কবিতা আসবে কবে চেয়ে আছি অপেক্ষায়
আজম মাহমুদ
মাত্র একটি কবিতা লিখতে গিয়ে এতোগুলো রাত্রি ভোর হবে
প্রথমে বুঝতেই পারিনি। সেই ভালোবাসার সাতটি রঙ যখন প্রথম
এই কপালে ছুঁয়ে দিয়েছিলে, তখন শুধু ভেবেছিলাম
চালিয়ে নিতে পারবো বেশ; এটা আর এমন কি!
আজ হাজার প্রহর কেটে যায় অনিদ্রায় কবিতা আসবে বলে
আসেও ঝাঁকে ঝাঁকে জীবন্ত কবিতাদের দল, কিন্তু আমার সব
কবিতাকেই কেবল মৃত আর শাদা মনে হয়।
যে কবিতার জন্য প্রহরগুলো জেগে আছি, আরো আবেগপূর্ণ
করে বলতে পারি যে কবিতার জন্য এই ভিনগ্রহে বেঁচে আছি
সে কবিতা এতোটা জীবন্ত নয়, এতোটা মৃত নয়, এতোটা শাদাও নয়।
আমি কোন ভাবেই তাজমহলের বিশালত্বকে
আমার এই কবিতা লেখার মুহূর্ত্বগুলোর চেয়ে বড় ভাবিনা।
আমার হৃৎপিন্ডের বেঁচে থাকার প্রতিটি প্রমাণশব্দ ওরকম
তাজমহলের চেয়ে অনেক বড়।
...আজ কাল দিন-রাত কেটে যাচ্ছে কবিতার খোঁজে...
তুমি হাতের কাছেই আছো... কবিতা আসবে কবে চেয়ে
আছি অপেক্ষায়...
২৪.০৮.২০১১
রূপশহর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

