আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আজ মঙ্গলবার মিরপুরের আলুবদী গ্রাম পরিদর্শন করেছে। অভিযোগ আছে, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার-আলবদর বাহিনীর সহায়তায় পাকিস্তানি বাহিনী ওই গ্রামে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে লাশগুলো কূপে ফেলে মাটি চাপা দেয়।
তদন্ত সংস্থার সদস্যরা আজ বেলা ১১টার দিকে ওই গ্রাম পরিদর্শনে যান। তাঁরা দুপুর দেড়টা পর্যন্ত পাঁচটি কূপ পরিদর্শন করেন। তাঁরা দেখতে পান, ওই কূপগুলোর ওপর এখন ঘরবাড়ি তৈরি করে মানুষ বাস করছে। তদন্ত সংস্থার সদস্যরা পার্শ্ববর্তী খেয়াঘাটও পরিদর্শন করেন, যেখানে লাইনে দাঁড় করিয়ে মানুষ হত্যা করা হতো।
পরিদর্শন দলে ছিলেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুর রহিম, প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান প্রমুখ।
প্রসঙ্গত, একাত্তরে এই এলাকায় ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৮ সালের ২৩ জানুয়ারি আমির হোসেন মোল্লা পল্লবী থানায় একটি মামলা করেন। এ মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে আসামি করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


