যে ভাবে বয়স বাড়ে সেই পথে চলে গেছে দিন
কিছু তার রংচটা বাকিটুকু প্রকৃত রঙীন
ডানা মেলে উড়ে গেছে সরাসরি তোমারই সমীপে
যেখানে বন্দী আছো
সেই ক্লিশে দারুচিনি দ্বীপে
কুয়াশায় ঢেকে গেছে সকালের সবখানি সোনা
ঈশ্বরী তোমার সাথে দেখাটুকু এবারও হলনা
আঁধারে যাবার আগে আকাশের ভানুমতী খেল
মেঘে মেঘে চিনে নিল
বৃথা বেলা অলীক বিকেল
আসেনি
আসেনা কেউ
শুধু বোবা জোনাকীর রাত
একা একা ঝরাবে যে আশাহীন ব্যথার প্রপাত
সেই ব্যথাবিন্দুগুলি
রক্তমাখা কিছুটা ঘোলাটে
বর্ষানদীর মত বয়ে যাবে তেপান্তর মাঠে
যেভাবে বয়স গেল সেভাবেই বয়ে গেল দিন
প্রাচীন বিষের মত ফোঁটা ফোঁটা জমে যাওয়া ঋণ
পৃথিবী ডুবিয়ে দিয়ে ক্রমে ক্রমে সেই ঋণভার
হয়তো সময় পাবে একদিন নিজেও ডোবার
আমার ব্যথার কাছে ঈশ্বরী তুমিও যে ঋণী
আমি সেই কথা জানি
কোনওদিন তোমাকে বলিনি!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



