একরাতে লোকগুলো..
বিষাদগ্রস্তেরা রাত্রিপান করবেন বলে
হাজির হয়েছেন আজকের
বিশুদ্ধ আঁধারে;
তাদের বসনের গোপনে,
স্নায়ূর ঘোরতর গহিনে
প্রত্যেকেই প্রায় বহন করে এনেছেন
বহুকালের রংহীন কিছু প্রস্তরঘুম।
ক্যাম্বিসের থলেগুলোয় বিবিধ ক্লান্তি পরিপূর্ণ...
করোটির গভীরে কোথাও স্মৃতিময় রেখা আঁকা
গতরোদ!
গতরোদ!!
গতরোদ!!!
আহা রোদ! সার্বজনীন রোদ...
কতোঋতু ফেনায়িত রৌদ্রপান করেননি তারা!
এইসব মনে করে প্রায়ান্ধকারে
কাটাকুটি খেলে চলে ব্লেড,
ধারালো কিছু চকমকিব্লেড...
শিরা ও ধমনীর গল্পগুলো তাই
এইপর্যায়ে উহ্য থাকুক-
এখানে তারা ঘুমের স্বতঃত্যাগ করবেন,
রৌদ্র ও অন্ধকার ভুলে যাবেন,
অপ্রাকৃতিক হবেন-
অপ্রাকৃতিক।
------------------
আন্দালীব
২০০৫ (আনুমানিক)
[পুরানো কিছু লেখা আপনাদের সাথে শেয়ার করবার লোভ সামলানো গেলোনা...যদিও বিভিন্নদিক বিচারে এই লেখাগুলোকে এই সময়ের লেখাগুলোর সাথে মেলানো যায়না, তবু কেমন এক আবেগ কাজ করে পুরানো লেখার বিষয়ে..]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





