আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ভালবাসার স্রোত

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪

শেয়ারঃ
0 0 0

ভালবাসার স্রোত

ব্যস্ত শহরে আজ ব্যস্ত জীবন। ব্যস্ত তুমি, ব্যস্ত আমি। আজ কত বছর হলো বিশুদ্ধ কোন ভোরকে দেখিনা, যেমনটা দেখতাম সেই পদ্মার পাড়ে দাঁড়িয়ে। ভোরের ঝলমলে আলো মনে তেমন কোন উচ্ছাস জাগায়না। কতদিন কুসুম কুসুম নরম আলোয় আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যাওয়া হয়না। কতদিন বুক ভরে নেয়া হয়না ভোরের সজীব বাতাস। এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরের দ্রুতলয়ের জীবন সঙ্গীতে তাল মেলাতে মেলাতে নিজেই কেমন বেসুরো হয়ে গেলাম। কতকিছু যেন হারিয়ে গেল ছোট্ট এই জীবন থেকে। ছোট ছোট কত সুখের প্রহর হাত গলে বেরিয়ে গেল এই শহরের অগুণিত মানুষের ভীড়ে। কত আনন্দধারা ফাঁকি দিয়ে বয়ে গেল অজানা সব মোহনায়। যা হারিয়ে গেল তা আর পাওয়া হলোনা একান্ত নিজের করে। সেইসব না পাওয়ার কষ্ট অনেক সময় মাথা চাড়া দিয়ে ওঠে। প্রবল অভিমান এসে এলোমেলো করে দিয়ে যায় হৃৎপিন্ডের সরল জমিন।

এই জীবনে অজস্র মানুষের সাথে কথা বলা হলো। অনেক হৃদয়ের সাথে হলো মানবিক আদান প্রদান। মনের বাঁধন, মনের ভাঙ্গন, মনের সাথে মনের মেলামেশা হলো কতবার কতজনের সাথে। আজ কোথায় যেন হারিয়ে গেল তারা? হৃদয়ের সম্পর্ক থিতু হতে না হতেই এক এক করে অনেকেই বেছে নিল যার যার পথ। আমি শুধু লক্ষ্যহীন গন্তব্যে একা। নির্বিকার চিত্তে দাড়িঁয়ে দেখলাম সকলের আগমন প্রস্থান। কত প্রিয়জন, কত প্রিয় মানুষ, কত প্রিয় বন্ধু-স্বজন হাসি মুখে এলো আর কত চোখের জল বইয়ে দিয়ে চলেও গেল এই জীবন থেকে। শুধু চেয়ে চেয়ে দেখলাম আর ভাবলাম আমাকেও একদিন যেতে হবে। এই জীবন ধারাপাতে তার কোন হিসেব লেখা নেই। হিসেব রাখতে মন চায়নি কখনো। এইসব বিদায়বেলায়, এইসব অঘোষিত চলে যাওয়ায় কতবার ভেঙ্গে গেল বুকের নরম পাঁজর, কতবার বিচ্ছেদের নোনা জলে সিক্ত হলো হৃদয়ের দুকূল- কে রাখে তার হিসেব?

আমাদের যান্ত্রিক জীবনের প্রতি পরতে পরতে মিশে আছে কত দুঃখবোধ তার কোন হিসেব নেই, কোন নথিপত্র নেই- থাকেও না। মনের অতল তলে কেউ কেউ লালন করে সেই দুঃখ আর কষ্টগুলোকে। একলা থাকা কোন নির্জন মুহূর্তে সেই দুঃখ আর কষ্টগুলো নড়েচড়ে বসে। বিষণ্ন স্মৃতিগুলো পর্দা ঠেলে আচমকা উঠে দাঁড়ায়। মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতির সঞ্চয়গুলো একে একে ভেসে ওঠে মনে। মনে রাখা রোগে ভুগতে থাকা মানুষগুলোর হৃদয়ে সেগুলো জেঁকে বসে। তখন সেই মানুষগুলো আরও বেশী একা হয়ে যায়। আরও বেশী নিঃসঙ্গ বোধ করে নিজেকে। এই নিঃসঙ্গতা হয়তোবা কারো কারো কাছে এক ধরণের বিলাস, হতে পারে এক ধরণের অহংকার। আমি স্বপ্ন দেখি একদিন পৃথিবীর প্রতিটি মানুষ ভালবাসা নিয়ে অহংকারী হবে। যে মানুষ ভালবাসতে জানে, যে মানুষ ভালবাসা পেতে জানে, তারাই হবে সেই অহংকারের বিচারে শ্রেষ্ঠ মানুষ। মানুষের যত ভালবাসা চিরকালই মানুষের জন্যই খরচ হয়ে যাবে। আর যা কিছু সঞ্চয় তা’ও ভালবাসা হিসেবেই টিকে থাকবে। মানুষের হৃদয়ে যে ভালবাসা তা বহমান নদীর মতই কখনো এই কূল ভাঙ্গবেতো আরেক কূল গড়বে। মানবিকতা হবে এই নদীর অব্যাহত ধারা। আমি সেই ধারায় প্রবাহিত হতে চাই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮
ফেরারী পাখি বলেছেন: ভালোবাসার নদীতে মানবিকতা হোক অব্যহত ধারা। +++++
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: আমিও সেটাই কামনা করি। শুভ কামনা রইলো।

২. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৯
সহেলী বলেছেন: আপনার স্বপ্ন যদি সত্যি হোত !

হয় না , না হতে হতে একদিন না হওয়াটাই বাস্তব হয়ে যায় ;
আমরা ভুলে থাকবার ভান করি -- কি যেন হবার কথা ছিল !


০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: এই জীবনে স্বপ্ন পূরণ না হলে আরেক জীবনের জন্য অপেক্ষা করবো। একদিন না একদিন মানুষের সব স্বপ্নই পূরণ হবে- হতে পারে তার জন্য অনাদিকাল অপেক্ষা- হয়তোবা কয়েক আলোকবর্ষ।

শুভ কামনা রইলো।

৩. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪০
মানবী বলেছেন: চমৎকার প্রকাশ!!!


মনছুঁয়ে যাওয়া পোস্টটির জন্য ধন্যবাদ কালপুরুষ।

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ মানবী।

আপনার মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই। ভাল থাকুন। শুভ কামনা রইলো।

৪. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
জুল ভার্ন বলেছেন: বাদশা ভাই, এমন সুন্দর লেখা অনেক দিন পর পড়ে আবেগে আপ্লুত হয়েছি! অন্তর থেকে প্রার্থনা করি-আপনার লালিত স্বপ্নগুলো যেন একদিন সত্যি হয়ে আমাদের মানব জনম স্বার্থক করে।

সামহোয়ার কর্তিপপক্ষ যদি শুধু মাত্র আপনার আজকের লেখার জন্য অনেকগুলো প্লাস দেবার ব্যবস্থা করতেন-তাহলে আমার ভান্ডারের সব প্লাস আজ আপনাকেই দিতাম!

আবারো আপনি আমার প্রিয়তে......
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: আপনি আমাকে খুব বেশী ভালবাসেন, অনেক বেশী শ্রদ্ধা করেন তাই সবসময়ই আমি আপনার কাছে প্রিয় হয়েই আছি। আর সেই প্রিয় মানুষগুলো আমার কাছেও তেমনি প্রিয়। এমন সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

৫. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:০২
তাজা কলম বলেছেন: ভোরের ঝলমলে আলো মনে তেমন কোন উচ্ছাস জাগায়না। কতদিন কুসুম কুসুম নরম আলোয় আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যাওয়া হয়না। কতদিন বুক ভরে নেয়া হয়না ভোরের সজীব বাতাস। এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরের দ্রুতলয়ের জীবন সঙ্গীতে তাল মেলাতে মেলাতে নিজেই কেমন বেসুরো হয়ে গেলাম

এ যান্ত্রিক জীবনে, ব্যতিব্যস্ত সময়ে তোমার-আমার-সবার মনের গহিনে গুমরে কাঁদা কথাগুলোর শৈল্পিক উপস্থাপনা হৃদয় ছুয়েঁ গেল। নন্দিত কবি কালপুরুষই পারেন এমনটি করে! ভালো লাগলো ভাই ।
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: এমন চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনারই প্রাপ‌্য। ধন্যবাদ।

