বিষন্ন শহরের গল্প
ভেন্ট্রিলোকুইস্টের ঠোঁটের ওপর নড়ে উঠছে দ্যাখো
আমাদের মলিন শহরের গল্পগুলো
যেসময়ে রাস্তার আলপথে দাঁড়িয়ে আমরা ফুটিয়ে নিচ্ছিলাম
হরেক রাত্রিকাতর ফুল
আনত রেস্তোরাঁর গহীনে
ওয়েইট্রেসের চোখের তারায় লেখা ছিলো গভীর মনস্তাপ
অনেক বিহ্বল রাতপাখি
আমাদের ছোট ছোট কামনার ঢেউগুলো
রেখে দেয়া ছিলো খয়েরি ঝোলার ভেতর
একটা ভাঙ্গা চশমার সাথে
কথা চালাচালির মধ্যবর্তী স্থানটিতে
আমাদের বহনেচ্ছু যানগুলো এসে থেমে ছিলো অদূরেই
নির্মোহ রাস্তার উপর
আর আমাদের কব্জিতে জমেছিলো প্রচুর
সময়ের ক্লেদ
কখনো ধরতে পারিনি আমরা
কে আমাদের এদ্দিন
বিষন্ন শহরের গল্প শুনিয়েছিলো !
--------------------
আন্দালীব
০১.০৯.'০৮
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




