আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,
তোমার পথের বাঁকে;
তুমি আসবে যদি জানতে পারে-
শিউলি বোঁটায় শিশির মেখে,
স্বপ্ন ছবি আঁকে।
আমার ইচ্ছেরা সব নাচতে থাকে,
তোমার কথাই ভেবে;
বৃষ্টি তালে রিমিঝিমিয়ে ছন্দে নূপুর বাজে-
গানে গানে তুমি আমার,
মন ভরিয়ে দেবে।
আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,
নিত্য সদাই সুখে;
কাঁশবনে ঐ শরৎ রোদে আঁচল তোমার ওড়ে-
ব্যাকুল হৃদয় আকাশ ছোঁবার,
স্বপ্ন শুধুই দেখে।
আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,
তুমি আছো বলে;
কষ্টগুলো মেঘের মতো হাওয়ায় ভেসে চলে-
বরফ হয়ে পাহাড়চূড়ায়,
নীরবে যায় গলে।
আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,
তোমার চোখের পাতায়;
তোমায় নিয়ে স্বপ্ন দেখে, তোমায় নিয়ে বাঁচে-
ঘুম ভাঙ্গলেই হাত বাড়িয়ে,
তোমায় কাছে চায়।
ছবিঃ নিজের তোলা
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


