বদলে যাওয়া
যাবোইতো একদিন,
এই পথেরও হবে শেষ।
পাশে ছিল যারা থাকবেনা কেউ,
দূরে ছিল যারা রয়ে যাবে দূরে;
মর্ত্যের আশ্রমে আশ্রিত সবাই,
চিরস্থায়ী কেউই নয়।
ক্ষণে ক্ষণে নিত্য আগমনের বার্তাবাহক,
আমারি মতো মানব শিশু-
ভূমিষ্ঠেই যার কান্না, চীৎকার-
বিনিময়ে প্রাপ্তি বসবাসের এক অস্থায়ী ছাড়পত্র,
মাতৃদুগ্ধ পানের অধিকার অর্জন,
অতঃপর ধরণীর উর্বর মাটিতে ক্ষণিক বিচরণ।
তারপর! এক সময় নীরব প্রস্থান,
ছাড়পত্রের মেয়াদের সেখানেই পূর্ণ অবসান।
এভাবেই সময়ের হাত ধরে কিছু পথচলা।
একা আসা, একা চলে যাওয়া-
সবাইকেই যেতে হয়, যাওয়াটাই নিয়ম।
কেউ কেউ পথের ধূলোয় কিছু পদচিহ্ন এঁকে যায়,
কালের বিবর্তনে কারও পদচিহ্ন দীর্ঘকাল রয়ে যায়,
আবার কারো চিহ্ন ক্ষণিকেই মিলায়।
আমিও মিলিয়ে যাব এভাবেই কালের গর্ভে,
উৎসের বিপরীত স্রোতে আমিও হবো বিলীন।
অথচ কোন না কোন গর্ভ-
জন্মের উৎস হয়ে রয়েই যাবে চিরকাল।
সৃষ্টির হাত বদলে আমিই শুধু বদলে যাব অন্য মানবে-
এক নয়, একাধিক মানব শিশুতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