৬. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫
বড় বিলাই বলেছেন: এক কূল ভাঙবে আরেক কূল গড়বে, এটার ব্যাখ্যাটা কী ভাইয়া? বুঝিয়ে বলবেন? ;)
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: মানুষে মানুষে ভুল বুঝাবুঝির কারণে একদিকে যেমন সম্পর্কের অবনতি হচ্ছে বা ভালবাসায় ফাটল বা চিড় ধরছে তেমনি আবার মানুষ মানুষে পরিচয়ের মাধ্যমে নিত্য নতুন সম্পর্কের সৃষ্ট হচ্ছে। মানুষের সান্নিধ্যে এসে মানুষ নতুন করে ভালবাসা, প্রেম বা আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়ছে। এভাবেই ভালবাসা যেমন একদিকে ভাঙ্গছে আবার একদিকে গড়ছে।

৭. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২
হীরণ্ময় বলেছেন: আমি বিষণ্ন থাকতে থাকতে উচ্ছাস প্রকাশ করতে ভূলে গেছি । এটা সেবি বিষণ্নতায় নতুন মাত্রা যোগ করলো ।
আপনাকে - ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ -
৮. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩
হীরণ্ময় বলেছেন: আমি বিষণ্ন থাকতে থাকতে উচ্ছাস প্রকাশ করতে ভূলে গেছি । এটা সে বিষণ্নতায় নতুন মাত্রা যোগ করলো ।
আপনাকে - ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ -
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৯
মিআমি বলেছেন: আপনার অর্থবহুল লেখা থেকে জীবনে অনেক কিছু শেখা যায়।ভাল থাকবেন।
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।

১০. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৫
সোহানা মাহবুব বলেছেন: আমাদের যান্ত্রিক জীবনের প্রতি পরতে পরতে মিশে আছে কত দুঃখবোধ তার কোন হিসেব নেই, কোন নথিপত্র নেই- থাকেও না। মনের অতল তলে কেউ কেউ লালন করে সেই দুঃখ আর কষ্টগুলোকে। একলা থাকা কোন নির্জন মুহূর্তে সেই দুঃখ আর কষ্টগুলো নড়েচড়ে বসে। বিষণ্ন স্মৃতিগুলো পর্দা ঠেলে আচমকা উঠে দাঁড়ায়। মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতির সঞ্চয়গুলো একে একে ভেসে ওঠে মনে ।

কথাগুলো খুব সত্য দাদা।
শুভকামনা জানবেন।
+++
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ধন্যবাদ রাজকন্যা। তোমার জন্যেও শুভ কামনা রইলো।

১২. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:৫২
সামছা আকিদা জাহান বলেছেন:

হায়রে রাজধানী পাষানকায়া!

বিরাট মুঠিতলে চাপিছে দৃঢ়বলে
ব্যাকূল বালিকারে, নাহিকো মায়া।

কোথা সে খোলা মাঠ উদার পথ ঘাট-
পাখির গান কই বনের ছায়া।

যান্ত্রিক জীবন থেকে মাঝে মাঝে ছুটি নেন দেখবেন হারানো দিনগুলি ফিরে আসবে।।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ইচ্ছে আছে রোজার পরেই দল বেঁধে ছুটি কাটাতে আসবো তোমার ঐ স্বপ্নপুরীতে। ভয়ঙ্কর সুন্দরের দেখা মিললেতো কোন কথাই নেই। শীত ছাড়াই কাঁপতে লেগে যাবো।

শুভ কামনা রইলো।

১৩. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোবাসার স্রোত............
ভাবলেই তো মন কেমন করে.......।

খুব মন কেমন করা লেখা।
ভালো লেগেছে.........
শুভেচ্ছা রাশি রাশি।
১৪. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:৪০
কালপুরুষ বলেছেন: তোমার জন্যেও শুভ কামনা রইলো।
১৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:০১
পারভেজ বলেছেন: খুব গুছিয়ে এভাবে প্রকাশ করতে পারাটা; সেটা চাইছেন বলেই সম্ভব হয়েছে। শুভকামনা।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইলো।

১৬. ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পড়ে মনের ভেতর এক ধরণের হাহাকার বাজছে।
চমৎকার লেখা !
++++++++++++++++++++++++++++++++++++++++++
১৮. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
জনৈক আরাফাত বলেছেন: দারুন লাগলো লেখাটা। প্রিয়তে নিলাম কী?
১৯. ২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৩
প্রিয়স্রোত বলেছেন:
আই লাভ স্রোত।
প্রিয় ও ভালোবাসাময় স্রোত।
প্রিয়তে..............+

 

মোট সময় লেগেছে ১.০১১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই