জানি না, ঘরে এলো কিভাবে। এ পাখি তো শহরের অবহেলায় বেড়ে ওঠা পাখি না। কোন বাড়ির, কারও প্রিয় পাখি হয়তবা। হয়তবা কোন মুক্তির আনন্দে কেউ মুক্তি দিয়েছে তাকে। খাঁচায় থাকা পাখির ঘর থাকেনা। আমার জানালাটা খোলা ছিলো সারাদিন। হয়তো তাই আজ রাতের মত আশ্রয়ে এসেছে সে। আমি তাকে আস্বস্ত করতে চাইলাম, আমি তার কোন ক্ষতি করবো না। কিন্তু আমার ভাষা না বোঝা পাখিটা আরও অস্থির হয়ে উঠেছিলো। আমি তার জন্য খুলে দিলাম দরজা, জানালা, চাইলেই যেন চলে যেতে পারে যেখানে খুশি, বাঁধনহীন।
রাতে তো তাকে কিছু খেতে দিতে হবে। জানি না, কি খেতে পছন্দ তার, চাল এনে দিলাম কিছু। কাছে গেলে দেখলাম ভয় পাচ্ছে আবার, তাই ঘাটালাম না আর। তারপর সারারাতে সে চুপচাপ বসে ছিলো আমার মাথার কাছে জানালায়, সকাল পর্যন্ত। সকালে জানালা খুলে দিয়ে আমি গেলাম প্রতিদিনের মত অফিসের জন্য তৈরী হতে। ফিরে দেখি সে চলে গেছে।
যেখানেই যাও, ভাল থেকো, হে এক রাতের অতিথি। একটা ঘর বানিয়ে নিও।
(গল্পটা গত রাতের। ছবিটা মুনিয়াটার)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


