তোর দিকে চেয়ে আছি স্বরচিত অন্ধকারে মজ্জমান সখা
দেখছি কীভাবে তুই মশারির মতো করে গুটাস জীবন,
ঠাস ঠাস বন্ধ করে একে একে সবগুলো দরোজা-ঝরোকা
হেরাগুহী মুরাকাবা? আত্মরতি? অলৌকিক হৃদয়-সীবন?
কী হয়েছে, তারাদের ধর্মঘট? ফেটে গেছে কম্পনে আসমান?
জাতিসংঘ জানিয়েছে ধসে যাবে বাংলাদেশ সমুদ্রে নির্ঘাৎ?
তাহলে কি বৃক্ষজোট তোকে আর বাকিতে দেবে না অম্লজান?
ওসব কিছু না? শুধু একটি মেয়ে ভুল করে ছেড়ে গেছে হাত?
তোর দিকে চেয়ে আছি, কী আশ্চর্য রবীন্দ্রনাথের গানে দুলে
রাত-জাগা ছেলে কিনা গুলিয়েছে প্রেম আর প্রেমকাতরতা,
ইকবালের আত্মবোধ রবীন্দ্রনাথের প্রেম বেমালুম ভুলে
হতাশার বীজ বুনে শেষমেষ হবে কোন পরার্থপরতা!
হয়তো ও মেয়ে তোকে বেসেছিলো প্রসাধনী পণ্য থেকে বেশি
সুন্দর দেহটি নিয়ে বিপাকে সে চিন্তিত সে ঠিক কাকে দেবে,
লেখকের চাকুরের চে' বরং ভালো কোনো জাঁকালো বিদেশি
পথ ছাড়্, যৌবনের হাটে সে খেলুক জুয়ো নিজের হিসেবে।
আমরা নিতান্ত চাষী জীবনের জমিনে স্বপ্নের বীজ বুনি
উদ্গমের কারুনিষ্ঠ আমাদের প্রেম সে তো আলোর প্রার্থনা,
রূপসীর বুকে কান পেতে নিত্য অরূপের কণ্ঠস্বর শুনি
আমরা নিজেকে ভাঙি নিরন্তর, করে যাই সুন্দর রচনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


