বার্মিংহামে আমার দ্বিতীয় প্রিয় অ্যারাবিয়ান ফুডসের রেস্টুরেন্টটার নাম হচ্ছে মম। এটাও আরবদের পরিচালিত এলাকার বিখ্যাত অ্যারাবিয়ান ফুডস স্টোর। আগেই এর মাংসের আইটেমগুলোর প্রশংসা শুনেছিলাম। ভাবছিলাম একদিন এটাতে ঢু মারা যাক।
পরিকল্পনা মতো আমরা তিন বন্ধু কালকে সন্ধ্যায় এটাতে ঢুকলাম। ভেতরে দেখি প্রচুর পরিমানে মাংস ভাজা হচ্ছে। রুচিকর মাংস আর কাবাবের গন্ধে বাতাস মম করছে
কর্মচারীরা সব আরব দেশের বলেই মনে হলো। খেতে আসা কয়েকজন স্মার্ট তরুণী দেখে মনটা আরো ভালো হয়ে গেল। আমার বন্ধুরা তাদের ইন্ডিয়ান বা পাকিস্তানি বলে মনে করলেও আমার দৃঢ় বিশ্বাস তারা আরবই হবে। যদিও পোশাক জিন্স আর টপস। তবে বন্ধুদের কেউ অবশ্য তাদের জাতীয়তা জিজ্ঞাসা করার সাহস পেলো না
খাবারের আইটেমগুলো দেখেই লোভ লাগছিলো। আমরা অর্ডার দিলাম সেট মিল। সেটাতে থাকবে চিকেন গ্রিল, ল্যাম্ব চপ, শিস কাবাব পাস্তা আর রাইস। অর্ডার দেয়ার পর অনেকক্ষণ বসিয়ে রাখলো। ভাবলাম কি না কি জিনিস দিবে যে এতোক্ষণ বসিয়ে রাখে। কিছুক্ষণ পর যখন খাবার আসলো তখন বুঝলাম। প্রকৃত আরব খাবার এসে গেছে.......
খাবারটা কিভাবে পরিবেশন করবে সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিলো না। খাবার আসার পরে বুঝলাম এটা পুরোপুরি আরব স্টাইলেই সাজিয়েছে। বড় একটা ট্রেতে সবগুলো খাবার সাজানো আছে। বড় প্লেটের ডান পাশে বেশ বড় সাইজের একটা চিকেন গ্রিল রাখা। প্লেটের মাঝখানে পাস্তা আর তার উপর ল্যাম্বের কোপ্তা। প্লেটের দুই পাশে অল্প করে রাইস বা পোলাও রাখা আছে। পোলাওটাতেও ছোট ছোট টুকরো মাংস মিশানো। আর আছে আলাদা প্লেটে সালাদ। আর নানা রকম কেচাপ তো আছেই।
কেউ নেবার আগেই আমি মুরগির রান টা ছিড়ে নিয়ে নিলাম। এ বিষয়ে কারো সাথে কম্প্রোমাইজ করার কোনো মানেই হয় না
আমার কাছে মুরগির মাংস গ্রিল জিনিসটা খুবই রহস্যময় বলে মনে হয়। কিছু রেস্টুরেন্টে এ জিনিস এমন ভাবে বানায় যে মনে হবে যেনো পুরোপুরি শুকনো কাগজ খাচ্ছি। আবার কোথাও কোথাও এমন নরম করে ফেলে যে মাংস আর হাড্ডি আলাদা হয়ে যায়। আবার কোথাও এতো পুড়িয়ে ফেলে যে মনে হয় যেন কয়লা খাচ্ছি। বেশ আগ্রহ নিয়ে এবারের মাংসটা মুখে দিলাম।
একটা কামড় দিয়েই বুঝলাম মাংসটা অতি চমৎকার করে সিদ্ধ করা হয়েছে। স্বাদটা ঠিক লিখে বুঝানো যাবে না। এক কথায় অপূর্ব। বিশেষ করে মাংসটা কিভাবে এমন সুন্দরভাবে সিদ্ধ হলো তা আমার বোঝার বাইরে। একটুও খসখসে ভাব নেই। আবার বেশী নরমও হয়নি
এরপর নিলাম মোটা নুডলসের মতো দেখতে পাস্তা। সেটাকে একটু বেশী মসলাযুক্ত বলে মনে হলো। বিশেষ করে লবনটা মনেহয় বেশীই হয়েছিলো। এছাড়া ল্যাম্ব চপটাও খুব মজার ছিলো।
সালাদ আর বিরানি সহযোগে মাংসগুলো সব শেষ করলাম। এক ফাকে কয়েকটা ছবিও তুলে রাখলাম।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



