কোন একদিন
তুমি ফিরে আসবে জানি,
হয়তো মেঘলা বিকেলে পথ ভুল করে
এসে দাড়াবে বৃষ্টির গন্ধে ভেজা হাওয়ায়...
আমায় দেবে বলে নিয়ে আসবে
একমুঠো নীল অপরাজিতা;
তারপর আমরা বসবো স্ফটিকের
মতো স্বচ্ছ জলাশয়ে,
হঠাত্ আমার হাতে ঘুমিয়ে থাকা
অপরাজিতা ফুলের স্পর্শ পেতে
উড়ে আসবে রংধনু রঙের প্রজাপতি..
তার ভেজা ডানা
ভালোবাসার মেঘ হবে।
কোন একদিন
তোমার ফেরার প্রতীক্ষায় আছি,
হয়তো খুব সকালে ঘুমভাঙ্গা কোমল রোদ্দুর
তোমায় নিয়ে আসবে আমার জানালায়...
দেখবে আমি ঘুমন্ত চোখে
জমিয়ে রেখেছি নগরীর মৌনতা;
আমায় জাগাতে কবিতার প্রথম
আবৃত্তি করবে দ্বিধাগ্রস্ত হয়ে,
স্বপ্নে তোমায় দেখা শেষ ভেবে
আমি চোখ মেলতেই দেখবো তোমার
সেই অনভ্যস্ত কবিতার বিরতি..
তারপর রূপকথার
মতো গল্প এগিয়ে যাবে।
কোন একদিন
তোমাকে ফিরতেই হবে,
হয়তো নিঃসঙ্গ নক্ষত্র হয়ে দাড়িয়ে থাকবে
আমার মুখোমুখি হবার অপেক্ষায়...
আমাদের মাঝে দূরত্ব শুধু
এক আকাশের নীরবতা;
আমাদের বিচিত্র অনুভূতির
রূপান্তর হবে বিবর্ণ সময়ে,
সেই রুদ্ধ অথচ আদিগন্ত বিস্তৃত প্রান্তরে
প্রমাণিত হবে এই ছিলো তোমার আমার
অথবা আমাদের নিয়তি..
তাই তোমায়
ফিরে আসতেই হবে॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



