টিএসসি থেকে যে রাস্তাটি
একেবেঁকে গিয়ে মিশেছে নীলক্ষেতে,
বাঁয়ে রোকেয়া হলের সুউচ্চ প্রাচীর
তুলির আঁচরে ক্ষত-বিক্ষত বুক পেতে
কত শ্লোগান ধারণ করে দেয়ালটি,
ক্ষয়ে যাওয়া পলেস্তারায় চুনকামের প্রলেপ
লাল, নীল, কালো শ্লোগানের বর্ণসমষ্টি,
পুরাতন শ্লোগান মুছে আবার
নতুন শ্লোগানে সয়লাব হয় বুক তার
বর্ণিল শ্লোগানে খুঁজে দেয়াল ক্ষোভের সন্তুষ্টি।
হাতের ডানে অপরাজেয় বাংলার
মূর্ত প্রতীক হয়ে আছে যে ভাস্কর্যটি,
তার পাদদেশে নেতৃবৃন্দের স্তুতি গেয়ে
শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় চারিধার।
জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ,
উঠতি নেতাদের জিঘাংসক সুতীব্র চীৎকার,
সময়ের হেরফেরে শ্লোগানের ধরন পাল্টায়,
নেতৃবৃন্দ নামের দৈত্য কাঁধে নাবিক সিন্দাবাদ
দেয়ালে হেলান দিয়ে বসে থাকে আর ঝিমায়...
যেনো এখান থেকে পালাবার পথ জানা নেই তার।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


