এখন, কলমটাকেও ছুটি দিয়েছি। টেবিলের কোন কোণায় পরে থাকে নিজেও জানি না। কলমটা খুজতে, টেবিলের তাবত বই পত্র হাতড়াই। বইগুলো সরিয়ে দেখি যদি একটা কলম সেখানে মিলে যায়। কিন্তু বেশির ভাগ সময়ই তা পাওয়া যায় না। আমার চোখের আড়ালে পরে পরে থাকে। কালি শুকিয়ে যায়। তখন ভাবনার যে প্রগাঢ়তা থাকে, তা লিপিবদ্ধ করা খুব জরুরী মনে হয়। দুই চারদিনে এমন কিছুও হয়ে থাকে যা জীবনে অনির্বাণ। তবু লিখে রাখতে আমার এমনই অনীহা।
রাতের এই নির্জনতায়, আমি নিজেকে নিঃস্ব ভাবি। অবাক হয়ে দৃষ্টি ফেরাই টেবিলের বইপত্রের ওপর। হালকা করে একবার ছুয়ে দিয়ে দেখি। কিন্তু কিছুই দেখা হয় না। আমার জীবন সংগ্রামের সাথে সাথে নিজের আত্মার পরিচয়টা বেশ দূরত্ব দিয়ে গুরুত্বহীন হয়ে থাকে। পরক্ষণে মনে হয়, আজকের কথাটা লিখে রাখি, জীবনের খাতায় একটা সোনালী সাফল্যের কথা! কিন্তু দুদিন পরে কোন দুর্দিনে, ডাইরী খুলে সাফল্যের কথা পড়তে ভীষণ বিরক্ত লাগে। নিজেকে নিজের হিংসা হয়। ছুড়ে ফেলে দিতে গিয়েও ডাইরীটা আস্তে করে টেবিলের এক কোণে (যেখানে সে থাকে) ফেলে দেই।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



