এক্সোডাসজনিত
আবলুস কাঠের টেবিলে ঝিকিয়ে উঠছে আমাদের ঘূর্ণনপ্রিয় মুদ্রা,
ইহুদী রমণীর হাসি। আমাদের টেবিলে বাজি ধরা আছে কবে থেকে
তেইশটা ঘোড়ার নাল , হৃদপিণ্ড , কতগুলো মায়াবী মোমদানি !
ফলত আমরাই প্রথম ভাংতে শিখেছি সংবেদ, ইশারার নিহিতার্থ,
শিলালেখখানি! আমাদের আঙুলের দাগ থেকে গেছে আদিপুস্তকের
পাতায় পাতায়। আর হৃদপিণ্ড কবে থেকে দুইভাগ হয়ে আছে নীলনদ!
এইকথা রামেসিস জানেনি - আবলুস কাঠের টেবিলে ঘূর্ণিক্লান্ত
পড়ে আছে কার মুদ্রাখানি!
------------
আন্দালীব
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



