ভুল রুটের বাস
ভুল রুটের বাস, তুমি নিয়ে যাচ্ছো বিবিধ রোদের আকৃতি।
জানালার বিমর্ষ কপাটে ঝুলিয়ে রাখা নৃমুণ্ডুশিকারীর লিপি।
আমাদের সান্ধ্যস্মৃতি সব, দূরের সিগনালবাতি। তুমি মূলত
নিয়ে যাচ্ছো বাতাসের গতিপথ। স্ফীত নিশানের গায়ে রৌদ্ররাশি।
আমাদের মেরুন সন্ধ্যাপাশে তুমি রেখে দিচ্ছো স্ফটিকের বৈভব,
বাতিলগ্ন ক্ষার, সমাগত গণিকার হাসি। তোমার শরীরে লতিয়ে উঠছে
দূরের দ্রাক্ষালতা। আহা ভুল রুটের বাস, তোমার সাথে বদল হয়েছে
প্রতিনিয়তের ছক, টিকিটঘর, তাবত ভালোবাসাবাসি।
------------
আন্দালীব
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



