
বিদেশী ভাষার মুভি এতো কম দেখা হয় কেন, এই জিনিসটা নিয়ে মাঝেমাঝে ভীষন আত্মগ্লানিতে ভুগি।তাই ভাবলাম, একটা ভালো টাইপের ফরেন ল্যাংগুয়েজের মুভি দেখা দরকার।IMDb ঘেঁটে একটা কোরিয়ান মুভির নাম বের করলাম গতকাল রাতে।একরাতেই ডাউনলোড শেষ। আজকে সন্ধ্যায় তা দেখেও ফেললাম।আর এখন মনে হচ্ছে গত কয়েকদিনে এর চেয়ে ভালো কোনো কাজ আমি করি নাই।মুভি ডাউনলোড করা স্বার্থক, মুভিটি দেখাও স্বার্থক।
আর সেই অসাধারণ মুভিটির সাদামাটা রিভি্উ দিতে আবারো হাজির হলাম সামুতে।সেই মুভিটির নাম, Spring, Summer, Fall, Winter... and Spring। এটি একটি সাউথ কোরিয়ান ফিল্ম যা রিলিজ হয়েছিলো ২০০৩ সালে।এটির IMDb রেটিং ৮.১ এবং টপ ২৫০ এ ২৪৭ নাম্বারে রয়েছে। অর্থাৎ আর কিছুদিন পরে হয়তো অনেকেই এই মুভির নামও শুনবে না।

এটি মূলত জীবনধর্মী ড্রামা টাইপের মুভি, তবে একটু অন্যরকম প্লট।এখানে মুভিটি একজন বৌদ্ধ সন্ন্যাসী ও তার এক শিষ্য কে ঘিরে আবর্তিত হয়।পুরা মুভিটি ৫টি ভাগে ভাগ করা হয়েছে(যা মুভিটির টাইটেলএর পাঁচটি ঋতুর নাম ও ক্রম অনুসারে), যার মাধ্যমে ঐ বৌদ্ধ সন্ন্যাসী ও তার সেই শিষ্যের জীবনকে পর্যায়ক্রমে দেখানো হয়েছে।।
এবার কাহিনীর দিকে একটু নজর দেই, গল্পের শুরুতে দেখা যায়,ঐ বৌদ্ধ সন্ন্যাসী একটি নীরব-নিভৃত একটি জলাশয়ে ভাসা বাড়িতে বাস করেন ও ধর্মচর্চা করেন।সাথে থাকে এক বাচ্চা ছেলে, যাকে তিনি শিষ্যরূপে জ্ঞান, বুদ্ধি ও সহানুভূতি শিক্ষা দিতে থাকেন।কালক্রমে ছেলেটা বড় হয়।একদিন, ঐ সন্ন্যাসীর কাছে এক মহিলা তার অসুস্থ মেয়েকে নিয়ে আসেন এই বিশ্বাসে যে সন্ন্যাসী তাকে ভালো করে দেবেন।ঐ মহিলা তার মেয়েকে সন্ন্যাসীর কাছে কিছুদিনের জন্য রেখে আসেন। আস্তে আস্তে ঐ মেয়েটার সাথে সন্ন্যাসীর শিষ্যটির প্রেম হয় এমনকি সেটা শারিরীক সম্পর্ক অবধি যায়।খুব দ্রুত মেয়েটি সুস্থ হয়ে উঠে।কিন্তু এক পর্যায়ে প্রেমের বিষয়টি তার গুরু জানতে পারেন এবং তিনি ঐ মেয়েটিকে বাইরে ফেরত দিয়ে আসেন।ঐ মেয়ের বিরহে শিষ্যটি একসময় ঐ বাড়ি থেকে পালিয়ে যায়।এভাবে কাহিনী চলতে থাকে, আর কিছু বলবো না।তাহলে আর কাহিনীর আর মজা থাকবে না।শুধু এটুকু বলতে পারি, ঐ শিষ্যটি একদিন আবার তার গুরুর কাছে ফেরত আসে।কিন্তু ততোদিনে তার জীবনটা অনেক পাল্টে যায়।
মুভিটির এই কাহিনীগুলো ধাপে ধাপে এগুতে থাকে আর সেগুলোর ধারাবাহিক প্রকাশ পায় একেকটা ঋতুর মাধ্যমে।মূলত ঋতুগুলো জীবনের একেকটা অধ্যায়, যার ব্যবধান ১০ থেকে ১৫ বছর।একেকটা অধ্যায়ে জীবনের অন্যরকম মানে।কোনোটার সাথে তার আগেরটার মিল নেই।জীবন যেন কঠিন থেকে কঠিনতর হয়। জীবনের কঠিন বাঁকগুলোর গন্ডি পেরিয়ে শেষ পর্যন্ত ঐ শিষ্যটি তার বৌদ্ধ সন্ন্যাসীর দেখিয়ে যাওয়া স্পিরিচুয়াল পথেই তার karma বা পাপ মোচনের পথে নিজেকে সমর্পন করে।১০৩ মিনিটের এই মুভির Writer+Director হলেন Ki-duk Kim।
এটি একটি অসাধারন মুভি,ভিজ্যুয়ালি ও দারুন উপভোগ্য।মুভিটির সংলাপ তেমন বলতে গেলে নেই। এই মুভির সবচেয়ে শক্তিশালী দিকটি হলো এর প্লট।ঘড়ি ধরে ২০ মিনিট দেখুন, নড়েচড়ে বসতে বাধ্য হবেন।অনবদ্য এবং বেশ হৃদয়স্পর্শী।মেকিংয়ে তেমন কোনো এক্সপেরিমেন্ট নেই, অথচ এই সিম্পল মেকিংকেই আপনার কাছে পারফেক্ট মনে হবে।ব্যাকগ্রাউন্ড মিউজিক ও বেশ মানানসই।
এই মুভিটি নিয়ে পরিশেষে বলতে চাই, এই মুভি আপনাকে ভাবনার খোরাক দেবে, মনকে বিশুদ্ধ করবে আর cycles of life আর redemption নিয়ে বেশ নাড়া দেবে।সবার উদ্দেশ্যে বলছি, এই মুভিটি দেখুন, অবশ্যই ভালো লাগবে।মনকে নাড়া দেবার মতো ছবি এই Spring, Summer, Fall, Winter... and Spring (2003)।

ধন্যবাদ। ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


