। তবে এখন থেকেই তাকে পেতে সাড়ে ১৬ মিলিয়ন ইউরো অফার করে বসেছে ম্যান সিটি।
বিশ্বকাপে দুর্দান্ত খেলা ক্লোসা, সোয়াইনস্টাইগার, ফিলিপ লামদের নিয়ে মিউনিখ এবার দলবদলে তেমন আগ্রহী নয়। যাদের দলে এত বড় বড় তারার সমাহার, বয়েই গেছে তাদের দলবদলের।
গোল্ডেন বল পাওয়া উরুগুয়ের ডিয়েগো ফোরলানকে ম্যান ইউ এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দিলেও এখন তাদের কণ্ঠে তারই জয়গান। তাকে ফিরিয়ে আনতে মরিয়া এখন ক্লাবটি।
আর বিশ্বকাপে স্পেনের শিরোপা জেতার পেছনে সবচেয়ে বেশি গোল এসেছে যার পা থেকে, সেই ডেভিড ভিয়ার সঙ্গে আগবাড়িয়ে চুক্তি করে রেখেছে বার্সেলোনা। কাতালানদের জহুরী চোখ যে হিরা চিনতে ভুল করে না তার প্রমাণ তো ভিয়া দিয়েছেনই বিশ্বকাপে ৫ গোল দিয়ে। তার সতীর্থ লিভারপুলের হয়ে খেলা ফার্নান্দো টরেসকে পেতে ৫০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত চেলসি, বার্সেলোনা। তবে টরেস সাফ জানিয়েছেন, আপাতত কোনো কথা নয়। গত তিন বছর একদিনও অবসর পাননি টরেস। তাই আগে ছুটি কাটাবেন, পরে হবে সব কথা।
ইউরোপের জয়গানে খানিকটা যেন ম্লান ল্যাটিন আমেরিকার ফুটবলাররা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে দারুণ খেললেও রবিনহো ক্লাবে কখনোই ভালো খেলেননি, অতীত রেকর্ড অন্তত তাই বলে। তাই তাকে বিক্রি করে দিচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে রবিনহোর মতো এতটা দুর্দিন নয় আরেক ব্রাজিলিয়ান লুইস ফ্যাবিয়ানোর। তাকে পেতে বর্তমান ক্লাব সেভিয়াকে ৩০ মিলিয়ন ডলার দিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।
ফ্রান্সের লজ্জাজনক বিদায়ের পরও দলনেতা প্যাট্টিস এভরাকে ম্যানইউ থেকে কিনতে আগ্রহী বার্সেলোনা ও জুভেন্টাস। কোচ হোসে মরিনহোই মূল আকর্ষণ, তাই ম্যান ইউ ছেড়ে ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনির গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। স্পেনিশ ফ্যাব্রিগাসকে নিয়ে টানাটানি চলছে বার্সেলোনায়। বিশ্বকাপ জয়ের পরপরই খেলার মাঠেই তার গায়ে বার্সেলোনার জার্সি তুলে দেন স্পেনের অন্য দুই খেলোয়াড়। যা নিয়ে আলোচনা, সমালোচনা কম হচ্ছে না।
গত আসরের চ্যাম্পিয়ন ইতালির বিদায়টাও সুখকর হয়নি। তারপরও দলনেতা ক্যানাভারোর চাহিদা আছে ক্লাব ফুটবলে। ক্যানাভারোও বাকি সময়টা কাটিয়ে দিতে চান দুবাইর ক্লাব আল আহলিতে। দুবাইতে নিজের পরিবার নিয়ে ভালো সময় কাটবে বলেই ধারণা তার। তাই পরিবারের নিরাপত্তার বিষয়টিই গুরুত্ব দিয়ে দেশ ছাড়ছেন তিনি।
নাম বর্তমান ক্লাব মূল্য সম্ভাব্য গন্তব্য
ওয়েসলে স্নেইডার ইন্টার মিলান ২৯ মিলিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড
ওজিল ২০ মিলিয়ন আর্সেনাল
পোডলস্কি এফসি কইলন ১৬ মিলিয়ন ম্যানচেস্টার সিটি
ডিয়েগো ফোরলান এ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড
ডেভিড ভিয়া বার্সেলোনা
ফার্নান্দো টরেস লিভারপুল ৫০ মিলিয়ন চেলসি/বার্সেলোনা
ফ্যাবিয়ানো সেভিলা ৩০ মিলিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড
লিঙ্ক: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


