কেমন হলো ঈদ! ঈদের পর এই প্রশ্নটা মনে হয় সবাইকে শুনতে হয়। বিশেষকরে চাকুরীজীবিদের তো শুনতেই হয়। ঈদের ছুটির পর অফিসের প্রথম দিনটি তো ঈদের শুভেচ্ছা বিনিময় আর কেমন কাটলো ঈদের ছুটি এসব নিয়েই কেটে যায়!! ঈদের ছুটির পর ভার্সিটি যখন খোলা হতো তখনও এই একটি কথাই শুনা যেত সবার মুখে......ঈদ কেমন কাটলো!!
রবিবার (৬নভেম্বর) ঈদ ছিল আমার এখানে। দেশের বাইরে এটা আমার ৬ষ্ঠ ঈদ। এমনিতেই প্রবাসে ঈদগুলো কেমন যেন পানসে হয়। কিন্তু এবারের ঈদটা একটু বেশী।

এখন ঈদ মানে ছোটবেলার আর দেশে থাকাকালীন সময়টার স্মৃতিচারন। এখানে ঈদে যা করি তা হলো নামাজ পড়তে যাই, আরো কিছু বাঙালী ফ্যামিলি আছে ওনাদের বাসায় যাওয়া, খাওয়া দাওয়া আর একটু আড্ডা......ঈদ শেষ। ছুটির দিন থাকায় ইউনিভার্সিটি থেকে আলগা করে আর ছুটি নেয়ার দরকার হয়নি।

যদিও অনেক রাত করে ঘুমিয়েছি কিন্তু সকালে নামাজ পড়তে যাবার নিয়্যতে কোন ঘাপলা ছিল না। যথারীতি ঘুম থেকে উঠে নাস্তা সেরে নামাজ পড়তে যাবার প্রস্তুতি সম্পন্ন করে ঘর হতে বের হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমার বাসা থেকে অস্থায়ী ঈদগাঁ (একটা ইনডোর বাস্কেটবল মাঠ) ৫ কি,মি, যেতে লাগে প্রায় ২০ মিনিট। প্রতি ১৫ মিনিট পরপর বাস, সে অনুযায়ী ৪০ মিনিট হাতে নিয়ে বের হলাম। বাসস্ট্যন্ডে দিয়ে ২০মিনিট অপেক্ষা করেও কোন বাস পেলাম না।

হঠাৎ মনে হলো আজ তো রবিবার অর্থাৎ সাপ্তাহিক এই ছুটির দিনে অনেক রোডে বাস বন্ধ থাকে, এর মাঝে আমারটাও। ছুটলাম বাসায়, রেইনকোট পরে (বৃষ্টি হচ্ছিল) সাইকেলটা বের করতে গেলাম। গিয়ে দেখি ওখানেও আমি প্রতিকূল পরিবেশে, মানে সাইকেলের পিছনের চাকায় হাওয়া নেই।

সেই সাথে প্রথমবারের মতো হিবিজিবি মিস করলো কোন ঈদের জামাত

আর ঈদের সব পরিকল্পনা হয়ে গেল হাবিজাবি!! কেমন হলো হিবিজিবি’র ঈদ!! তারপরও উত্তর হবে ভালইতো কাটল!! (যদিও কেউ জিজ্ঞেস করবেনা!)
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। একটা সময় ছিল যখন ঈদের জন্য অধীর আগ্রহে থাকতাম। নতুন জামা কাপড়, সেলামী আর আত্মীয়স্বজনের বাসায় বেড়ানো.........কি যে ভাল লাগতো সে সময়টা!! ধীরে ধীরে সে সময়টা পার হয়ে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে এক সময় নিজেই সেলামী দাতা হয়ে গেলাম। ঈদে ভাগ্নে-ভাগ্নি বা ভাতিজা-ভাতিজি সবার জন্য আমি নতুন জামা কিনতাম। যদিও ওরা নিজেদের বাবা মা সহ অন্য সবার কাছ থেকে গিফট পেত কিন্তু আমার কাছ থেকে পাবার জন্য ওদের মাঝে আলাদা একটা চাঞ্চল্য আমি দেখতাম। আমি মুগ্ধ হয়ে সেটা উপভোগ করতাম।

তখন এটাই ছিল আমার ঈদের আনন্দ! আর এখন, মাথায় হাজারটা চিন্তা নিয়ে কখন যে সময় চলে যায় টেরই পাই না। কিসের ঈদ কিসের আনন্দ!!
সবাই কে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৩১