শুধু আমি চাই বলে
শুধু আমি চাই বলে-
তুমি এতোটা নিঃস্ব হতে পারো, কখনো ভাবিনি।
আমার চলার পথে ফুল বিছিয়েছিলে গোপনে,
আমি সেই পথে একবারও হাঁটিনি,
মাড়িয়ে যেতে পারিনি একটিও ফুল।
আমি অন্যপথে হেঁটে গেছি চুপিসারে,
তুমি কখনো তা টের পাওনি।
শুধু আমি চাই বলে-
নিজেকে কাঙ্গালিনী করে রেখেছিলে চিরকাল,
অথচ আমার অহংকারের কাছে
একবারও হাত পেতে দাঁড়াওনি;
তোমার ভালবাসার ফুল সবই
শুকিয়ে গেছে পথের ধূলোয়,
আমি ভুল ঠিকানায় খুঁজেছি তোমায়।
শুধু আমি চাই বলে-
তুমি ঘন কুয়াশার রাতে,
জোনাকি হয়ে আলো জ্বেলেছিলে নির্জন পথে।
আমি শিশিরের পরশ নিতে,
নগ্ন পায়ে হেঁটেছিলাম সেই পথ ধরে।
কাঁটার আঘাতে রক্তাক্ত হয়ে অবশেষে-
কিছু পদচিহ্ন জমা রেখে গেছি তোমার উঠোনে।
শুধু আমি চাই বলে-
শ্রাবণের মেঘে কোন বিষাদের কান্না ছিলনা,
আকাশের গায়ে ছিল তারার দীপালী।
তুমি মুখের হাসিতে উল্কার দীপ্তি ছড়িয়ে-
কষ্ট সবই ভাসিয়ে দিয়েছিল জোছনার প্লাবনে;
সেই প্রথম, আমি নবান্নের উৎসব দেখেছিলাম
তোমার দু’চোখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



